প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার প্রবেশপথ আব্দুল্লাহপুরের সঙ্গে গাজীপুরের টঙ্গীকে সংযুক্ত করেছে তুরাগ নদ। নদীর এক পাশে অবস্থিত ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা, উত্তরখানসহ বিভিন্ন এলাকা। অপরদিকে শিল্পনগরী টঙ্গী। এই অঞ্চলে তুরাগ নদ ঘিরে বর্তমানে মাদকের একটি বড় বাজার গড়ে উঠেছে।
পুলিশ এবং সংশ্লিষ্ট এলাকার কয়েকজন সাধারণ বাসিন্দার সঙ্গে আলোচনা করে জানা যায়, টঙ্গী এবং উত্তরা অঞ্চলে পাইকারি মাদক কারবার চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ঢাকার উত্তরা অঞ্চলে অভিযান চালায়, তখন মাদক কারবারিরা নদী পার হয়ে টঙ্গীতে চলে যায়। আবার টঙ্গীতে অভিযান চালালে তারা উত্তরায় চলে যায়। তবে টঙ্গীতেই মাদকের বড় বাজার গড়ে উঠেছে, যা দেশের বিভিন্ন স্থানে মাদকের জোগানদাতা হিসেবে কাজ করছে।
সূত্র জানায়, পর্যাপ্ত সরকারি পতিত জমি থাকায় শ্রমিক অধ্যুষিত টঙ্গীতে ১৯টি বস্তি গড়ে উঠেছে। এসব বস্তির অধিকাংশ বাসিন্দা মাদক কারবারি, খুন, ছিনতাই ও চুরি-ডাকাতির মতো অপরাধের সঙ্গে জড়িত। দারিদ্র্য সীমার নিচে অবস্থান করায় এসব অপরাধীদের দিয়ে কম খরচে বড় বড় অপরাধ সংঘটন করানো সম্ভব হচ্ছে।
এছাড়া, এসব বস্তিতে দুই ধরনের অপরাধী গ্রুপ সক্রিয় রয়েছে। কিছুটা বেশি বয়সীরা সাধারণ অপরাধ সংঘটন করে থাকে, আর কিশোর বয়সীরা কিশোর গ্যাং গঠন করে দল বেঁধে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিলসহ নানা কাজে এদের সহজেই ব্যবহার করা হয়ে থাকে।
রাজনীতি করেন এমন কয়েকজনের বক্তব্য অনুযায়ী, যে দল ক্ষমতায় থাকে, মাদক কারবারিরা সেই দলের হয়ে যায়। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বার বার অভিযান চালিয়েও কাঙ্খিত সুফল পায় না। সুফল পাওয়ার সম্ভাবনা কম থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও এসব অপরাধে জড়িয়ে পড়ছেন।
টঙ্গী শিল্প এলাকায় অবস্থিত ১৯টি বস্তিতে পাঁচ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে, যাদের শতকরা ৮০ ভাগেরও বেশি বহিরাগত এবং বেকার। দারিদ্র্য সীমার নিচে বসবাস করা এসব মানুষ সহজেই অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক মহাসড়কের কয়েকজন ভাসমান দোকানি জানান, বস্তি ছাড়াও মহাসড়ক, আঞ্চলিক সড়ক, বিভিন্ন শাখা সড়ক এমনকি ফ্লাইওভারের ওপরে ও নিচে প্রকাশ্যে মাদক কারবার ও ছিনতাই চলছে অহরহ। বড় নেতাদের হয়ে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত হয় তারা।
গোয়েন্দাসহ একাধিক সরকারি সংস্থা সূত্রে জানা যায়, টঙ্গীর ১৯ বস্তিতেই মাদকের পাইকারি বাজার রয়েছে। দুই শতাধিক পাইকারি মাদক কারবারি এসব বস্তিতে সক্রিয়। এর মধ্যে ৫০ জনের বেশি মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে মাদক সরবরাহ করেন। এই ৫০ জনের দেখভাল করার জন্য ১০ জনের বেশি রয়েছে শীর্ষ কারবারি। তাদের মতে, সরকার পরিবর্তন হলে শীর্ষ কারবারি পরিবর্তন হয়, তবে সংখ্যায় তেমন পরিবর্তন হয় না। ফলে সব সময়ই এরা সরকারি দলের ছত্রছায়ায় থেকে অপরাধ সংঘটন করে যাচ্ছে।
সূত্রের তথ্য অনুযায়ী, এসব বস্তিতে বেড়ে ওঠা কিশোরদের নিয়ে গঠিত গ্রুপের সংখ্যা ৫০-এর বেশি। প্রত্যেক গ্রুপে ১০ থেকে ২৫ জন কিশোর সদস্য রয়েছে। এই কিশোর গ্যাং প্রকাশ্যেই তাদের মহড়া দেয়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, টঙ্গী বাজার, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, সাতাইশ, গাজীপুরা, এরশাদ নগর, টঙ্গীর পাগার, মিরাশপাড়া, কেরানির টেক, রেলস্টেশন, মরকুন কবরস্থান, মরকুন গোদারা ঘাট, বনমালা, দত্তপাড়া, মোক্তারবাড়ি রোড, গুটিয়াসহ টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মহড়া চলে কিশোর গ্যাংয়ের। সাধারণ মানুষ মহড়া দেখলেও কারো কিছু বলার সাহস নেই।
টঙ্গী স্টেশন রোডের একজন ফল ব্যবসায়ী জানান, সড়কের দুই পাশে ফুটপাতে ও ফ্লাইওভারের নিচে মাদক সেবন করছে। প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি হচ্ছে। মাদক সেবন করতে করতে মাঝে মাঝে রাস্তার পাশে মাদকসেবী মারাও যায়। কিন্তু এসবের প্রতিবাদ করার সাহস নেই আমাদের।
পুলিশ সূত্রে পাওয়া সাম্প্রতিক সময়ের অপরাধ চিত্র বলছে, তুরাগ নদী থেকে লাশ উদ্ধার হওয়া বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তার মৃত্যু ঘিরে টঙ্গীর মাজার বস্তির মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর আগে গত কয়েক বছরে টঙ্গীতে মাদক ও ছিনতাইয়ের শিকার হয়ে খুন হয়েছেন একাধিক ব্যক্তি। এদের মধ্যে ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রসহ নানা শ্রেণি পেশার মানুষ রয়েছেন।
মাদক কারবারের প্রভাব বিস্তার ও মাদকের টাকা ভাগাভাগি নিয়েও একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব অপরাধ দমনে পুলিশ অভিযানও চালাচ্ছে, আবার অপরাধ কর্মকাণ্ডও চলছে সমান তালে। তবে পুলিশের অভিযানে বড় ধরনের কোনো কারবারি গ্রেপ্তার হয়নি এখনো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাদকের মামলা হয় ১৩৭৬টি। এর মধ্যে মাদক কারবারির সংখ্যা ১৪৯৬ জন ও মাদকসেবী ১০৬৬ জন। এই সময়ের মধ্যে ২০টি ছিনতাই মামলায় গ্রেপ্তার হয় ৬৯ জন। ১৩টি ডাকাতি মামলায় ২৯ জন গ্রেপ্তার হয়।
এছাড়া ১০৪টি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হয়েছে ৪৮৬ জন এবং ১৩৭টি অস্ত্র মামলায় গ্রেপ্তার ৫৮১ জন।
জিএমপির উল্লিখিত অপরাধ চিত্র তুলে ধরে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, টঙ্গীর মাজার বস্তির মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেরানির টেকসহ কয়েকটি বস্তিতে অভিযান চালিয়ে অসংখ্য মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত কমিশনারের দাবি, টঙ্গীতে এখন আগের তুলনায় অপরাধ অনেকটা কমে এসেছে। তাদের অভিযান নিয়মিত চলছে। আশা করা হচ্ছে টঙ্গী অপরাধমুক্ত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন