ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়


জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : রাজিন আহমেদ জাতীয় ব্যাডমিন্টনে প্রথমবারের মত পুরুষ এককের শিরোপা অর্জন করেছেন। ১২ বছর বয়সে ব্যাডমিন্টনের র‌্যাকেট হাতে তুলে নেওয়ার পর থেকে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে ওঠার এই যাত্রা গড়ে উঠেছে অধ্যবসায়, ত্যাগ ও স্বপ্ন পূরণের অদম্য বিশ্বাসের ভিত্তিতে।

সিলেটের গোলাপগঞ্জের সাধারণ পরিবারের সন্তান রাজিন ধীরে ধীরে বাংলাদেশের ব্যাডমিন্টনের সম্ভাবনাময় খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। জাতীয় এককে প্রথম শিরোপা জয় তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককের শিরোপা জেতেন রাজিন। ফাইনালে তার প্রতিপক্ষ বাংলাদেশ আনসারের এসএসএম সিবাগাত উল্লাহ ওয়াকওভার দেওয়ার ফলে তিনি শিরোপা অর্জন করেন।

আরও পড়ুন: আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ

রাজিনের কাছে এই শিরোপা কেবল একটি ব্যক্তিগত অর্জন নয়। এটি দীর্ঘদিনের সংগ্রাম এবং আর্থিক সংকটের কারণে স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কার মধ্যেও পাশে থাকা মানুষের সহযোগিতার প্রতিফলন।

বাসসের সঙ্গে আলাপকালে, রাজিন তার পথচলা, বাংলাদেশের ব্যাডমিন্টনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন।

সাফল্যের পেছনে সহযোগিতার হাত

জাতীয় পর্যায়ে সাফল্যের পথে রাজিনের যাত্রা মোটেও সহজ ছিল না। স্থানীয় শুভাকাঙ্খী, পরামর্শদাতা ও বড় ভাইদের সহযোগিতা তার ব্যাডমিন্টনের স্বপ্ন বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন: জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের বক্তব্যের অভাব নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

গ্রামের প্রবীণ ব্যক্তি ও সুহৃদদের মধ্যে শাকিল, কাসেম, সন্তোষ, এনাম ও মিঠু ভাইয়ের পাশাপাশি তার কোচ সব সময় তার পাশে ছিলেন।

আর্থিক সংকট বা মানসিক চাপের মুখোমুখি হলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ব্যাডমিন্টনের র‌্যাকেট থেকে শুরু করে প্রয়োজনীয় অনুশীলন সরঞ্জাম পর্যন্ত তাদের সহযোগিতা রাজিনের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পথে বিভিন্ন বাধা অতিক্রম করতে তাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।

আর্থিক সংকট ও সুযোগ-সুবিধার অভাব বড় বাধা

আরও পড়ুন: এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ

জাতীয় পর্যায়ে সাফল্য পেলেও, রাজিন মনে করেন বাংলাদেশের ব্যাডমিন্টনের আন্তর্জাতিক অগ্রগতির পথে বেশ কিছু কাঠামোগত সমস্যা বিদ্যমান।

অপর্যাপ্ত অনুশীলন সুবিধা, আধুনিক কোচিংয়ের অভাব, আন্তর্জাতিক পর্যায়ে খেলার সীমিত সুযোগ এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবকে তিনি এ খেলার উন্নয়নের বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন।

শাটল, কোর্ট ভাড়া ও অন্যান্য অনুশীলন সরঞ্জামের জন্য খেলোয়াড়দের প্রায়ই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। ফেডারেশন বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়মিত আর্থিক সহায়তা না থাকায় অনেক প্রতিভাবান শাটলারের পক্ষে ক্যারিয়ার ধরে রাখা কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি।

রাজিনের বিশ্বাস, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়মিত আর্থিক সহায়তা, উন্নত অনুশীলন সুবিধা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার বেশি সুযোগ তৈরি করা গেলে ব্যাডমিন্টনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে।

আরও পড়ুন: মোংলা বন্দরে ৪০০ কোটি টাকার পণ্য রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে

পাঁচ বছরের মধ্যে এশিয়ান সোনা জয়ের স্বপ্ন

বর্তমানে রাজিন উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে পড়াশোনা করছেন। তিনি খেলোয়াড়ি ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনার দায়িত্বও সমানভাবে সামলে নিতে চান।

তবে তার স্বপ্ন দেশের গন্ডিতে সীমাবদ্ধ নয়। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের জন্য এশিয়ান পর্যায়ে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন এই তরুণ শাটলার।

রাজিনের বিশ্বাস, যথাযথ পরিকল্পনা, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক মঞ্চে সফলভাবে প্রতিদ্বন্দ্বীতা করার সামর্থ্য বাংলাদেশের খেলোয়াড়দের রয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার সম্ভাবনা নাহিদ রানা

জাতীয় শিরোপা জয় রাজিনের জন্য পথচলার শেষ নয়, বরং এটি আরও বড় অভিযাত্রার সূচনা। বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গৌরব বয়ে আনার স্বপ্নই তাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগ সভাপতিসহ ২ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগ সভাপতিসহ ২ গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তের অংশ হিসেবে সন্দিগ্ধ আসামি হিসেবে কৃষক লীগের এক সভাপতি সহ দুজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকা থেকে মারোয়ান (৩৫) এবং বুধবার (১৮ নভেম্বর) রাত দেড়টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে জহিরুল হককে (৬৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া জহিরুল হক ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত ছিদ্দিক আহাম্মদের পুত্র। তিনি ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, গ্রেপ্তার হওয়া মারোয়ান জোরারগঞ্জ ইউনিয়নের পূর্ব পরাগলপুর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে এবং তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, ‘সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে হামের উপসর্গে সাতজনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫ এবং উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩১ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

মোট মৃতের সংখ্যা হাম ও উপসর্গ মিলিয়ে বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৩৬ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ বুলেটিনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী ভর্তি হয়েছেন।

অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরিরামপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


হরিরামপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আহ্বানে দেশজুড়ে চলমান লকডাউনের বিরুদ্ধে মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত করেছেন।

‎

বৃহস্পতিবার (‎১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে দলীয় কার্যালয় থেকে সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

‎

দলীয় কার্যালয় থেকে শুরু করে মিছিলটি পাটগ্রাম মোড় পর্যন্ত পদক্ষীণ করে, এরপর উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল গোডাউনের মাধ্যমে মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রায় শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে অংশগ্রহণ করেন।

‎

লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উপজেলার বয়ড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদুর রহমান তুষার বলেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন জনগণ প্রত্যাখ্যান করেছে। আমাদের উপজেলায় রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে যানবাহন চলাচল ও মানুষজন নির্বিঘ্নে স্বাভাবিক চলাফেরা করছে। এখানে লকডাউনের কোনো ছিটেফোঁটা নেই। আমরা উপজেলা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের এক ঝাঁক তরুণ নেতৃবৃন্দ লকডাউনের প্রতিবাদে মাঠে আছি।"

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু মন্তব্য করেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশ বিরোধী ষড়যন্ত্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। কিন্তু তাদের এই স্বপ্ন কোনো দিনও বাস্তবায়ন হবে না। কারণ জাতীয়তাবাদী শক্তি সাধারণ জনগণের পক্ষে আছে। আজকের লকডাউন জনগণ সম্পূর্ণরূপে বয়কট করেছে। আমার উপজেলায় যদি কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের কেউ মাঠে নামে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। দেশ ও দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও সুরক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।"

তিনি আরো বলেন, "আমার নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। সেই মানবিকতার সুযোগ নিয়ে নিষিদ্ধ সংগঠনের কে কোথায় গুপ্ত অবস্থায় আছেন আমরা কিন্তু জানি। সুতরাং এদেশে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরীর প্রচেষ্টা করেন তাদের জন্য জাতীয়তাবাদী শক্তি রুখে দাঁড়াবে।"

শিপু আরও বলেন, "আমাদের নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা আপার নির্দেশে আমরা হরিরামপুর সহ মানিকগঞ্জ জেলার পতিত উপজেলায় সংগঠনের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে আছি।"

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দীন, আলমাস মিয়া, শামসুল ইসলাম খান মিশুক, মাসুম শিকদার, মিজানুর রহমান মিজান, মেরাজ হোসেন রাজ, উপজেলা যুবদলের সদস্য কাজী শিমুল, আলম, মহল আলী, উপজেলা কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শাকিল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদার, যুগ্ন আহবায়ক আশিক ও ইমরান সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎

লকডাউনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে হরিরামপুর থানার ওসি জেওম তৌফিক ইনকিলাবকে জানান, এখানে লকডাউনে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যান চলাচলসহ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

‎

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যশস্যের ঘাটতি নেই, কৃতিত্ব কৃষক ও কৃষিবিজ্ঞানীদের: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


খাদ্যশস্যের ঘাটতি নেই, কৃতিত্ব কৃষক ও কৃষিবিজ্ঞানীদের: প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, বাংলাদেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি, এবং সে সময় খাদ্যশস্যের ব্যাপক ঘাটতি ছিল। খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিপণ্যের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই। এই সাফল্যের কৃতিত্ব দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রেসিডেন্টকে জানান, দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা এবং অন্যান্য প্রতিকূলতা থাকা সত্ত্বেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে।

এ সময় প্রেসিডেন্ট টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষিশিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান।

সাক্ষাৎকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রেসিডেন্টকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%