ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন


নওগাঁয় ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নওগাঁ, ২৪ অক্টোবর, ২০২৬ : আজ জেলার সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টায় হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতুলিয়া মোজামের বাড়ির সংলগ্ন এলাকা থেকে চকআবরশ দত্তপাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

১ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্য সড়কটির উন্নয়ন প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ সদর কর্তৃক ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে।

আরও পড়ুন: তিস্তার ভাঙনে কৃষকরা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন

সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ বাসসকে জানান, সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু পরবর্তীতে পর্যায়ক্রমে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা ব্যয়ে ১ হাজার ৩৫ মিটার দূরত্ব ভূতুলিয়া থেকে মাকনা কোমল গোটা সড়ক, ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা ব্যয়ে ১ হাজার মিটার দৈর্ঘ্যের ভবানীনগর ব্রীজ থেকে নামা কূজাগাড়ি গ্রামীণ সড়ক এবং ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা ব্যয়ে ৮শ’ ৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ভীমপুর বাজার থেকে সোনার পড়া গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, নওগাঁ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা এবং সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান বিলাশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকরে মেলানিয়ার মধ্যস্থতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকরে মেলানিয়ার মধ্যস্থতা

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন যে, ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর ওলেশকিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করা হয়েছে।

তিনি শুক্রবার আকস্মিকভাবে এ ঘোষণা দেন।

শহরটিতে বহু মানুষ আটকা পড়েছে এবং খাদ্যসংকট ক্রমেই তীব্র হয়ে উঠছে। এই তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

মেলানিয়ার এই ব্যতিক্রমী কূটনৈতিক উদ্যোগটি এমন এক সময় এসেছে, যখন তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য উদ্যোগী হয়েছেন। তবে সম্প্রতি মস্কোর প্রতি তার নীতিগত অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত কিয়েভের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ৫৬ বছর বয়সী মেলানিয়া ট্রাম্প বলেন, ‘ওলেশকির পরিস্থিতি ভয়াবহ। শহরটি যুদ্ধের সম্মুখসারিতে অবস্থিত ও বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার হস্তক্ষেপ ছাড়া শহরটিতে মানবিক সহায়তা পৌঁছানো ও বয়স্ক ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সুযোগ যে কার্যত অসম্ভব হয়ে পড়ত, তা স্পষ্ট ছিল।’

বিবৃতির মধ্যে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার দখলে থাকা শহরটির বাসিন্দারা যুদ্ধবিরতির আওতায় ইউক্রেন অথবা রাশিয়া— যেকোনো দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন।

এই যুদ্ধবিরতি আগামী ২৯ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

স্লোভেনিয়ায় জন্ম নেওয়া সাবেক মডেল মেলানিয়া ২০২৫ সালের অক্টোবর থেকে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজস্ব কূটনৈতিক উদ্যোগ চালিয়ে আসছেন। ওই সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগের একটি চ্যানেল প্রতিষ্ঠা করেছেন।

মেলানিয়ার দপ্তরের দাবি, যুদ্ধের কারণে মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ৩০টিরও বেশি শিশুকে পরিবারের সঙ্গে পুনর্মিলিত করতে তিনি সহায়তা করেছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।’

তবে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, যুদ্ধবিরতি ২৯ অক্টোবরের পরিবর্তে ২৭ অক্টোবর থেকে শুরু হবে। অর্থাৎ মেলানিয়ার দপ্তরের ঘোষণার দুই দিন আগেই এটি কার্যকর হওয়ার কথা।

গেরাসিমভ খেরসন অঞ্চলে সামরিক অভিযান বন্ধ রাখার বিষয়টিও উল্লেখ করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পও তার স্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ওলেশকিতে যুদ্ধবিরতির উদ্যোগটি মেলানিয়ার নিজের এবং তিনি ‘শিশুদেরকে বাঁচাতে’ চান।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন।

এসব আলোচনায় মেলানিয়া অংশ নিতে পারেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না। তবে এটিকে আমার শোনা সবচেয়ে খারাপ ধারণাও বলা যাবে না।’

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানের ওঠানামার বিষয়টিও তার এই মন্তব্যে প্রতিফলিত হয়েছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আবারও বিরোধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার জেলেনস্কি অভিযোগ করেন, সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংক যোগাযোগসেবার সংস্করণ ব্যবহারে ইউক্রেন এখনও সমস্যার মুখে রয়েছে।

এর এক দিন আগে ট্রাম্প বলেছিলেন, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ওই সেবায় ইউক্রেনের প্রবেশাধিকার পুনরুদ্ধার করেছেন।

হাডসন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে স্টারলিংক ও স্টারশিল্ডের গতিসীমা-সংক্রান্ত বিধিনিষেধ এখনও বহাল রয়েছে।’

তিনি আরও বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করার কথা থাকা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের অপেক্ষায় রয়েছে কিয়েভ।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম শুক্রবার ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে ইউক্রেনের জন্য স্টারলিংক ব্যবহারের পূর্ণ সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে।

এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সমস্যা থেকে গেলে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন।

তার ভাষায়, ‘কোনো সমস্যা থাকলে আমি তা ঠিক করে দেব।’

গত দুই সপ্তাহে ট্রাম্পের নীতিতে আবারও মস্কোর প্রতি ঝোঁকের ইঙ্গিত দেখা গেছে। ইরান যুদ্ধের কারণে বেড়ে যাওয়া তেলের দাম কমানোর আশায় তিনি ডিজেল সরবরাহসংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও স্থগিত করেছেন।

এর বিনিময়ে মস্কো যুক্তরাষ্ট্রের আটক এক নাগরিককে মুক্তি দিয়েছে। এখন মেলানিয়ার উদ্যোগের ক্ষেত্রেও রাশিয়ার সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

মেলানিয়া জানিয়েছেন, ওলেশকি পরিকল্পনা নিয়ে তিনি রাশিয়া ও ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে কাজ করেছেন। মানবিক সহায়তার প্রয়োজন নিরূপণে দুই দেশের বেসামরিক কর্মকর্তারা শহরটি পরিদর্শন করবেন।

তিনি আরও বলেন, ‘যেসব বাসিন্দা শহর ছেড়ে যেতে চান, তাদের পছন্দের গন্তব্যে পৌঁছানোর জন্য সমন্বিত সহায়তা ও পরিবহনের ব্যবস্থা করা হবে। আমার ধারণা, কেউ কেউ রাশিয়ায় যেতে চাইবেন, আবার কেউ ইউক্রেনে যেতে চাইবেন।’

বাসিন্দাদের ইচ্ছার প্রতি সম্মান জানানো হচ্ছে কি না— তা নিশ্চিত করতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে একটি ‘নিরপেক্ষ মার্কিন সংবাদমাধ্যম’ও থাকবে বলে জানান তিনি।

তবে ওই সংবাদমাধ্যমের নাম প্রকাশ করেননি মেলানিয়া।

দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে দিনিপ্রো নদীর দক্ষিণ তীরে অবস্থিত ওলেশকি শহরটি ২০২২ সালে রুশ সেনাদের দখলে যায়। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ২৪ হাজার। বর্তমানে তা কমে আনুমানিক দুই হাজারে দাঁড়িয়েছে।

চলতি মাসের শুরুতে শহরটির সাবেক বাসিন্দারা এএফপিকে জানিয়েছিলেন, রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার মধ্যে পড়ে শহরটির মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। তাদের খাদ্য ও ওষুধের সংকটও দিন দিন বাড়ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি আশা টোকিওর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি আশা টোকিওর

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার, দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা জোরদারের আশা করছে টোকিও। বিশেষভাবে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর জাপান গুরুত্ব দিচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটিতে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২০ অক্টোবর দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেয়।

সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন বলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাপান সফরকে স্বাগত জানিয়ে ঢাকায় জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ বাসসের এক প্রশ্নের জবাবে জানিয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে তারা আশা করছে।

জাপান মনে করে, এ সফর আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে দুই দেশ তাদের অভিন্ন অগ্রাধিকারগুলো পুনর্ব্যক্ত করতে পারবে। বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিয়েও আলোচনা করতে পারবে।

অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ বলেছে, নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগকারীদের মনোভাবের উন্নতি হচ্ছে। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকেও জাপান বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন। এছাড়া তিনি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের সুযোগ, বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতা নিয়েও আলোচনা করবেন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক রয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে।

সফরের সম্ভাব্য কর্মসূচিতে চিবা প্রিফেকচারের ফুতসু শহরের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়া শহরে টয়োটার একটি কারখানা পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে।

সফরে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রসচিব জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই কিংবা সহযোগিতার বিষয়ে ঘোষণা আসতে পারে।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার অনুযায়ী বাংলাদেশে কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

দ্বিপক্ষীয় অর্থনৈতিক বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান এবং জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, সফরটি বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসায়িক আস্থা বাড়ানো এবং ভবিষ্যতের অর্থনৈতিক উদ্যোগগুলোর জন্য শক্ত ভিত্তি গড়ে তোলার উপায় নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

জাপান একই সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও অঙ্গীকারের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে। দেশটির মতে, আলোচনায় অভিন্ন অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সেগুলোর বাস্তব সুফল নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি। চলমান সহযোগিতার ক্ষেত্রগুলোতে দৃশ্যমান অগ্রগতিকে স্বাগত জানিয়ে জাপান বলেছে, বিদ্যমান উদ্যোগগুলোতে বাস্তব উন্নতি ব্যবসায়িক আস্থা বাড়াতে এবং নতুন বিনিয়োগ উৎসাহিত করতে সহায়ক হবে।

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম প্রধান অংশীদার জাপান। দেশটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ঢাকার মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী এলাকার অবকাঠামো উন্নয়ন জাপানের সহযোগিতায় বাস্তবায়িত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফর ২০২৩ সালে প্রতিষ্ঠিত দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়ন দুই দেশের অভিন্ন অর্থনৈতিক অগ্রাধিকারের কেন্দ্রে থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে স্বীকৃতি দিল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে স্বীকৃতি দিল স্পেন

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : স্পেনের সবচেয়ে সম্মানজনক ক্রীড়া পুরস্কার শুক্রবার লিওনেল মেসি পেয়েছেন, যা তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য কাজ করার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।

৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড জুনে প্রিন্সেস অব আস্তারিয়াস ক্রীড়া পুরস্কারের জন্য নির্বাচিত হন।

জুরিবোর্ড তাঁকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে অভিহিত করেছে এবং তাঁর সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তারিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে অনুষ্ঠিত হয়। সেখানে ব্যাগপাইপ ও ঢোলের শব্দের মধ্যে মেসি উপস্থিত হলে, আর্জেন্টিনার ফুটবল জার্সি পরা কয়েক ডজন সমর্থক উল্লাস প্রকাশ করে এবং তাঁর নাম ধরে স্লোগান দেয়।

মেসি আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের কাছ থেকে। পুরস্কারগুলোর নামকরণ তাঁর নামেই করা হয়েছে। পরে প্রিন্সেস লিওনর মেসির ‘অনন্য ক্যারিয়ারের’ প্রশংসা করেন।

লিওনর বলেন, “খেলা বুঝে এবং এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি অসাধারণ বিষয়কেও নিয়মিত ঘটনায় পরিণত করেছেন। একই সঙ্গে ব্যক্তিগত অহংকারের ঊর্ধ্বে উঠে দলগত চেতনার প্রতি শ্রদ্ধা বজায় রেখেছেন।”

মেসি, যিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত, আটটি ব্যালন ডি’অর, একটি বিশ্বকাপ এবং ক্লাব পর্যায়ে অসংখ্য শিরোপা জিতেছেন।

তিনি বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছেন এবং পেপ গার্দিওলা ও লুইস এনরিকের অধীনে স্পেন ও ইউরোপের ফুটবলে আধিপত্য বিস্তার করা দলের সদস্য ছিলেন।

২০২১ সালে কাতালান ক্লাবটি ছাড়ার পর, তিনি ফরাসি জায়ান্ট পিএসজিতে দুই বছর খেলেন। বর্তমানে আর্জেন্টাইন এই অধিনায়ক মেজর লিগ সকার দলের ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

মেসি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, অ্যাসিস্টদাতা এবং সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। চলতি বছরের শুরুতে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর তিনি এই সিদ্ধান্ত নেন।

এর আগে বৃহস্পতিবার, ওভিয়েদোতে শিশুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেসি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কীভাবে হারতে হয় এবং কীভাবে জিততে হয়, তা জানা।” ফুটবলে এই মানসিকতাকে তিনি ‘মৌলিক’ বলে উল্লেখ করেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রিন্সেস অব আস্তারিয়াস পুরস্কার স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর অন্যতম। এই পুরস্কারের সঙ্গে ৫০ হাজার ইউরো (৫৬ হাজার ডলার) অর্থমূল্য দেওয়া হয়।

শিল্পকলা, বিজ্ঞান ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে মানবিক সহাবস্থান, সংহতি এবং বৈশ্বিক সহযোগিতা উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার পুরস্কার গ্রহণ করা অন্য বিজয়ীদের মধ্যে ছিলেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, পথপ্রদর্শক মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং সংগীত তারকা প্যাটি স্মিথ।

এর আগে ক্রীড়া বিভাগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথনে রেকর্ড গড়া এলিউড কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতে নিয়েছে আফগানিস্তান, যা বোলার ও ব্যাটারদের অসাধারণ নৈপুণ্যের ফল। গত রাতে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তান ৭ উইকেটে জিম্বাবুয়েকে পরাজিত করেছে।

লিগ পর্বে বাংলাদেশ একটি ম্যাচও জিততে না পারায় ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৫৫ রানে ৪ উইকেট হারায়। অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল চতুর্থ উইকেটে ৬০ রানের একটি জুটি গড়ে শুরুতে পড়া ধাক্কা সামাল দেন।

৩১ রান করা বার্লকে আউট করে এই জুটি ভাঙেন আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ নবি। এরপর রাজা আর কোনো বড় জুটি গড়তে পারেননি, কারণ তিনি সতীর্থদের সহায়তা পাননি।

তবে ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে দলীয় ১৩৭ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন রাজা। ৮৩ বলে ৬৮ রান করার সময় তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন, পরে স্পিনার রশিদ খানের শিকার হন।

জিম্বাবুয়ে দেড়শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়লেও ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়ে সম্মানজনক পুঁজি এনে দেন। তারা ৪৩.৩ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে। মাসাকাদজা ৮ ও মুজারাবানি অপরাজিত ১৭ রান করেন।

রশিদ ৩টি উইকেট নেন, এবং ফজলহক ফারুকি, বিলাল সামি ও নবি ২টি করে উইকেট নেন।

জবাবে আফগানিস্তান ৫৮ বলে ৬৮ রানের সূচনা করে। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে ৩৬ রান করে ৪টি চার ও ২টি ছক্কা মারার পর বিদায় নেন। তিন নম্বরে নেমে সেদিকুল্লাহ আতাল ৬ রানে আউট হন, ফলে আফগানিস্তান ৮০ রানে দ্বিতীয় উইকেট হারায়।

তবে তৃতীয় উইকেটে ওপেনার ইব্রাহিম জাদরান ও অধিনায়ক রহমত শাহ ১১৬ বলে ৮২ রানের জুটি গড়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন। রহমত ৪৩ রানে আউট হলেও, জাদরান ওয়ানডেতে তার ১২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

দলীয় ১৬২ রানে রহমত ফেরার পর জাদরান ও হাসমতুল্লাহ শাহিদি ৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন। জাদরান ৭০ ও শাহিদি ৭ রানে অপরাজিত থাকেন। নিউম্যান নিয়ামুরি ২টি উইকেট নেন।

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাদরান। টুর্নামেন্টে ৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন রশিদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%