ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি আশা টোকিওর


প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি আশা টোকিওর

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার, দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা জোরদারের আশা করছে টোকিও। বিশেষভাবে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর জাপান গুরুত্ব দিচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটিতে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২০ অক্টোবর দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেয়।

সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন বলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন।

আরও পড়ুন: এআইয়ের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্যের আরও অর্থ বরাদ্দের ঘোষণা

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাপান সফরকে স্বাগত জানিয়ে ঢাকায় জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ বাসসের এক প্রশ্নের জবাবে জানিয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে তারা আশা করছে।

জাপান মনে করে, এ সফর আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে দুই দেশ তাদের অভিন্ন অগ্রাধিকারগুলো পুনর্ব্যক্ত করতে পারবে। বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিয়েও আলোচনা করতে পারবে।

অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ বলেছে, নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগকারীদের মনোভাবের উন্নতি হচ্ছে। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকেও জাপান বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন। এছাড়া তিনি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের সুযোগ, বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতা নিয়েও আলোচনা করবেন।

আরও পড়ুন: ইতালির রোম ও মিলানে বিক্ষোভের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা

প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক রয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে।

সফরের সম্ভাব্য কর্মসূচিতে চিবা প্রিফেকচারের ফুতসু শহরের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়া শহরে টয়োটার একটি কারখানা পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে।

সফরে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ওলেশকিতে মঙ্গলবার রাত ১টা থেকে যুদ্ধবিরতি পালন করবে ইউক্রেনের সেনাবাহিনী

পররাষ্ট্রসচিব জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই কিংবা সহযোগিতার বিষয়ে ঘোষণা আসতে পারে।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার অনুযায়ী বাংলাদেশে কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

দ্বিপক্ষীয় অর্থনৈতিক বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান এবং জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, সফরটি বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসায়িক আস্থা বাড়ানো এবং ভবিষ্যতের অর্থনৈতিক উদ্যোগগুলোর জন্য শক্ত ভিত্তি গড়ে তোলার উপায় নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুন: ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকরে মেলানিয়ার মধ্যস্থতা

জাপান একই সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও অঙ্গীকারের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে। দেশটির মতে, আলোচনায় অভিন্ন অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সেগুলোর বাস্তব সুফল নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি। চলমান সহযোগিতার ক্ষেত্রগুলোতে দৃশ্যমান অগ্রগতিকে স্বাগত জানিয়ে জাপান বলেছে, বিদ্যমান উদ্যোগগুলোতে বাস্তব উন্নতি ব্যবসায়িক আস্থা বাড়াতে এবং নতুন বিনিয়োগ উৎসাহিত করতে সহায়ক হবে।

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম প্রধান অংশীদার জাপান। দেশটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ঢাকার মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী এলাকার অবকাঠামো উন্নয়ন জাপানের সহযোগিতায় বাস্তবায়িত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফর ২০২৩ সালে প্রতিষ্ঠিত দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়ন দুই দেশের অভিন্ন অর্থনৈতিক অগ্রাধিকারের কেন্দ্রে থাকবে।

আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের মামলা খারিজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে স্বীকৃতি দিল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে স্বীকৃতি দিল স্পেন

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : স্পেনের সবচেয়ে সম্মানজনক ক্রীড়া পুরস্কার শুক্রবার লিওনেল মেসি পেয়েছেন, যা তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য কাজ করার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।

৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড জুনে প্রিন্সেস অব আস্তারিয়াস ক্রীড়া পুরস্কারের জন্য নির্বাচিত হন।

জুরিবোর্ড তাঁকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে অভিহিত করেছে এবং তাঁর সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তারিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে অনুষ্ঠিত হয়। সেখানে ব্যাগপাইপ ও ঢোলের শব্দের মধ্যে মেসি উপস্থিত হলে, আর্জেন্টিনার ফুটবল জার্সি পরা কয়েক ডজন সমর্থক উল্লাস প্রকাশ করে এবং তাঁর নাম ধরে স্লোগান দেয়।

মেসি আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের কাছ থেকে। পুরস্কারগুলোর নামকরণ তাঁর নামেই করা হয়েছে। পরে প্রিন্সেস লিওনর মেসির ‘অনন্য ক্যারিয়ারের’ প্রশংসা করেন।

লিওনর বলেন, “খেলা বুঝে এবং এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি অসাধারণ বিষয়কেও নিয়মিত ঘটনায় পরিণত করেছেন। একই সঙ্গে ব্যক্তিগত অহংকারের ঊর্ধ্বে উঠে দলগত চেতনার প্রতি শ্রদ্ধা বজায় রেখেছেন।”

মেসি, যিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত, আটটি ব্যালন ডি’অর, একটি বিশ্বকাপ এবং ক্লাব পর্যায়ে অসংখ্য শিরোপা জিতেছেন।

তিনি বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছেন এবং পেপ গার্দিওলা ও লুইস এনরিকের অধীনে স্পেন ও ইউরোপের ফুটবলে আধিপত্য বিস্তার করা দলের সদস্য ছিলেন।

২০২১ সালে কাতালান ক্লাবটি ছাড়ার পর, তিনি ফরাসি জায়ান্ট পিএসজিতে দুই বছর খেলেন। বর্তমানে আর্জেন্টাইন এই অধিনায়ক মেজর লিগ সকার দলের ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

মেসি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, অ্যাসিস্টদাতা এবং সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। চলতি বছরের শুরুতে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর তিনি এই সিদ্ধান্ত নেন।

এর আগে বৃহস্পতিবার, ওভিয়েদোতে শিশুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেসি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কীভাবে হারতে হয় এবং কীভাবে জিততে হয়, তা জানা।” ফুটবলে এই মানসিকতাকে তিনি ‘মৌলিক’ বলে উল্লেখ করেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রিন্সেস অব আস্তারিয়াস পুরস্কার স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর অন্যতম। এই পুরস্কারের সঙ্গে ৫০ হাজার ইউরো (৫৬ হাজার ডলার) অর্থমূল্য দেওয়া হয়।

শিল্পকলা, বিজ্ঞান ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে মানবিক সহাবস্থান, সংহতি এবং বৈশ্বিক সহযোগিতা উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার পুরস্কার গ্রহণ করা অন্য বিজয়ীদের মধ্যে ছিলেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, পথপ্রদর্শক মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং সংগীত তারকা প্যাটি স্মিথ।

এর আগে ক্রীড়া বিভাগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথনে রেকর্ড গড়া এলিউড কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতে নিয়েছে আফগানিস্তান, যা বোলার ও ব্যাটারদের অসাধারণ নৈপুণ্যের ফল। গত রাতে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তান ৭ উইকেটে জিম্বাবুয়েকে পরাজিত করেছে।

লিগ পর্বে বাংলাদেশ একটি ম্যাচও জিততে না পারায় ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৫৫ রানে ৪ উইকেট হারায়। অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল চতুর্থ উইকেটে ৬০ রানের একটি জুটি গড়ে শুরুতে পড়া ধাক্কা সামাল দেন।

৩১ রান করা বার্লকে আউট করে এই জুটি ভাঙেন আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ নবি। এরপর রাজা আর কোনো বড় জুটি গড়তে পারেননি, কারণ তিনি সতীর্থদের সহায়তা পাননি।

তবে ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে দলীয় ১৩৭ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন রাজা। ৮৩ বলে ৬৮ রান করার সময় তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন, পরে স্পিনার রশিদ খানের শিকার হন।

জিম্বাবুয়ে দেড়শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়লেও ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়ে সম্মানজনক পুঁজি এনে দেন। তারা ৪৩.৩ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে। মাসাকাদজা ৮ ও মুজারাবানি অপরাজিত ১৭ রান করেন।

রশিদ ৩টি উইকেট নেন, এবং ফজলহক ফারুকি, বিলাল সামি ও নবি ২টি করে উইকেট নেন।

জবাবে আফগানিস্তান ৫৮ বলে ৬৮ রানের সূচনা করে। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে ৩৬ রান করে ৪টি চার ও ২টি ছক্কা মারার পর বিদায় নেন। তিন নম্বরে নেমে সেদিকুল্লাহ আতাল ৬ রানে আউট হন, ফলে আফগানিস্তান ৮০ রানে দ্বিতীয় উইকেট হারায়।

তবে তৃতীয় উইকেটে ওপেনার ইব্রাহিম জাদরান ও অধিনায়ক রহমত শাহ ১১৬ বলে ৮২ রানের জুটি গড়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন। রহমত ৪৩ রানে আউট হলেও, জাদরান ওয়ানডেতে তার ১২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

দলীয় ১৬২ রানে রহমত ফেরার পর জাদরান ও হাসমতুল্লাহ শাহিদি ৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন। জাদরান ৭০ ও শাহিদি ৭ রানে অপরাজিত থাকেন। নিউম্যান নিয়ামুরি ২টি উইকেট নেন।

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাদরান। টুর্নামেন্টে ৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন রশিদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওলেশকিতে মঙ্গলবার রাত ১টা থেকে যুদ্ধবিরতি পালন করবে ইউক্রেনের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ওলেশকিতে মঙ্গলবার রাত ১টা থেকে যুদ্ধবিরতি পালন করবে ইউক্রেনের সেনাবাহিনী

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইউক্রেনের সামরিক নেতৃত্ব ঘোষণা করেছে যে, মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি পালন করবে দেশের পূর্বাঞ্চলীয় খেরসন অঞ্চলের সংঘাতকবলিত ওলেশকি শহরে।

গ্রিনিচ মান সময় অনুযায়ী, মঙ্গলবার রাত ১টা থেকে কার্যকর হবে এই যুদ্ধবিরতি।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শুক্রবার রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, একই সময় থেকে রুশ বাহিনীও যুদ্ধবিরতি পালন করবে। এর কিছু ঘণ্টা পরে ইউক্রেনের সামরিক নেতৃত্বও তাদের ঘোষণা দেয়।

স্থানীয় সময় অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হবে মঙ্গলবার ভোর ৩টায়।

ইউক্রেনের সামরিক নেতৃত্বের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘খেরসন অঞ্চলের সাময়িকভাবে দখল করা ওলেশকি শহরে মানবিক অভিযান পরিচালনার জন্য ইউক্রেন ২৭ অক্টোবর স্থানীয় সময় ভোর ৩টা থেকে নির্ধারিত এলাকায় যুদ্ধবিরতি কার্যকর করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ওলেশকির বাসিন্দাদের সহায়তা করতে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী সম্ভাব্য সবকিছু করছে। আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।’

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ওলেশকি শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করেছেন।

শহরটিতে বহু মানুষ আটকা পড়েছেন এবং তাদের খাদ্যসংকট ক্রমেই তীব্র হচ্ছে।

তবে রাশিয়া ও ইউক্রেন— কোনো পক্ষের বিবৃতিতে যুদ্ধবিরতি কত দিন স্থায়ী হবে কিংবা ঠিক কোন কোন এলাকা এর আওতায় থাকবে, তা স্পষ্ট করা হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির রোম ও মিলানে বিক্ষোভের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


ইতালির রোম ও মিলানে বিক্ষোভের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : গত সপ্তাহান্তে ঘটে যাওয়া কয়েকটি বিক্ষোভের সহিংস রূপ নেওয়ার পর শনিবার ইতালির রাজধানী রোম ও মিলানসহ আটটি শহরে পরিকল্পিত বিক্ষোভের জন্য ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বাজেট বরাদ্দ কমানো এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিশেষ করে বাসাভাড়া ও জ্বালানির মূল্য নিয়ে শিক্ষার্থী, ট্রাকচালক ও কৃষকদের মধ্যে ধারাবাহিক বিক্ষোভ চলছে। এরই প্রেক্ষিতে নতুন করে এসব কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোমের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভ পর্যবেক্ষণের জন্য ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হবে। পাশাপাশি স্থল ও অনলাইন— উভয় ক্ষেত্রেই ব্যাপক নজরদারি চালানো হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আইন মেনে চলার শর্তে মত প্রকাশের অধিকার, এমনকি ভিন্নমত প্রকাশের অধিকারও সম্পূর্ণভাবে রক্ষা করাই আমাদের লক্ষ্য।’

মিলানে গত সপ্তাহান্তের বিক্ষোভের পর অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এসব সেনা শহরের কেন্দ্রীয় এলাকায় টহল দেবেন। তবে শহর বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মেয়র জুসেপ্পে সালা।

রেডিও লোমবার্দিয়াকে তিনি বলেন, ‘গত সপ্তাহান্তে আমাদের লোকবল যথেষ্ট ছিল না। এবার আমরা শুধু নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর চেষ্টা করব।’

গত সপ্তাহান্তে মিলানের কয়েকটি অভিজাত ফ্যাশনবিষয়ক দোকানে লুটপাটের ঘটনা ঘটে। এরপর কিছু দোকান বন্ধ রাখা হয়, আবার কিছু দোকানের কাচের জানালায় থাকা পণ্যের প্রদর্শনী সরিয়ে নেওয়া হয়। শনিবার দোকানপাট খোলা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সালা।

শুক্রবার তিনি বলেন, ‘আতঙ্ক ছড়িয়ে পড়লে সবকিছু থেমে যায়।’

‘অক্টোবর ১৭ আন্দোলন’ নামে একটি সংগঠন ইতালির আটটি শহরে শনিবার গ্রিনিচ মান সময় অনুযায়ী দুপুর ১টায় বিক্ষোভের ডাক দিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, প্রতিটি শহরে তিনটি করে বিক্ষোভ মিছিল বের হবে। পরে সেগুলো একটি নির্দিষ্ট স্থানে মিলিত হবে। তবে কর্মসূচি শুরুর মাত্র আধা ঘণ্টা আগে মিছিলগুলোর অবস্থান জানানো হবে।

এদিকে ‘অ্যান্টি-ইম্পেরিয়ালিস্ট অ্যাক্সিস’ নামে একটি যুদ্ধবিরোধী আন্দোলনও রোমে পৃথক সমাবেশের আয়োজন করেছে।

বিক্ষোভ নিয়ন্ত্রণে নতুন নিরাপত্তা অধ্যাদেশ

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর ডানপন্থী সরকার চলতি সপ্তাহে একটি নিরাপত্তা অধ্যাদেশ অনুমোদন করেছে। এতে অপ্রাপ্তবয়স্কদের আটকসংক্রান্ত নিয়ম শিথিল করা হয়েছে। পাশাপাশি বিক্ষোভে ‘সহিংসভাবে অংশগ্রহণ’কে অপরাধ হিসেবে গণ্য করার বিধান যুক্ত করা হয়েছে।

বিক্ষোভ চলাকালে সন্তানদের কারণে সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে অভিভাবকদের জরিমানা করার বিধানও রাখা হয়েছে।

শুক্রবার পুলিশ জানিয়েছে, গত সপ্তাহান্তের বিক্ষোভে লুটপাট ও দাঙ্গায় জড়িত থাকার সন্দেহে তারা কয়েক ডজন অভিযান চালিয়েছে।

এদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সংকটে পড়া ট্রাকচালক ও জেলেদের সহায়তায় সরকার বেশ কয়েকটি পদক্ষেপ অনুমোদন করেছে।

দক্ষিণ ইতালিতে জ্বালানি ও খাদ্যসংকট সৃষ্টি করে কয়েক দিন ধরে জনজীবন অচল করে রাখা ট্রাকচালকদের প্রায় সব অবরোধই এখন তুলে নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%