প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : রাজিন আহমেদ জাতীয় ব্যাডমিন্টনে প্রথমবারের মত পুরুষ এককের শিরোপা অর্জন করেছেন। ১২ বছর বয়সে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে তুলে নেওয়ার পর থেকে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে ওঠার এই যাত্রা গড়ে উঠেছে অধ্যবসায়, ত্যাগ ও স্বপ্ন পূরণের অদম্য বিশ্বাসের ভিত্তিতে।
সিলেটের গোলাপগঞ্জের সাধারণ পরিবারের সন্তান রাজিন ধীরে ধীরে বাংলাদেশের ব্যাডমিন্টনের সম্ভাবনাময় খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। জাতীয় এককে প্রথম শিরোপা জয় তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককের শিরোপা জেতেন রাজিন। ফাইনালে তার প্রতিপক্ষ বাংলাদেশ আনসারের এসএসএম সিবাগাত উল্লাহ ওয়াকওভার দেওয়ার ফলে তিনি শিরোপা অর্জন করেন।
রাজিনের কাছে এই শিরোপা কেবল একটি ব্যক্তিগত অর্জন নয়। এটি দীর্ঘদিনের সংগ্রাম এবং আর্থিক সংকটের কারণে স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কার মধ্যেও পাশে থাকা মানুষের সহযোগিতার প্রতিফলন।
বাসসের সঙ্গে আলাপকালে, রাজিন তার পথচলা, বাংলাদেশের ব্যাডমিন্টনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন।
সাফল্যের পেছনে সহযোগিতার হাত
জাতীয় পর্যায়ে সাফল্যের পথে রাজিনের যাত্রা মোটেও সহজ ছিল না। স্থানীয় শুভাকাঙ্খী, পরামর্শদাতা ও বড় ভাইদের সহযোগিতা তার ব্যাডমিন্টনের স্বপ্ন বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গ্রামের প্রবীণ ব্যক্তি ও সুহৃদদের মধ্যে শাকিল, কাসেম, সন্তোষ, এনাম ও মিঠু ভাইয়ের পাশাপাশি তার কোচ সব সময় তার পাশে ছিলেন।
আর্থিক সংকট বা মানসিক চাপের মুখোমুখি হলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ব্যাডমিন্টনের র্যাকেট থেকে শুরু করে প্রয়োজনীয় অনুশীলন সরঞ্জাম পর্যন্ত তাদের সহযোগিতা রাজিনের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।
জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পথে বিভিন্ন বাধা অতিক্রম করতে তাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।
আর্থিক সংকট ও সুযোগ-সুবিধার অভাব বড় বাধা
জাতীয় পর্যায়ে সাফল্য পেলেও, রাজিন মনে করেন বাংলাদেশের ব্যাডমিন্টনের আন্তর্জাতিক অগ্রগতির পথে বেশ কিছু কাঠামোগত সমস্যা বিদ্যমান।
অপর্যাপ্ত অনুশীলন সুবিধা, আধুনিক কোচিংয়ের অভাব, আন্তর্জাতিক পর্যায়ে খেলার সীমিত সুযোগ এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবকে তিনি এ খেলার উন্নয়নের বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন।
শাটল, কোর্ট ভাড়া ও অন্যান্য অনুশীলন সরঞ্জামের জন্য খেলোয়াড়দের প্রায়ই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। ফেডারেশন বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়মিত আর্থিক সহায়তা না থাকায় অনেক প্রতিভাবান শাটলারের পক্ষে ক্যারিয়ার ধরে রাখা কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি।
রাজিনের বিশ্বাস, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়মিত আর্থিক সহায়তা, উন্নত অনুশীলন সুবিধা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার বেশি সুযোগ তৈরি করা গেলে ব্যাডমিন্টনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে।
পাঁচ বছরের মধ্যে এশিয়ান সোনা জয়ের স্বপ্ন
বর্তমানে রাজিন উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে পড়াশোনা করছেন। তিনি খেলোয়াড়ি ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনার দায়িত্বও সমানভাবে সামলে নিতে চান।
তবে তার স্বপ্ন দেশের গন্ডিতে সীমাবদ্ধ নয়। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের জন্য এশিয়ান পর্যায়ে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন এই তরুণ শাটলার।
রাজিনের বিশ্বাস, যথাযথ পরিকল্পনা, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক মঞ্চে সফলভাবে প্রতিদ্বন্দ্বীতা করার সামর্থ্য বাংলাদেশের খেলোয়াড়দের রয়েছে।
জাতীয় শিরোপা জয় রাজিনের জন্য পথচলার শেষ নয়, বরং এটি আরও বড় অভিযাত্রার সূচনা। বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গৌরব বয়ে আনার স্বপ্নই তাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন