মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৯ পি.এম
জয়পুরহাটে শীতের আমেজ শুরু হয়েছে। আকাশ হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। ভোরের সোনালি রোদ এবং কুয়াশার লুকোচুরি, হিমেল বাতাসের সঙ্গে মিলিত হয়ে শীতের আগমনী বার্তার কথা জানাচ্ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন ফসলের মাঠ, গ্রামীণ সড়ক ও জনপদে কুয়াশার আবছায়া দৃশ্যমান হয়েছে।
সকালের ঠাণ্ডা হাওয়া এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশে সন্ধ্যা নামলে পাড়া-মহল্লায় ভাপা-পুলি ও বিভিন্ন পিঠা তৈরির কাজে মৌসুমি ব্যবসায়ীদের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। ভোরের কুয়াশা, ঠাণ্ডা হাওয়া এবং পিঠা-পুলির জমজমাট আয়োজন শীতকালের আগমনী বার্তার আভাস দিচ্ছে। বিশেষ করে গ্রামীণ জনপদে শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে। কৃষক-শ্রমিকরা সকালে গরম কাপড়ে আচ্ছাদিত হয়ে ফসলের মাঠে কাজ করছেন। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে রোদ উঠলেও সন্ধ্যার পর হিমেল বাতাসে ঠান্ডার প্রকোপ বাড়ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পেতে পারে।
ঋতু পরিবর্তনের এই সময়ে শীতজনিত রোগবালাই থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন জয়পুরহাট ৪০০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল।
তিনি মন্তব্য করেন, ‘ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে দিনে গরম এবং রাত ও ভোরে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এ সময় আবহাওয়ার তারতম্যের কারণে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে’। তাই তিনি সকলকে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি খোলা ও বাসি খাবার পরিহার, বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা এক নোটিসে এ সিদ্ধান্ত জানানো হয়।
গতকাল সোমবার তৃতীয় সভাটি হওয়ার কথা ছিল, যেখানে মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব উত্থাপন করার কথা ছিল। তবে ‘অনিবার্য কারণবশত’ সকালে হঠাৎ বৈঠকটি স্থগিত করা হয়। শ্রমিক নেতাদের অভিযোগ, সরকার ও মালিকপক্ষ মিলে ‘কূটকৌশল’ করে সময়ক্ষেপণ করছে। অন্যদিকে, মালিকপক্ষ এ অভিযোগ নাকচ করে জানিয়েছে, তারা মজুরি ঘোষণার বিষয়ে আন্তরিক এবং দ্রুত বৈঠকে বসে নিজেদের প্রস্তাব পেশ করতে আগ্রহী।
এর আগে, ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। সেদিন মালিকপক্ষ প্রস্তুতির জন্য চার কার্যদিবস সময় চেয়ে নিলে ১৬ নভেম্বর (সোমবার) সভার দিন ঠিক করা হয়েছিল।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাম্প্রতিক সময়ে ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে ব্যাপক শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে, ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন করে সরকার। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরে যান।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বরে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : ব্রাজিলের আমাজন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের ঘটনা—এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।
এএফপি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের উপরিভাগের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি করে। এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ঘটে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের এল নিনো রেকর্ডের সবচেয়ে শক্তিশালী হতে পারে এবং আগামী ডিসেম্বর মাসে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
ব্রাজিলে জরুরি অবস্থা
ব্রাজিলের পারা রাজ্যে তীব্র খরার কারণে আমাজন অববাহিকায় শত শত দাবানলের ঘটনা ঘটেছে, যার ফলে গত বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে রাজ্যটিতে ৫ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে, যা ২০২৫ সালের পুরো নভেম্বর মাসে সংঘটিত দাবানলের সংখ্যা প্রায় সমান।
জরুরি অবস্থার আওতায় আমাজন অঞ্চলে চারণভূমি তৈরির জন্য আগুন দিয়ে বন ও জমি পরিষ্কার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বন আমাজন বৈশ্বিক উষ্ণায়ন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া, নভেম্বরের শুরুতে এল নিনোর প্রভাবে বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা ৯০ লাখের বেশি মানুষের নিরাপত্তা বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণা করে পেরু।
আইভরি কোস্টে কোকো উৎপাদন কমার আশঙ্কা
বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে চলতি বছরের এল নিনোর প্রভাবে কোকো উৎপাদন এক-চতুর্থাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদেরা।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, পানির ঘাটতি এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে কোকো উৎপাদন ২১ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এল নিনোর প্রভাবে দেশটিতে বৃষ্টিপাত ১০ থেকে ২৭ শতাংশ কমতে পারে। তাপমাত্রা বৃদ্ধি ও শুষ্ক মৌসুমের দীর্ঘায়িত হওয়ার ফলে কোকোর অপরিপক্ব ফল সময়ের আগেই শুকিয়ে যেতে পারে এবং গাছের পাতা ঝরে পড়তে পারে। এতে কৃষকদের বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
এল নিনো নিয়ে আবহাওয়াবিজ্ঞানীদের পর্যবেক্ষণ
জলবায়ু পরিবর্তন এবং মানুষের কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক পরিবেশের ধ্বংসের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হয়ে চলতি বছর ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের সৃষ্টি করেছে বলে গবেষকেরা জানিয়েছেন।
বিশ্ব আবহাওয়া বিশ্লেষণকারী গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ)-এর বিজ্ঞানীদের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে চরম বৃষ্টিপাতের ঘাটতির জন্য প্রধানত এল নিনো দায়ী।
গবেষকেরা জানান, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন এ ধরনের আবহাওয়াগত পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রায় তিন গুণ বাড়িয়ে দিয়েছে।
তাদের মতে, বন উজাড়, কৃষিজমি তৈরির জন্য পিটভূমির পানি নিষ্কাশন, খননকাজ এবং কাঠ আহরণও ভয়াবহ দাবানলের অন্যতম কারণ।
স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণকারী সংস্থা নুসান্তারা অ্যাটলাসের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় প্রায় ২৯ লাখ হেক্টর (৭১ লাখ একর) বনভূমি দাবানলে পুড়ে গেছে।
এখন ব্যবস্থা নিলে ব্যয় অর্ধেক কমবে
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান শুক্রবার বলেছেন, এল নিনোর ভয়াবহ প্রভাব মোকাবিলায় এখনই পদক্ষেপ গ্রহণ করলে পরে ব্যবস্থা নেওয়ার তুলনায় খরচ অর্ধেক কম হবে।
সংস্থাটির প্রধান আলেকজান্ডার ডি ক্রু বলেন, ‘এল নিনোর প্রভাব মোকাবিলায় এখনই ব্যবস্থা নিলে প্রয়োজন হবে ৩৬ বিলিয়ন ডলার। আর এখন ব্যবস্থা না নিলে এই ব্যয় বেড়ে ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে।’
তুরস্কে জাতিসংঘের জলবায়ু আলোচনার এক ফাঁকে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হলো—এল নিনো এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে কীভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে মানুষের জীবন, কৃষি উৎপাদন এবং অবকাঠামো রক্ষা করা সম্ভব।
খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, চলতি বছরের এল নিনোর কারণে সৃষ্ট খরা এবং বন্যায় এমন অনেক দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যেগুলো আগে থেকেই তীব্র খাদ্যসংকটে ভুগছে।
সংস্থাটির চিহ্নিত সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ২২টি দেশের অর্ধেকেরও বেশি আফ্রিকায় অবস্থিত। বাকি দেশগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে ছড়িয়ে রয়েছে।
এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এএফপিকে বলেন, ‘জলবায়ুগত বিপর্যয় যখন আগে থেকেই বিদ্যমান দুর্বলতার সঙ্গে যুক্ত হয়, তখনই সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়।’
তিনি আরও বলেন, ‘যেসব দেশ ইতোমধ্যেই সংঘাত, অর্থনৈতিক সংকট, উচ্চ ঋণের বোঝা কিংবা কৃষি উপকরণের সীমিত প্রাপ্যতার সমস্যায় রয়েছে, সেখানে এল নিনো খাদ্যব্যবস্থাকে আরও দুর্বল করে দিতে পারে।’
তাঁর মতে, এর ফলে আরও বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারেন।
তোরেরো বলেন, খাদ্যপণ্য এবং গবাদিপশু রক্ষা এবং পানির সরবরাহ নিশ্চিত করতে এল নিনোর সম্ভাব্য প্রভাব আগেভাগে মোকাবিলা করা জরুরি। তা না হলে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার মাত্রা আরও বেড়ে গেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে রাশিয়ার হামলার পরদিন, ইউক্রেন আবারও হামলা চালিয়েছে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযুক্ত কের্চ সেতুতে। এই হামলার ফলে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, কিয়েভের বিভিন্ন স্থানে রুশ হামলায় বিদ্যুৎ অবকাঠামো, পানি ও তাপ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ক্রিমিয়ায় রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ মঙ্গলবার জানান, ইউক্রেনীয় বাহিনী কের্চ সেতুতে হামলা করেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে, সোমবার, ইউক্রেনের একটি ড্রোন সেতুটির একটি খিলানে আঘাত হানে। সেতুটি ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়া ক্রিমিয়া উপদ্বীপের স্থল যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সামরিক দিক থেকে সেতুটি তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। কিয়েভ এর আগেও অন্তত দুবার সেতুটির ধ্বংসের চেষ্টা করেছে।
সোমবার রাতে রুশ বাহিনী কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতুতে হামলা চালায়। ইউক্রেনের রাজধানীর মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে হামলা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় পানি ও গরম পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে।
সোমবার মধ্যরাতের কিছু আগে, টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এসব তথ্য জানান। এর কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। হামলার পর শহরে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, যা মার্কিন বিনিয়োগের বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে। এই তথ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রকাশ করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকা সফরকালে সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছেন।
মাহদী আমিন আরও বলেন, জ্বালানি, প্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে মার্কিন বিনিয়োগের পরিমাণ বাড়বে। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরো বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের ফলে বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশে ও বিদেশে নাশকতা চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষে সব শক্তি ঐক্যবদ্ধ হলে সকল বাধা অতিক্রম করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ