ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফেনীতে লরির ধাক্কায় নিহত জিপচালক ওয়াজেদ আলী


ফেনীতে লরির ধাক্কায় নিহত জিপচালক ওয়াজেদ আলী

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা জিপগাড়ির চাকা মেরামত করার সময় লরির (লং ভেহিকেল) ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি সোমবার (২৩ নভেম্বর) রাতে ঘটেছে, যখন ওয়াজেদ আলী মধুপুর রাস্তার মাথায় লালপোল বাজারসংলগ্ন মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ির চাকা মেরামত করছিলেন।

নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার পশ্চিম খিলবাড়ির টেক এলাকার জামাল আলী ও সাজু বিবি দম্পতির পুত্র।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকামুখী একটি জিপগাড়ির চাকা পাংচার হয়ে যায়। ওয়াজেদ আলী গাড়িটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে চাকা মেরামত করার সময়, পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি দাঁড়িয়ে থাকা জিপগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় ওয়াজেদ আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর লং ভেহিকেলের চালক পালিয়ে যায়।

আরও পড়ুন: কক্সবাজারের পর্যটনে নতুন সংযোজন আধুনিক রিভার ক্রুজ উদ্বোধন

মহিপাল হাইওয়ে থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে রেকারের মাধ্যমে থানায় নিয়ে আসা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. নুরুল আফছার জানিয়েছেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং লরির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : জার্মানির পশ্চিমাঞ্চলে গ্যাস লিকের কারণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছে দুজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু। সোমবার পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।

এটি ঘটে সীমান্তবর্তী কেল শহরের একটি ফ্ল্যাটে, যা ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের বিপরীতে রাইন নদীর ওপারে অবস্থিত।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

নিকটবর্তী শহর অফেনবুর্গের পুলিশ জানায়, ফ্ল্যাটটি একটি পরিবারের, যাদের মধ্যে কয়েকটি শিশুসন্তানও রয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুরা স্কুলে অনুপস্থিত থাকায় ঘটনার বিষয়টি জানা যায়। পরে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

আঞ্চলিক সংবাদপত্র বাদিশে জাইটুংয়ের দমকল বিভাগের কর্মকর্তা ভিক্টর লিয়ারের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনাস্থলে কার্বন মনোক্সাইডের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

জরুরি বিভাগের কর্মীরা ভবনটির অন্যান্য ফ্ল্যাটগুলোও পরীক্ষা করেন। পুলিশ নিশ্চিত করেছে যে, সেখানে বর্তমানে আর কোনো বিপদের আশঙ্কা নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীর ১৯ বস্তিতে দুই শতাধিক মাদক কারবারি সক্রিয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


টঙ্গীর ১৯ বস্তিতে দুই শতাধিক মাদক কারবারি সক্রিয়

ঢাকার প্রবেশপথ আব্দুল্লাহপুরের সঙ্গে গাজীপুরের টঙ্গীকে সংযুক্ত করেছে তুরাগ নদ। নদীর এক পাশে অবস্থিত ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা, উত্তরখানসহ বিভিন্ন এলাকা। অপরদিকে শিল্পনগরী টঙ্গী। এই অঞ্চলে তুরাগ নদ ঘিরে বর্তমানে মাদকের একটি বড় বাজার গড়ে উঠেছে।

পুলিশ এবং সংশ্লিষ্ট এলাকার কয়েকজন সাধারণ বাসিন্দার সঙ্গে আলোচনা করে জানা যায়, টঙ্গী এবং উত্তরা অঞ্চলে পাইকারি মাদক কারবার চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ঢাকার উত্তরা অঞ্চলে অভিযান চালায়, তখন মাদক কারবারিরা নদী পার হয়ে টঙ্গীতে চলে যায়। আবার টঙ্গীতে অভিযান চালালে তারা উত্তরায় চলে যায়। তবে টঙ্গীতেই মাদকের বড় বাজার গড়ে উঠেছে, যা দেশের বিভিন্ন স্থানে মাদকের জোগানদাতা হিসেবে কাজ করছে।

সূত্র জানায়, পর্যাপ্ত সরকারি পতিত জমি থাকায় শ্রমিক অধ্যুষিত টঙ্গীতে ১৯টি বস্তি গড়ে উঠেছে। এসব বস্তির অধিকাংশ বাসিন্দা মাদক কারবারি, খুন, ছিনতাই ও চুরি-ডাকাতির মতো অপরাধের সঙ্গে জড়িত। দারিদ্র্য সীমার নিচে অবস্থান করায় এসব অপরাধীদের দিয়ে কম খরচে বড় বড় অপরাধ সংঘটন করানো সম্ভব হচ্ছে।

এছাড়া, এসব বস্তিতে দুই ধরনের অপরাধী গ্রুপ সক্রিয় রয়েছে। কিছুটা বেশি বয়সীরা সাধারণ অপরাধ সংঘটন করে থাকে, আর কিশোর বয়সীরা কিশোর গ্যাং গঠন করে দল বেঁধে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিলসহ নানা কাজে এদের সহজেই ব্যবহার করা হয়ে থাকে।

রাজনীতি করেন এমন কয়েকজনের বক্তব্য অনুযায়ী, যে দল ক্ষমতায় থাকে, মাদক কারবারিরা সেই দলের হয়ে যায়। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বার বার অভিযান চালিয়েও কাঙ্খিত সুফল পায় না। সুফল পাওয়ার সম্ভাবনা কম থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও এসব অপরাধে জড়িয়ে পড়ছেন।

টঙ্গী শিল্প এলাকায় অবস্থিত ১৯টি বস্তিতে পাঁচ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে, যাদের শতকরা ৮০ ভাগেরও বেশি বহিরাগত এবং বেকার। দারিদ্র্য সীমার নিচে বসবাস করা এসব মানুষ সহজেই অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক মহাসড়কের কয়েকজন ভাসমান দোকানি জানান, বস্তি ছাড়াও মহাসড়ক, আঞ্চলিক সড়ক, বিভিন্ন শাখা সড়ক এমনকি ফ্লাইওভারের ওপরে ও নিচে প্রকাশ্যে মাদক কারবার ও ছিনতাই চলছে অহরহ। বড় নেতাদের হয়ে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত হয় তারা।

গোয়েন্দাসহ একাধিক সরকারি সংস্থা সূত্রে জানা যায়, টঙ্গীর ১৯ বস্তিতেই মাদকের পাইকারি বাজার রয়েছে। দুই শতাধিক পাইকারি মাদক কারবারি এসব বস্তিতে সক্রিয়। এর মধ্যে ৫০ জনের বেশি মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে মাদক সরবরাহ করেন। এই ৫০ জনের দেখভাল করার জন্য ১০ জনের বেশি রয়েছে শীর্ষ কারবারি। তাদের মতে, সরকার পরিবর্তন হলে শীর্ষ কারবারি পরিবর্তন হয়, তবে সংখ্যায় তেমন পরিবর্তন হয় না। ফলে সব সময়ই এরা সরকারি দলের ছত্রছায়ায় থেকে অপরাধ সংঘটন করে যাচ্ছে।

সূত্রের তথ্য অনুযায়ী, এসব বস্তিতে বেড়ে ওঠা কিশোরদের নিয়ে গঠিত গ্রুপের সংখ্যা ৫০-এর বেশি। প্রত্যেক গ্রুপে ১০ থেকে ২৫ জন কিশোর সদস্য রয়েছে। এই কিশোর গ্যাং প্রকাশ্যেই তাদের মহড়া দেয়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, টঙ্গী বাজার, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, সাতাইশ, গাজীপুরা, এরশাদ নগর, টঙ্গীর পাগার, মিরাশপাড়া, কেরানির টেক, রেলস্টেশন, মরকুন কবরস্থান, মরকুন গোদারা ঘাট, বনমালা, দত্তপাড়া, মোক্তারবাড়ি রোড, গুটিয়াসহ টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মহড়া চলে কিশোর গ্যাংয়ের। সাধারণ মানুষ মহড়া দেখলেও কারো কিছু বলার সাহস নেই।

টঙ্গী স্টেশন রোডের একজন ফল ব্যবসায়ী জানান, সড়কের দুই পাশে ফুটপাতে ও ফ্লাইওভারের নিচে মাদক সেবন করছে। প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি হচ্ছে। মাদক সেবন করতে করতে মাঝে মাঝে রাস্তার পাশে মাদকসেবী মারাও যায়। কিন্তু এসবের প্রতিবাদ করার সাহস নেই আমাদের।

পুলিশ সূত্রে পাওয়া সাম্প্রতিক সময়ের অপরাধ চিত্র বলছে, তুরাগ নদী থেকে লাশ উদ্ধার হওয়া বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তার মৃত্যু ঘিরে টঙ্গীর মাজার বস্তির মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর আগে গত কয়েক বছরে টঙ্গীতে মাদক ও ছিনতাইয়ের শিকার হয়ে খুন হয়েছেন একাধিক ব্যক্তি। এদের মধ্যে ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রসহ নানা শ্রেণি পেশার মানুষ রয়েছেন।

মাদক কারবারের প্রভাব বিস্তার ও মাদকের টাকা ভাগাভাগি নিয়েও একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব অপরাধ দমনে পুলিশ অভিযানও চালাচ্ছে, আবার অপরাধ কর্মকাণ্ডও চলছে সমান তালে। তবে পুলিশের অভিযানে বড় ধরনের কোনো কারবারি গ্রেপ্তার হয়নি এখনো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাদকের মামলা হয় ১৩৭৬টি। এর মধ্যে মাদক কারবারির সংখ্যা ১৪৯৬ জন ও মাদকসেবী ১০৬৬ জন। এই সময়ের মধ্যে ২০টি ছিনতাই মামলায় গ্রেপ্তার হয় ৬৯ জন। ১৩টি ডাকাতি মামলায় ২৯ জন গ্রেপ্তার হয়।

এছাড়া ১০৪টি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হয়েছে ৪৮৬ জন এবং ১৩৭টি অস্ত্র মামলায় গ্রেপ্তার ৫৮১ জন।

জিএমপির উল্লিখিত অপরাধ চিত্র তুলে ধরে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, টঙ্গীর মাজার বস্তির মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেরানির টেকসহ কয়েকটি বস্তিতে অভিযান চালিয়ে অসংখ্য মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত কমিশনারের দাবি, টঙ্গীতে এখন আগের তুলনায় অপরাধ অনেকটা কমে এসেছে। তাদের অভিযান নিয়মিত চলছে। আশা করা হচ্ছে টঙ্গী অপরাধমুক্ত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ঔষধি গ্রামের চাষীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


নাটোরে ঔষধি গ্রামের চাষীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

নাটোর, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলার একমাত্র ঔষধি গ্রামের চাষীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আজ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার কর্মশালার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক উদ্বোধনী বক্তব্যে উল্লেখ করেন, নাটোরের লক্ষীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নে দেশের সর্বাধিক পরিমাণে ভেষজ উদ্ভিদ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত এসব ভেষজ ওষুধ, প্রসাধনী এবং খাদ্যসামগ্রী তৈরিতে ব্যবহৃত হচ্ছে। প্রশাসন ও কৃষি বিভাগ অপার সম্ভাবনাময় ভেষজ উৎপাদনের পরিধি বৃদ্ধি, বিপণন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ উৎপাদন এবং উৎপাদিত ভেষজের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কাজ করে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন। দিনব্যাপী কর্মশালায় ৫০ জন কৃষাণ ও কৃষাণী অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ কর্মশালায় দেশের অর্থনীতিতে ঔষধি উদ্ভিদ চাষের গুরুত্ব, নিরাপদ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল, এসএমই ঋণ, ই-কমার্স, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, সমবায় সমিতি গঠন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ঔষধ ও কসমেটিকস্ আইন, নিরাপদ খাদ্য আইন, ভ্রাম্যমাণ আদালত ইত্যাদি বিষয়ক সেশন পরিচালনা করা হচ্ছে।

এটি উল্লেখযোগ্য যে, নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে পরিচিত। এখানে বছরে ছয়শ’ কোটি টাকা মূল্যমানের প্রায় সাড়ে আঠারো হাজার টন এ্যালোভেরা উৎপাদন হচ্ছে। প্রায় দুই হাজার টন করে শিমুল মূল, অশ্বগন্ধাসহ বিভিন্ন প্রজাতির উৎপাদিত মোট ভেষজের বাৎসরিক বাজার মূল্য অন্তত এক হাজার কোটি টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : এথেন্সের নিকটবর্তী স্পাতা অঞ্চলের আধা-গ্রামীণ জনপদে সূর্য অস্ত যাওয়ার সময় পিয়ার্স কলেজের খেলার মাঠে শরীরচর্চা করছিলেন একদল শিক্ষার্থী। পিয়ার্স কলেজ গ্রিসের একটি প্রখ্যাত আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

কিন্তু কয়েক মাসের মধ্যে এই শান্ত পরিবেশে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ঠিক বিপরীতে একটি বৃহৎ ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।

এ সম্পর্কে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

এছাড়া আশপাশের এলাকায় আরও দুটি ডেটা সেন্টার নির্মাণের কাজ চলছে। এসব প্রকল্পের কারণে পুরো এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ইয়োরগোস মিনারদোস মন্তব্য করেন, ‘আমরা প্রযুক্তিগত উন্নয়নের বিরোধী নই। আমরা শুধু চাই, মানুষের জীবনযাত্রা ও সম্পত্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব প্রকল্প বাস্তবায়ন করা হোক। শুধু ডেটা সেন্টারের চাহিদা বেড়েছে বলে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই এগুলো নির্মাণ করা উচিত নয়।’

ক্রিস্টোপুলি নামক একটি ছোট জনপদে মিনারদোসের বাড়ির অবস্থান। সেখানে গ্রিসের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পাবলিক পাওয়ার কর্পোরেশন (পিপিসি) এবং দুবাইভিত্তিক আবাসন উন্নয়ন প্রতিষ্ঠান দামাকের উদ্যোগে নির্মাণাধীন ১৫ কোটি ইউরোর একটি ডেটা সেন্টার তার বাড়ির থেকে ২০০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত।

একসময় জলপাইবাগান ও আঙুরখেতে ঘেরা ছিল স্পাতা এলাকার বিস্তীর্ণ অঞ্চল। রাজধানী এথেন্স থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই এলাকায় ২০০১ সালে এথেন্স বিমানবন্দর স্থানান্তরের পর থেকেই দ্রুত নগরায়ণ শুরু হয়।

ডেটা সেন্টার নির্মাণে সরকারের জোরালো উদ্যোগ

গ্রিসজুড়ে একের পর এক ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগকে জোরালোভাবে এগিয়ে নিচ্ছে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার।

সরকারের লক্ষ্য হলো, গ্রিসকে দক্ষিণ-পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ডেটা ও ডিজিটাল অবকাঠামো কেন্দ্রে পরিণত করা।

গত বছর প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘বিশ্ব অর্থনীতিতে যে পরিবর্তনগুলো ইতিমধ্যে শুরু হয়েছে, সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে গ্রিসকে অবকাঠামোগতভাবে প্রস্তুত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য, অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে গ্রিস যেন ধারাবাহিকভাবে শীর্ষস্থানীয় ও অগ্রগামী দেশগুলোর তালিকায় থাকে।’

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি ও আঞ্চলিক কর্তৃপক্ষ আবাসিক এলাকার কাছেই বড় শিল্পকারখানার মতো ডেটা সেন্টার নির্মাণের অনুমতি দিয়েছে। অথচ এসব স্থাপনা এলাকার বাণিজ্যিক ভূমি ব্যবহারের বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

২০২৫ সালে প্রায় ৪০ জন বাসিন্দা ডেটা সেন্টার নির্মাণের অনুমতির বিরুদ্ধে গ্রিসের সর্বোচ্চ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেটে অভিযোগ দায়ের করেন। আগামী ফেব্রুয়ারিতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

গুরুত্বপূর্ণ ডেটা হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

পিপিসি জানিয়েছে, তাদের নির্মাণাধীন ১২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টারটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব ইউরোপে তথ্যপ্রযুক্তি সক্ষমতার ক্ষেত্রে গ্রিসের অবস্থান আরও শক্তিশালী হবে।

চলতি বছরেই প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে এখনো সেখানে কেবল কংক্রিটের অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

এর কয়েকশ মিটার দূরে মাইক্রোসফটের জন্য আরও বড় একটি ডেটা সেন্টার নির্মাণ করা হচ্ছে। এর সক্ষমতা ১৯ দশমিক ২ মেগাওয়াট। নির্মাণকারী প্রতিষ্ঠান রেনকো জানিয়েছে, এই স্থাপনাটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে বিদ্যুতের ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।

তবে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের বিষয়টি অনেকটা স্পষ্ট করে নির্মাণকাজের সহযোগী প্রতিষ্ঠান তেরনা মাইক্রোসফটের এই স্থাপনাটিকে ‘শিল্পকারখানার মতো অবকাঠামো’ হিসেবে বর্ণনা করেছে।

পিয়ার্স কলেজের কাছেই তৃতীয় ডেটা সেন্টারটি নির্মাণ করছে বিনিয়োগ প্রতিষ্ঠান পিমকো। যৌথভাবে বাস্তবায়ন করা এই প্রকল্পের সক্ষমতা হবে সর্বোচ্চ ৮০ মেগাওয়াট।

প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ইউরো। ২০২৮ সালে এর কাজ শেষ হওয়ার কথা। একই বছর প্রায় ১০ কোটি ইউরো ব্যয়ে নির্মাণাধীন মাইক্রোসফটের ডেটা সেন্টারটির কাজও শেষ হওয়ার কথা রয়েছে।

গত মার্চে গ্রিস সরকার পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির একটি সমীক্ষা প্রকাশ করে। এতে বলা হয়, দেশটিতে ১ গিগাওয়াটের বেশি সক্ষমতার ডেটা সেন্টার নির্মাণে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। বর্তমান সক্ষমতার তুলনায় এটি ২০ গুণেরও বেশি।

সমীক্ষায় আরও বলা হয়, এ ধরনের অবকাঠামো নির্মাণে ৩৫টির বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। এসব প্রস্তাবের অধিকাংশই এথেন্সের বৃহত্তর অঞ্চলকেন্দ্রিক।

এআই প্রযুক্তির জন্য বাড়ছে বিদ্যুতের চাহিদা

গত অক্টোবরে পার্লামেন্টে এক প্রশ্নের মাধ্যমে গ্রিসের সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ ডেটা সেন্টার নির্মাণের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, এই প্রযুক্তি বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ব্যয় বাড়িয়ে দিতে পারে। এমনকি সেই বাড়তি ব্যয়ের একটি অংশ শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ইউরোপে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ৭০ শতাংশ বেড়ে যেতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পণ্য ও সেবার চাহিদা বাড়তে থাকায় মেটা, গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও ডেটা সেন্টার নির্মাণে বিপুল বিনিয়োগ করছে।

তবে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এসব স্থাপনা নির্মাণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ বৃদ্ধি পাচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ডেটা সেন্টার ওয়াচের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার কারণে দেশটিতে অন্তত ৭৫টি ডেটা সেন্টার নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে অথবা বিলম্বিত হয়েছে।

ডেটা সেন্টারে সার্ভার ঠান্ডা রাখতে প্রচুর মিঠাপানি প্রয়োজন হয়। এ কারণে স্থানীয় এলাকায় পানির সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ওয়েস্ট অ্যাটিকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সহকারী অধ্যাপক এলিসাভেট ফেলোনি বলেন, বড় ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত পানি বাষ্পীভবনের মাধ্যমে শীতলীকরণ পদ্ধতি ব্যবহার করে। বছরের প্রায় ১৫ শতাংশ দিনে এ পদ্ধতিতে পানি প্রয়োজন হয়।

তিনি বলেন, ‘এই পানির চাহিদা ঠিক সেই সময়েই তৈরি হয়, যখন তাপপ্রবাহ দেখা দেয়। আর তখনই পানির আধারগুলো সবচেয়ে বেশি চাপের মুখে থাকে।’

তাপপ্রবাহ ও শব্দদূষণ নিয়ে উদ্বেগ

ক্রিস্টোপুলির বাসিন্দারা জানিয়েছেন, একটি ডেটা সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের বলা হয়েছিল, শীতলীকরণ যন্ত্রের শব্দে সমস্যা হলে তারা যেন জানালা বন্ধ করে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র চালান।

এমন পরামর্শে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ ছাড়া তাদের আশঙ্কা, ডেটা সেন্টারগুলো চালু হলে আশপাশের এলাকার তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। এমনিতেই অঞ্চলটি তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%