মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২৯ পি.এম
নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের উত্তর দুর্গাপুর ক্যাম্পের মোড় থেকে চকব্দল গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি এখন আর কেবল একটি রাস্তা নয়। এটি স্থানীয় কয়েক হাজার মানুষের জন্য এক বছরেরও বেশি সময় ধরে এক অবর্ণনীয় দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কাগজে-কলমে উন্নয়নের ছোঁয়া লাগলেও, কাজের দীর্ঘসূত্রিতা ও অপরিকল্পিত বাস্তবায়নের কারণে এই সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। আসন্ন ধান কাটার মৌসুমের আগে এই মরণফাঁদ সদৃশ রাস্তাটি কৃষকদের চিন্তার ভাঁজ ফেলেছে।
অনুসন্ধানে জানা গেছে, উত্তর দুর্গাপুর ক্যাম্পের মোড় থেকে চকব্দল পর্যন্ত দুই কিলোমিটার এই সড়কে ইটের সলিংয়ের কাজ দায়সারাভাবে শেষ করা হলেও, এর পরবর্তী বা চূড়ান্ত ধাপ অর্থাৎ কার্পেটিং ও পাকাকরণের কাজ রহস্যজনক কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়হীনতার খেসারত সাধারণ পথচারী, শিক্ষার্থী ও এলাকার খেটে খাওয়া মানুষদের দিতে হচ্ছে।
স্থানীয় সিএনজি ও ভ্যানচালকরা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য বৃষ্টিতেই ইটের সলিং দেবে গিয়ে রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। বড় বড় গর্তে আটকে প্রায়ই উল্টে যায় যাত্রীবাহী যানবাহন। চালকদের মতে, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথে গাড়ি চালাতে গিয়ে মেরামতের পেছনেই আয়ের বড় অংশ চলে যাচ্ছে।
কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কিন্তু আসন্ন বোরো ও আমন ধান কাটার মৌসুম সামনে রেখে কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে। কৃষকরা জানান, ফসল ঘরে তোলার এই মৌসুমে যদি রাস্তাটি চলাচলের উপযোগী করা না হয়, তবে উৎপাদিত ধান নির্ধারিত সময়ে হাটে-বাজারে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে।
ক্ষুব্ধ এক কৃষক বলেন, “মাঠে সোনালী ধান পেকে আসছে, কিন্তু বাড়ি পর্যন্ত গাড়ি আসার উপায় নেই। কাঁদা পেরিয়ে মাথায় করে বা অতিরিক্ত ভাড়ায় ধান বাজারে নিতে গেলে আমাদের উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাবে। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ব।”
স্থানীয় শিক্ষার্থীরা জানান, স্কুল-কলেজে যাতায়াতের সময় এই দুই কিলোমিটার রাস্তা পার হওয়া তাদের জন্য এক দুঃস্বপ্ন। বিশেষ করে বর্ষা বা সামান্য বৃষ্টিতে হাঁটুসমান কাদা পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হয়। অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে কোমলমতি শিশুরা কাপড় নষ্ট করে বাড়ি ফিরে আসে। বৃদ্ধ ও রোগীদের জরুরি চিকিৎসাসেবার জন্য হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই সড়কটি এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
রাস্তাটির বেহাল দশা এবং কাজ অসম্পূর্ণ থাকার বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় ধামইরহাট উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নূর নবী খানের সঙ্গে। তিনি দায় এড়ানোর সুরে জানান, রাস্তাটির অসমাপ্ত কাজের বিষয়টি তাদের দপ্তরের নজরে রয়েছে।
ঠিকাদারের গাফিলতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। কাজটি যেন দ্রæত শেষ হয়, বর্তমানে সেই প্রক্রিয়া চলমান রয়েছে।” তবে সুনির্দিষ্ট কত দিনের মধ্যে কাজ শেষ হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি।
এলাকাবাসীর জোর দাবি, উন্নয়নের নামে জনদুর্ভোগের এই দীর্ঘসূত্রিতা সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। দ্রæততম সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি খতিয়ে দেখে এবং কার্পেটিং বা পাকাকরণের অসম্পূর্ণ কাজ শেষ করে রাস্তাটিকে সম্পূর্ণ চলাচলের উপযোগী করার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও কৃষকরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার নয়া নগর গ্রামের একটি আম গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলাল উদ্দিন ওই গ্রামের মো. মিনহাজ উদ্দিনের পুত্র। তিনি সাহেব বাজার এলাকায় একটি মুড়ি ভাজার কারখানার মালিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক চাপে ভুগছিলেন আলাল উদ্দিন। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী মো: ওসমান হাদীর। গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চ সংগঠনের এই নেতাকে গুলিবিদ্ধ করে আহত করা হয়েছিল। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। হাদীর হত্যার পর থেকে মধ্যরাতে সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস সংঘটিত হয়েছে।
গণতান্ত্রিক অধিকার কমিটি অবিলম্বে হাদী হত্যার বিচারের দাবি জানাচ্ছে এবং একইসাথে তার হত্যার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে সারাদেশে সংঘটিত পরিকল্পিত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের চিহ্নিত ও বিচারের দাবি করছে। গণমাধ্যমের সূত্রে জানা যায়, মধ্যরাতে একটি চিহ্নিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেশের দুইটি গণমাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার, ভাঙচুর করেছে এবং সাংবাদিকদের ভবনে বন্দী রেখে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ডেইলি স্টারের অফিসে সাংবাদিক সহযোদ্ধাদের সুরক্ষা দিতে যাওয়ার সময় নিউ এইজ সম্পাদক নূরুল কবীরের উপর হামলা করা হয়।
এছাড়া, এই গোষ্ঠী ছায়ানট ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। অন্যদিকে, ময়মনসিংহ ভালুকাতে পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে ‘ধর্ম নিয়ে কটুক্তি’ করার অভিযোগে ‘তৌহিদী জনতা’ পিটিয়ে হত্যা করে এবং তার মরদেহ আগুনে পুড়িয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। এসব ঘটনার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চরম নিষ্ক্রিয়তা ও গাফিলতি স্পষ্ট হয়ে উঠেছে।
হাদীর হত্যার সাথে জড়িতদের ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এবং তদন্তে কালক্ষেপণ করা হচ্ছে। অন্যদিকে, হাদীর হত্যার ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা মোকাবেলায় অন্তর্বর্তী সরকার ব্যর্থতার নিদর্শন দেখিয়েছে। জননিরাপত্তা দিতে সম্পূর্ণ অপারগ ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব থেকে অপসারণের দাবি জানানো হচ্ছে।
গণতান্ত্রিক অধিকার কমিটি বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী শ্রমিক হত্যা, আদিবাসী হত্যা, বাউল-মাজারের উপর হামলা, চিহ্নিত হামলাকারীদের বিচারের আওতায় না আনা এবং মব সন্ত্রাসকে উপদেষ্টাদের পক্ষ থেকে ‘প্রেসার গ্রুপ’ হিসেবে বৈধতা দেওয়ার মাধ্যমে দেশে প্রতিক্রিয়াশীল সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করা হয়েছে। হাদীর হত্যা এবং গতকাল দেশব্যাপী চরম নৈরাজ্য ও আতঙ্কের ঘটনাগুলো এরই ধারাবাহিকতা।
গণতান্ত্রিক অধিকার কমিটি জনগণের ন্যুনতম গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকারের বারবার ব্যর্থতার কথা তুলে ধরছে। নাগরিক যখন তার অধিকার নিয়ে কথা বলেন, তখন পুলিশী নিপীড়ন করা হচ্ছে একই ফ্যাসিবাদী কায়দায়, অথচ চিহ্নিত সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার ক্ষেত্রে তাঁদের শৈথিল্য পরোক্ষভাবে সন্ত্রাসী কার্যক্রমের প্রতি সমর্থনকে প্রমাণ করে। গণতান্ত্রিক অধিকার কমিটি হাদীর পরিকল্পিত হত্যাসহ দেশজুড়ে সংঘটিত নব্য ফ্যাসিবাদী ও প্রতিক্রিয়াশীল পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য গণতন্ত্রমনা জনগণের সকল অংশের প্রতি আহ্বান জানাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান জানিয়েছেন, আন্দোলন চলবে যতদিন না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার সম্পন্ন হচ্ছে।
রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত আধিপত্যবাদ বিরোধী সমাবেশে শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টায় তিনি এ মন্তব্য করেন।
গণঅধিকার পরিষদের সেক্রেটারি বলেন, “হাদিকে শহীদ করা হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা হাদির হত্যাকারীদের বিচারের আগ পর্যন্ত আন্দোলন বন্ধ করব না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি জানাতে চাই, হত্যাকারীদের বিচার না হলে আপনি চেয়ারে থাকতে পারবেন না। হাদির মৃত্যুর মাধ্যমে আপনি আপনার চেয়ার বসার যোগ্যতা হারিয়েছেন।”
এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, যারা হাদি ভাইকে শহীদ করে থামাতে চেয়েছিল, তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে জানাতে চাই, এই আন্দোলন থেমে যাবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন আমরা অব্যাহত রাখব। আমরা স্লোগান দিই হৃদয়ে ধারণ করে।
‘হাদি ভাইয়েরা শাহাদাতের মাধ্যমে সারাদেশে প্রমাণ করেছে যে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের স্থান এদেশে হবে না। আমরা মনে করি দেশের গোয়েন্দা বাহিনীতে ভারতের চর রয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের আশা প্রতিফলিত হবে’-যোগ করেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এই তথ্য প্রদান করেন।
গত কয়েক দিনের তুলনায় বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, আজ তাকে একটি চিকিৎসা-সংক্রান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, যা তিনি সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। চিকিৎসকেরা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।
এছাড়া, তিনি আরও জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে খালেদা জিয়া সিসিইউ একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন।
দেশবাসীর কাছে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ