বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:২৩ এম
অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ২০১৮ সালের কেপটাউন টেস্টে ঘটে যাওয়া স্যান্ডপেপার-কাণ্ড সম্পর্কে নতুন করে মন্তব্য করেছেন। তার মতে, বল বিকৃতির বিষয়টি শুধু তিনি, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার জানতেন না, বরং দক্ষিণ আফ্রিকা সফরের সময় পুরো দলই এ সম্পর্কে অবগত ছিল।
ব্যানক্রফট অভিযোগ করেছেন যে, দলের বোলারদের সঙ্গে বলের অবস্থা ও রিভার্স সুইং নিয়ে নিয়মিত আলোচনা হতো। এমনকি প্রধান কোচ ও বোলিং কোচের উপস্থিতিতেও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।
তিনি বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত একটি লেখায় এসব দাবি করেছেন। ব্যানক্রফট জানিয়েছেন, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তের সময় তিনি পুরো সত্য প্রকাশ করেননি। দলের অন্যদের জড়ানো এড়াতে তিনি বল বিকৃতি কখন শুরু হয়েছিল, কত দিন চলেছিল এবং কারা এতে জড়িত ছিল এসব তথ্য গোপন রেখেছিলেন।
তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ব্যানক্রফট। সংবাদ সম্মেলনে কামিন্স দাবি করেছিলেন, কেপটাউনে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি কিংবা দলের অন্য বোলাররা কিছুই জানতেন না।
কামিন্সের বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্যানক্রফট লিখেছেন, ‘এতে আমি ক্ষুব্ধ, প্রতারিত ও একা বোধ করেছি। দক্ষিণ আফ্রিকা সফরে আমি যা দেখেছি, অনুভব করেছি এবং যার মধ্য দিয়ে গেছি, কামিন্সের সংবাদ সম্মেলনের বক্তব্য তার সঙ্গে মেলে না।’
ব্যানক্রফটের দাবি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের সঙ্গে বলের রিভার্স সুইং নিয়ে নিয়মিত আলোচনা হতো। প্রধান কোচ ড্যারেন লেম্যান ও বোলিং কোচ ডেভিড সাকারের উপস্থিতিতেও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।
ব্যানক্রফট দাবি করেছেন যে, স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব প্রথম ডেভিড ওয়ার্নার দিয়েছিলেন। তবে ক্যামেরার নজরে থাকার কারণে নিজে এই কাজ করতে চাননি ওয়ার্নার। শেষ পর্যন্ত কেপটাউন টেস্টে বল বিকৃতির সময় ক্যামেরায় ধরা পড়েন ব্যানক্রফট।
এই ঘটনায় ব্যানক্রফটকে ৯ মাস এবং স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাস করে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিজের ক্যারিয়ারের ক্ষতির কথাও তুলে ধরেছেন ব্যানক্রফট। তার ভাষায়, ‘আমার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ২০১৯ সালে জাস্টিন ল্যাঙ্গার কোচ থাকার পর থেকে দেশের হয়ে আর খেলতে পারিনি। তবে অসম্পূর্ণ একটি সত্যকে আড়াল করে রাখা এখন সত্য বলার চেয়ে বেশি ক্ষতিকর মনে হচ্ছে।’
এদিকে ব্যানক্রফটের নতুন বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটি জানিয়েছে, ২০১৮ সালের ঘটনা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনার জন্য গঠিত ফোরামের কার্যক্রম শিগগিরই শুরু হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন, পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এই সাক্ষাৎ বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের দপ্তরে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ স্থাপন, অভিবাসন ও গতিশীলতা সংক্রান্ত সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রেকর্ড পরিমাণ আয় ঘোষণা করার পরও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করতে সক্ষম হচ্ছে না। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম গত অক্টোবর থেকে প্রায় ৪০ শতাংশ কমে গেছে। পাশাপাশি, বেশ কিছু ব্রোকারেজ প্রতিষ্ঠান শেয়ারের লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে এনভিডিয়ার ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে নতুন প্রশ্ন সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এনডিটিভি প্রফিটের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এনভিডিয়ার শেয়ারের লক্ষ্যমাত্রা সবচেয়ে বেশি কমিয়েছে পাইপার স্যান্ডলার। প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা ৩০০ ডলার থেকে ২৩০ ডলারে নামিয়ে এনেছে, যা ২৩ দশমিক ৩ শতাংশের একটি হ্রাস।
এছাড়া, জেফরিস ও ওয়েলস ফার্গো এনভিডিয়ার শেয়ারের লক্ষ্যমাত্রা ৩০০ ডলার থেকে ২৫০ ডলারে কমিয়েছে। ইউবিএস তাদের লক্ষ্যমাত্রা ২৪০ ডলার থেকে ২২০ ডলারে নামিয়ে এনেছে। মরগান স্ট্যানলি সামান্য হ্রাস করে ২৬৭ ডলার থেকে ২৬০ ডলারে নামিয়েছে।
তবে, সব ব্রোকারেজ প্রতিষ্ঠান নেতিবাচক অবস্থান গ্রহণ করেনি। জেপি মরগান এনভিডিয়ার শেয়ারের লক্ষ্যমাত্রা ২১৫ ডলার থেকে বাড়িয়ে ২৩০ ডলারে উন্নীত করেছে। অন্যদিকে, ব্যাংক অব আমেরিকা শেয়ার কেনার পরামর্শ বজায় রেখে লক্ষ্যমাত্রা ২৮০ ডলারে রেখেছে।
এনভিডিয়ার শেয়ারের লক্ষ্যমাত্রা কমানোর ঘটনা ঘটেছে প্রতিষ্ঠানটির রেকর্ড আয় ঘোষণার পরও। ২০২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার হয়েছে, যা বিশ্লেষকদের ১০৯ দশমিক ৩ বিলিয়ন ডলারের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১০৩ শতাংশ।
প্রতিষ্ঠানটি জানায়, আগামী চতুর্থ প্রান্তিকে তাদের আয় ১৩০ বিলিয়ন ডলার হতে পারে, যেখানে ৩ শতাংশ কমবেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল প্রায় ১২৫ বিলিয়ন ডলার। তবে, আর্থিক ফল প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। লেনদেনের নিয়মিত সময়ের বাইরে শেয়ারটির দাম শুরুতে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৪০ শতাংশ কমেছে। ২০২৫ সালের জুনের পর শেয়ারটি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অর্থাৎ, বিনিয়োগকারীরা এখন শুধু প্রতিষ্ঠানের আয় বা মুনাফা নয়, ভবিষ্যৎ প্রবৃদ্ধির স্থায়িত্ব নিয়েও উদ্বিগ্ন।
এ উদ্বেগের একটি বড় কারণ হলো প্রতিষ্ঠানটির নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা। এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোনস জানিয়েছেন, জেনসেন হুয়াংকে আবার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই। স্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা খুঁজে বের করার দায়িত্ব নিয়োগ প্রতিষ্ঠান হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলসকে দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বে কে আসবেন, তা এখনও স্পষ্ট নয়।
চীনের বাজারেও অনিশ্চয়তা বিদ্যমান। যুক্তরাষ্ট্রের রপ্তানি বিধিনিষেধ ও নিয়ন্ত্রক সংস্থার নজরদারির কারণে দেশটিতে এনভিডিয়ার ব্যবসা বাধার সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী প্রান্তিকের আয়ের পূর্বাভাসে চীন থেকে তথ্যকেন্দ্রের কম্পিউটিং পণ্যের কোনো আয় ধরেনি।
এছাড়া, গ্রাহকদের তথ্যকেন্দ্র নির্মাণে জমি, বিদ্যুৎ ও অবকাঠামো পেতে সহায়তা করছে এনভিডিয়া। নির্বাচিত কিছু গ্রাহককে অবকাঠামো তৈরিতে সহায়তা এবং পণ্য কেনার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির বিষয়টি নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব উদ্যোগের ফলে গ্রাহকদের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলে এনভিডিয়ার ওপরও ঝুঁকি বাড়তে পারে।
এআই খাতে বিপুল বিনিয়োগ কতদিন অব্যাহত থাকবে, সেটিও বিনিয়োগকারীদের জন্য একটি বড় প্রশ্ন। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বর্তমানে এআই অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করছে। তবে, এই বিনিয়োগের গতি ভবিষ্যতেও একই থাকবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এনভিডিয়ার চিপের চাহিদা এখনও বেশি থাকলেও, গ্রাহকেরা দীর্ঘ মেয়াদে একই হারে বিনিয়োগ চালিয়ে যেতে পারবেন কিনা, তা স্পষ্ট নয়।
এনভিডিয়ার তৃতীয় প্রান্তিকে তথ্যকেন্দ্র খাত থেকে আয় হয়েছে ১০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১০ শতাংশ বেশি। নন-জিএএপি হিসাব অনুযায়ী, শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ৬৮ ডলার এবং মোট মুনাফার হার ছিল ৭৪ দশমিক ৯ শতাংশ। প্রতিষ্ঠানটির আর্থিক ফল ও পূর্বাভাস শক্তিশালী হলেও, নেতৃত্ব, চীনের বাজার, গ্রাহকদের আর্থিক ঝুঁকি এবং এআই খাতে বিনিয়োগের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ শেয়ারটির ওপর চাপ তৈরি করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাঙামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ২০ মামলার পলাতক আসামি হিসেবে চিহ্নিত মাদক কারবারি মো. জসিম উদ্দিন এবং ১০ মামলার পলাতক আসামি মো. হাসেম উদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মো. জসিম উদ্দিন (৪৯) রাঙামাটি শহরের রূপনগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অন্যদিকে, কাঁঠালতলী এলাকার বাসিন্দা মো. হাসেম উদ্দিন (৪৩) ১০টি মামলার পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। তাদের হেফাজত থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ইমরান হোসেন ওরফে নাজির এবং নাজমুল সরদারকে আটক করা হয়। এছাড়া, মাদক কারবারের অভিযোগে মো. কামাল হোসেনকে এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদেরও আটক করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৩ জন, লালবাগ বিভাগ থেকে ৫৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯১ জন, মিরপুর বিভাগ থেকে ১০৩ জন, গুলশান বিভাগ থেকে ৬৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪৬ জন, এসআরইউ থেকে ৭ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশী মদ, একটি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
আকতার হোসেন জানান, বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ