প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার জন্য কোনো আইনগত সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন, সাজার বিরুদ্ধে আপিল না করার কারণে শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করার ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ বিষয়টি তুলে ধরেন। এ সময় ট্রাইব্যুনালের অন্যান্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ অনুযায়ী, দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তির জন্য নতুন পাসপোর্ট দেওয়া বা পাসপোর্ট নবায়নের সুযোগ নেই।
তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদ অনুসারে, আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তাঁকে পাসপোর্ট দেওয়া যাবে না। একই আদেশের ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে।
আমিনুল ইসলাম উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এই অপরাধটি নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের বিভিন্ন উপধারা বিবেচনায় নিলে দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের নেই।
সংবিধানের ৩৬ অনুচ্ছেদ নাগরিকের চলাচল, বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা উল্লেখ করে, তবে দণ্ডিত ও পলাতক আসামির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তাঁর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা চলমান বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করেননি। তাঁকে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এ-সংক্রান্ত অন্যান্য আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
আপিলের সুযোগ আর নেই
চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা বিচার চলাকালে আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলা করেননি। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে তিনি আপিলও করেননি। তাই ভবিষ্যতে তাঁর আপিল করার আইনগত সুযোগ নেই।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা থাকলে বিচার চলাকালে দেশে এসে মামলা মোকাবিলা করতে পারতেন। রায় প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগও ছিল। কিন্তু তা না করে বর্তমানে তাঁর কর্মকাণ্ডকে রাজনৈতিক অবস্থান ও অস্থিরতা তৈরির চেষ্টা হিসেবে দেখছেন।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিতভাবে জানাতে হবে। তাঁকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। এ ক্ষেত্রে অন্য কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।
পাসপোর্টের আবেদন নিয়ে প্রশ্ন
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক পাঁচ ব্রিটিশ ব্যারিস্টার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা নিজে বা তাঁর দলের পক্ষ থেকে আবেদন করা হয়নি। আবেদনটি একটি আইনজীবী চেম্বার করেছে। ভারতে অবস্থানরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক একটি চেম্বার কীভাবে আবেদন করছে এবং তাদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি রয়েছে, তা স্পষ্ট নয়। এ-সংক্রান্ত চুক্তির কপিও প্রকাশ করা হয়নি বলে তিনি জানান।
আমিনুল ইসলামের প্রশ্ন হলো, ক্লায়েন্টের সঙ্গে আইনি চুক্তি না থাকলে ওই চেম্বার কীভাবে তাঁর পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে। তাঁর মতে, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। যদি এমন কোনো নথি ইস্যু করা হয়, তাহলে তা বিচারপ্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের অবস্থানের সাংঘর্ষিক হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর করা ছাড়া শেখ হাসিনার ক্ষেত্রে বিকল্প কোনো আইনি পথ নেই। ট্রাইব্যুনাল নিয়ে অপপ্রচার চালানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন