বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৮ এম
বাংলাদেশের পেসার ইবাদত হোসেনকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে অনুষ্ঠিত প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ঘটনার ফলে তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে এই ঘটনা ঘটে। ওই সময় ইবাদত ব্যাটারের দিকে অনুপযুক্ত ও সম্ভাব্য বিপজ্জনকভাবে বল ছুড়ে মারেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের এই পেসার খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক ব্যক্তিদের আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে অনুপযুক্ত বা বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার বিষয়টি নিষিদ্ধ।
ইবাদত তাঁর অপরাধ স্বীকার করে আইসিসির দেওয়া শাস্তি গ্রহণ করেছেন। এর ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসি আরও জানিয়েছে, গত ২৪ মাসের মধ্যে ইবাদতের এটি প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। জরিমানার পাশাপাশি তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হাইকোর্ট চট্টগ্রাম ছাত্রদল নেতা সাইফুলকে গুলি করার ঘটনায় পা হারানোর মামলায় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের ডিভিশন বেঞ্চ রিটের শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। গতকাল বুধবার সাংবাদিকদের কাছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোকন উজজামান সুজা মঙ্গলবারের আদেশের তথ্য জানান। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আমীনূর রহমান শেখ।
সরকারপক্ষের কৌঁসুলি জানান, ক্রসফায়ারের নামে সাইফুলকে তুলে নিয়ে গুলি করে তাকে চিরকাল পঙ্গু করে ফেলা হয়েছিল। পাঁচ বছর পর সেই ঘটনার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
২০২১ সালে চট্টগ্রামে ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে গুলি করে স্থায়ীভাবে পঙ্গু করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এই নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে অতিরিক্ত বলপ্রয়োগ করে তার শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি করার ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।
পিটিশনের তথ্য অনুযায়ী, সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। ২০২১ সালের ১৬ জুন সকালে বায়েজিদ বোস্তামি থানা এলাকার একটি হোটেল থেকে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা প্রাইভেটকারে করে তাকে তুলে নিয়ে যান।
অ্যাডভোকেট আমীনূর রহমান শেখ জানান, ঘটনার পরদিন (১৭ জুন) রাত ১টার দিকে অজ্ঞাত স্থানে নিয়ে সাইফুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার বাম পায়ের হাঁটুতে পরপর দুটি গুলি করা হয়। পরে অস্ত্র আইনের একটি মামলায় পুলিশ তাকে বায়েজিদ থানায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
তিনি আরও বলেন, গুলির ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়। একটি অঙ্গ হারানোর ফলে তার স্বাভাবিক জীবনযাপনের বাস্তবতা বদলে যায়। কর্মক্ষমতা হারিয়ে তিনি স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন। যে ক্ষতি কোনো অর্থেই পূরণ হওয়ার নয়, সেই ক্ষতির বিচার ও প্রতিকার চেয়েই আদালতের দ্বারস্থ হন তিনি। অস্ত্র আইনের ওই মামলায় গত ৯ এপ্রিল বিশেষ ট্রাইব্যুনাল তাকে খালাস দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৮০ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এসব কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন হয়েছে পর্যাপ্ত জামানত ছাড়াই। সফটওয়্যার কারসাজির মাধ্যমে পাঁচ হাজার ৯০০ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এস আলম গ্রুপের প্রতিষ্ঠানে এসব টাকা স্থানান্তর করে সিঙ্গাপুরে পাচার করা হয়েছে। ইসলামী ব্যাংকের সিংহভাগ শেয়ারের মালিকানা নেওয়ার উদ্দেশ্যে এসব নানাবিধ জালিয়াতি করা হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে ব্যাংকটির ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ ছিল গ্রুপটির। পরে অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালে এস আলম গ্রুপের সংশ্লিষ্ট পুরো শেয়ার আদালত জব্দ করেছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের প্রায় ৭৭ শতাংশ (৭৬ দশমিক ৯৭ শতাংশ) শেয়ারের সাথে এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে। ২২টি প্রক্সি শেয়ারধারী ও প্রতিষ্ঠানের মাধ্যমে এসব শেয়ার রাখা হয়েছিল। দুটি বিদেশি প্রতিষ্ঠানের চার দশমিক ৯৫ শতাংশ শেয়ার যুক্ত করে মালিকানার পরিমাণ দাঁড়ায় ৮১ দশমিক ৯২ শতাংশ।
২০২৪ সালের আগষ্টে আদালতের নির্দেশে ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে এই শেয়ারগুলো জব্দ করা হয়েছে। এর মধ্যে বিএটি ওয়েলথ ম্যানেজমেন্টের নামে ইসলামী ব্যাংকের চার দশমিক ৯৫ শতাংশ শেয়ারও জব্দের আওতায় ছিল। বর্তমানে তা জব্দ করা আছে।
জানা গেছে, দুবাইভিত্তিক প্রতিষ্ঠান বিএটি ওয়েলথ ম্যানেজমেন্টের নামে ইসলামী ব্যাংকের চার দশমিক ৯৫ শতাংশ শেয়ার কেনার অর্থ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের হিসাব থেকে এসেছে। ২০২৩ সালে কয়েক দফায় সাত কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৭৭৮টি শেয়ার কেনা হয়। প্রতিটি শেয়ারের দাম ছিল ৩২ টাকা ৬০ পয়সা। যার মোট মূল্য ছিল প্রায় ২৬০ কোটি টাকা।
২০২৩ সালের শেষ দিকে বিএটি ওয়েলথ ম্যানেজমেন্টের নাম পরিবর্তন করে বিএটি ফাইন্যান্স লিমিটেড করা হয়। প্রতিষ্ঠানটির নথিতে ইসলামী ব্যাংকের চার দশমিক ৯৫ শতাংশ শেয়ার দেখানো হয়। এই শেয়ারের ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধি মনোনয়নের সুযোগ পায় বিএটি ফাইন্যান্স। ২০২৩ সালের ৩০ অক্টোবর দুবাইয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় ইউসিফ আবদুল্লাহ আল-রাজিকে ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে একই দিন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান আহসানুল আলমকে চিঠিও দেওয়া হয়। আহসানুল আলম ছিলেন এস আলমের ছেলে। ২০২৩ সালের ১৯ জুন তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মনোনীত ইউসিফ আবদুল্লাহ আল-রাজি এর আগে সউদী প্রতিষ্ঠান আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের প্রতিনিধি হিসেবে ব্যাংকটির পরিচালনা পর্ষদে ছিলেন ও ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন।
২০২৬ সালের ৩১ মে তারিখের বিএটি ফাইন্যান্সের একটি পোর্টফোলিও প্রতিবেদনেও সাইফুল আলম ও ফারজানা পারভীনের নামে ওই হিসাবের অস্তিত্ব পাওয়া গেছে। সেখানে ইসলামী ব্যাংকের সাত কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৭৭৮টি শেয়ারের উল্লেখ রয়েছে। প্রতিটি শেয়ারের ক্রয়মূল্য দেখানো হয়েছে ৩২ টাকা ৬০ পয়সা হিসাবে। সে হিসাবে শেয়ারগুলোর মূল্য প্রায় ২৬০ কোটি টাকা। বিএটির ওই সময়ের প্রতিবেদনে শেয়ারগুলোর ডলারে মূল্য দেখানো হয়েছে দুই কোটি ১১ লাখ ৮০ হাজার ডলার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা এক মামলায় গ্রেফতার হওয়া সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম হিরু সহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত এবং ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। গতকাল সন্ধ্যায় শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল মতিন আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসায় অভিযান চালিয়ে এসআরবি তাকে গ্রেফতার করে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল হাতে মিছিল বের করে। তারা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মিছিল থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল, একটি ব্যানার এবং ৭০টি কালো মুখোশ জব্দ করা হয়। ওই ঘটনায় বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী মামলাটি দায়ের করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় বাজেটে বিভিন্ন ধরনের আর্থিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের কল্যাণ, শিক্ষা ও সুরক্ষায় বিনিয়োগ সুরক্ষিত এবং সম্প্রসারিত করার জন্য এশিয়ার সরকারগুলোর প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহ্দী আমিন। গতকাল বুধবার থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত এক উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময় তিনি এই আহ্বান জানান।
‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক সংলাপে মাহ্দী আমিন শিশুদের উন্নয়নে টেকসই ও কার্যকর অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা খাতে বিনিয়োগ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় করা ব্যয় সাধারণ খরচ নয়; বরং এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের জন্য সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ। অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও বিকাশের পথ সংকুচিত করা উচিত নয়।
তিনি আরও বলেন, এশিয়ার ভবিষ্যৎ গঠনের কেন্দ্রে শিশুদের রেখেই প্রতিটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা আবশ্যক। একটি বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও আত্মমর্যাদাশীল সমাজ বিনির্মাণের জন্য আজকের শিশুদের মেধা ও মননের সঠিক বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। তাই কেবল স্বল্পমেয়াদি হিসাব-নিকাশ নয়, বরং একটি টেকসই ও মানবিক আগামী গড়ার লক্ষ্যে শিশুদের জন্য সুনির্দিষ্ট ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
মাহ্দী আমিন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি বক্তব্য দেন। এতে সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের চিফ প্রোগ্রাম ডেলিভারি অ্যান্ড ইমপ্যাক্ট অফিসার গ্যাব্রিয়েলা ওয়াইজম্যান। সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক আরশাদ মালিক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের উপপ্রধান নির্বাহী ও চিফ স্ট্র্যাটেজি অফিসার প্যাট্রিক হেইডেন।
জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কীভাবে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় টেকসই অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
আঞ্চলিক এই সংলাপে এশিয়ার বিভিন্ন দেশের সরকারি নীতিনির্ধারক, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান, বেসরকারি খাতের অংশীদার এবং শিশু অধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় টেকসই অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংলাপে আরও বক্তব্য দেন নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত রেলিন সিয়ালে তাগালোয়া লিউফালানি, ইন্টার পার্লামেন্টারি স্পিকারস কনফারেন্সের মহাসচিব ও প্রতিনিধিদলের প্রধান এক নাথ ঢাকাল, থাইল্যান্ডে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ই.এ.এস. বিজয়ন্তী এদিরিসিংহে, নেপালের শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী সস্মিত পোখরেল, চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্টার ফর চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডপশনের পরিচালক নি চুনশিয়া এবং থাইল্যান্ডে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারি প্রাবোও।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ