প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী মো: ওসমান হাদীর। গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চ সংগঠনের এই নেতাকে গুলিবিদ্ধ করে আহত করা হয়েছিল। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। হাদীর হত্যার পর থেকে মধ্যরাতে সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস সংঘটিত হয়েছে।
গণতান্ত্রিক অধিকার কমিটি অবিলম্বে হাদী হত্যার বিচারের দাবি জানাচ্ছে এবং একইসাথে তার হত্যার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে সারাদেশে সংঘটিত পরিকল্পিত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের চিহ্নিত ও বিচারের দাবি করছে। গণমাধ্যমের সূত্রে জানা যায়, মধ্যরাতে একটি চিহ্নিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেশের দুইটি গণমাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার, ভাঙচুর করেছে এবং সাংবাদিকদের ভবনে বন্দী রেখে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ডেইলি স্টারের অফিসে সাংবাদিক সহযোদ্ধাদের সুরক্ষা দিতে যাওয়ার সময় নিউ এইজ সম্পাদক নূরুল কবীরের উপর হামলা করা হয়।
এছাড়া, এই গোষ্ঠী ছায়ানট ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। অন্যদিকে, ময়মনসিংহ ভালুকাতে পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে ‘ধর্ম নিয়ে কটুক্তি’ করার অভিযোগে ‘তৌহিদী জনতা’ পিটিয়ে হত্যা করে এবং তার মরদেহ আগুনে পুড়িয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। এসব ঘটনার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চরম নিষ্ক্রিয়তা ও গাফিলতি স্পষ্ট হয়ে উঠেছে।
হাদীর হত্যার সাথে জড়িতদের ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এবং তদন্তে কালক্ষেপণ করা হচ্ছে। অন্যদিকে, হাদীর হত্যার ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা মোকাবেলায় অন্তর্বর্তী সরকার ব্যর্থতার নিদর্শন দেখিয়েছে। জননিরাপত্তা দিতে সম্পূর্ণ অপারগ ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব থেকে অপসারণের দাবি জানানো হচ্ছে।
গণতান্ত্রিক অধিকার কমিটি বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী শ্রমিক হত্যা, আদিবাসী হত্যা, বাউল-মাজারের উপর হামলা, চিহ্নিত হামলাকারীদের বিচারের আওতায় না আনা এবং মব সন্ত্রাসকে উপদেষ্টাদের পক্ষ থেকে ‘প্রেসার গ্রুপ’ হিসেবে বৈধতা দেওয়ার মাধ্যমে দেশে প্রতিক্রিয়াশীল সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করা হয়েছে। হাদীর হত্যা এবং গতকাল দেশব্যাপী চরম নৈরাজ্য ও আতঙ্কের ঘটনাগুলো এরই ধারাবাহিকতা।
গণতান্ত্রিক অধিকার কমিটি জনগণের ন্যুনতম গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকারের বারবার ব্যর্থতার কথা তুলে ধরছে। নাগরিক যখন তার অধিকার নিয়ে কথা বলেন, তখন পুলিশী নিপীড়ন করা হচ্ছে একই ফ্যাসিবাদী কায়দায়, অথচ চিহ্নিত সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার ক্ষেত্রে তাঁদের শৈথিল্য পরোক্ষভাবে সন্ত্রাসী কার্যক্রমের প্রতি সমর্থনকে প্রমাণ করে। গণতান্ত্রিক অধিকার কমিটি হাদীর পরিকল্পিত হত্যাসহ দেশজুড়ে সংঘটিত নব্য ফ্যাসিবাদী ও প্রতিক্রিয়াশীল পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য গণতন্ত্রমনা জনগণের সকল অংশের প্রতি আহ্বান জানাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন