প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : মাইন বিস্ফোরণের কারণে পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনা ইয়েভগেন যুদ্ধের সম্মুখসারিতে দুই দিন ধরে আটকে ছিলেন।
এক পর্যায়ে তিনি বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে তার এক সহযোদ্ধা তাকে জানান, আকাশপথে তার উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। একটি উড়ন্ত ড্রোন তাকে উদ্ধার করতে আসছে।
এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এএফপিকে ইয়েভগেন বলেন, ‘আমি বলেছিলাম, তুমি কি মজা করছ? নাকি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছ?’
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ইয়েভগেন, তবে তার পদবি নিরাপত্তার কারণে প্রকাশ করেনি এএফপি।
তিনি ইউক্রেনের প্রথম দিকের কয়েকজন সেনার মধ্যে একজন, যাদের আকাশপথে চিকিৎসাসেবা ও উদ্ধারের জন্য বিশেষভাবে তৈরি ড্রোন ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের প্রায় পাঁচ বছর পর ড্রোন আধুনিক যুদ্ধের ধরন পরিবর্তন করেছে।
যুদ্ধক্ষেত্রের আকাশ এখন মূলত ড্রোনের নিয়ন্ত্রণে রয়েছে। সম্মুখসারির কয়েক কিলোমিটার এলাকায় ‘কিল জোন’ বা মৃত্যুফাঁদ তৈরি হয়েছে, যেখানে সামান্য নড়াচড়া চোখে পড়লেই দুই পক্ষের ড্রোন থেকে বিস্ফোরক ছুড়ে হামলা চালানো সম্ভব।
এই কারণে, বিপজ্জনক এলাকায় আটকে পড়া আহত সেনাদের স্থলপথে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে ইউক্রেনের ড্রোন নির্মাতারা আহত সেনাদের উদ্ধারের জন্য বিশেষ উড়ন্ত ড্রোন তৈরি করছেন।
ইয়েভগেনকে উদ্ধার করা ড্রোনটির নাম ‘স্টারগেট’। এটি তৈরি করেছে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান স্কাইফল। এখন পর্যন্ত তিনটি উদ্ধার অভিযানে ড্রোনটি ব্যবহার করা হয়েছে।
ড্রোনের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, গভীর রাতে ইয়েভগেন একটি বিশেষ কেবিনে উঠে বসছেন। এটি মূলত উড়ন্ত স্ট্রেচারের মতো, যার ওপর ঢাকনা লাগানো হয়।
যখন তাকে নিয়ে ড্রোনটি ফিরে যাচ্ছিল, তখন ওপর-নিচে সরবরাহ ও নজরদারির কাজে নিয়োজিত অন্যান্য ড্রোন উড়ছিল। রাতের আকাশে চাঁদের আলোয় সেগুলোর অবয়ব দেখা যাচ্ছিল।
ভয় লাগলেও ইয়েভগেন জানান, আর কোনো বিকল্প ছিল না।
কার্বন ফাইবার দিয়ে তৈরি এসব ড্রোন একটি গোপন হ্যাঙ্গারে সংযোজন করা হয়।
ইউক্রেনের কোড ৯.২ অ্যাসল্ট ব্রিগেডের এক কমান্ডারের অনুরোধ থেকেই আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোন তৈরির ধারণা আসে।
নাম প্রকাশ না করার শর্তে স্কাইফলের এক প্রতিনিধি এএফপিকে বলেন, ‘এক বছর পরই আমরা স্টারগেট তৈরি করতে সক্ষম হই।’
এর আগে, বিপজ্জনক অবস্থান থেকে আহত সেনাদের সরিয়ে নিতে ইউক্রেন স্থলভিত্তিক ড্রোন ব্যবহার করত। তবে এসব ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলতে পারে।
নদী, মাইন পাতা এলাকা ও দুর্গম ভূখণ্ড অতিক্রম করা এগুলোর জন্য কঠিন।
প্রতিষ্ঠানটির ওই প্রতিনিধি বলেন, ‘এগুলো সহজেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।’
অন্যদিকে, স্টারগেট ঘণ্টায় ১০৫ কিলোমিটার গতিতে উড়তে পারে। এটি সর্বোচ্চ ১৫০ কেজি ওজন বহন করতে সক্ষম এবং একটানা ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
প্রতিটি ড্রোন তৈরিতে খরচ হয় প্রায় ৫০ হাজার ডলার।
কারখানার ভেতরে একটি দীর্ঘ পথের দুই পাশে কয়েকটি স্টারগেট ড্রোন সাজিয়ে রাখা হয়েছে।
২০২৬ সালের শেষ নাগাদ প্রতি মাসে এক হাজার ড্রোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে স্কাইফল।
কারখানার বাইরে একটি পরীক্ষামূলক উড্ডয়নও চালানো হয়। প্রায় ৪০০ কেজি ওজনের ড্রোনটি বিকট শব্দ তুলে আকাশে উড়ে যায়।
ড্রোনটির নিয়ন্ত্রণে ছিলেন প্রশিক্ষণরত কয়েকজন পাইলট।
ইয়েভগেনকে উদ্ধার করা ড্রোনের পাইলট এএফপিকে বলেন, ‘আমি যখন তাকে ড্রোনে তুলে নিলাম, তখন সবাই একেবারে চুপ হয়ে গেল।’
‘কেভিএন’ কলসাইন ব্যবহারকারী ওই পাইলট আরও বলেন, ‘চারদিকে শুধু নীরবতা। লাইব্রেরির মতো নিস্তব্ধতা। এবার ড্রোনে একজন মানুষ ছিল।’
উড্ডয়নের আগে রাশিয়ার কয়েকটি হামলাকারী ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ায় অভিযান স্থগিত করতে হয়।
দ্বিতীয়বার চেষ্টা করেও অভিযান শুরু করা সম্ভব হয়নি।
তৃতীয়বারের চেষ্টায় অবশেষে ড্রোনটি উড্ডয়ন করে এবং প্রায় ১০০ মিটার উচ্চতায় উঠে যায়।
এ সময় রাশিয়ার ইলেকট্রনিক জ্যামার সাময়িকভাবে পাইলট কেভিএনের সঙ্গে ড্রোনটির যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
কয়েক সেকেন্ড পর ড্রোনের ভেতরে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়। পরে আবার যোগাযোগ স্থাপিত হলে পাইলট নিয়ন্ত্রণ ফিরে পান।
পুরো উদ্ধার অভিযান শেষ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।
নতুন এই প্রযুক্তি নিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী আশাবাদী।
নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা বলেন, ‘এই ব্যবস্থার কার্যকারিতা ভালোভাবে মূল্যায়ন করতে যুদ্ধক্ষেত্রে আরও কিছু অভিযান চালানোর অভিজ্ঞতা প্রয়োজন।’
ড্রোন পাইলট কেভিএনের মতে, এই প্রযুক্তি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রযুক্তির সহায়তায় আহত সেনাদের আবার তাদের পরিবারের কাছে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।
বর্তমানে ধর্মপ্রচারক হিসেবে কাজ করছেন ইয়েভগেন।
ইয়েভগেন বলেন, ‘আমি তাদের বার্তা পাঠিয়ে বোঝানোর চেষ্টা করি, ভয় পাওয়ার কিছু নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন