প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাইকোর্ট চট্টগ্রাম ছাত্রদল নেতা সাইফুলকে গুলি করার ঘটনায় পা হারানোর মামলায় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের ডিভিশন বেঞ্চ রিটের শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। গতকাল বুধবার সাংবাদিকদের কাছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোকন উজজামান সুজা মঙ্গলবারের আদেশের তথ্য জানান। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আমীনূর রহমান শেখ।
সরকারপক্ষের কৌঁসুলি জানান, ক্রসফায়ারের নামে সাইফুলকে তুলে নিয়ে গুলি করে তাকে চিরকাল পঙ্গু করে ফেলা হয়েছিল। পাঁচ বছর পর সেই ঘটনার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
২০২১ সালে চট্টগ্রামে ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে গুলি করে স্থায়ীভাবে পঙ্গু করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এই নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে অতিরিক্ত বলপ্রয়োগ করে তার শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি করার ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।
পিটিশনের তথ্য অনুযায়ী, সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। ২০২১ সালের ১৬ জুন সকালে বায়েজিদ বোস্তামি থানা এলাকার একটি হোটেল থেকে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা প্রাইভেটকারে করে তাকে তুলে নিয়ে যান।
অ্যাডভোকেট আমীনূর রহমান শেখ জানান, ঘটনার পরদিন (১৭ জুন) রাত ১টার দিকে অজ্ঞাত স্থানে নিয়ে সাইফুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার বাম পায়ের হাঁটুতে পরপর দুটি গুলি করা হয়। পরে অস্ত্র আইনের একটি মামলায় পুলিশ তাকে বায়েজিদ থানায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
তিনি আরও বলেন, গুলির ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়। একটি অঙ্গ হারানোর ফলে তার স্বাভাবিক জীবনযাপনের বাস্তবতা বদলে যায়। কর্মক্ষমতা হারিয়ে তিনি স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন। যে ক্ষতি কোনো অর্থেই পূরণ হওয়ার নয়, সেই ক্ষতির বিচার ও প্রতিকার চেয়েই আদালতের দ্বারস্থ হন তিনি। অস্ত্র আইনের ওই মামলায় গত ৯ এপ্রিল বিশেষ ট্রাইব্যুনাল তাকে খালাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন