০৬:০৩ পি.এম
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি যুক্তরাজ্য পার্লামেন্টে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকে সিপিএ-এর সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জাতীয় সংসদ সচিবালয় থেকে রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানানো হয়। বৈঠকে সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো। তিনি উল্লেখ করেন যে, এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দেশের পররাষ্ট্র ও সংসদীয় নীতির অবস্থান তুলে ধরে চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ন রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ জাতীয় সংসদ।
বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ সময় সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকের শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন