শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৮ পি.এম
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন উদ্যোগ গ্রহণ করেছে বারাকা গ্রুপ এবং প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথভাবে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে এই প্রতিষ্ঠান দুটি। বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড, যা যৌথ উদ্যোগের মাধ্যমে গঠিত হয়েছে, এই মেগা প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে, যা শতভাগ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পরিচালিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকার হোটেল শেরাটনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তা, বারাকা গ্রুপ এবং প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপের (পিআইডিজি) ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে সরকারের চলমান লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ৪৫ মিলিয়ন ইউএসডির বিদেশি বিনিয়োগের উদ্যোগকে একটি বিশাল মাইলফলক হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, প্রকল্পটি যদি ২ বছরে বাস্তবায়িত হয়, তবে দেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানিতে রূপান্তর প্রক্রিয়া বহুগুণ ত্বরান্বিত হবে এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে। প্রকল্পটির সাথে সরকারের চুক্তি ২০ বছর বলে জানা গেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাস্তবায়নাধীন এ প্রকল্প আন্তর্জাতিক অংশীদারত্ব ও বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনাকে তুলে ধরেছে।
তিনি আরও বলেন, প্রকল্পটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে।
এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট বারাকা গ্রুপ, পিআইডিজি (PIDG) এবং অন্যান্য অংশীদারদের আন্তরিকভাবে স্বাগত জানান তিনি। বাংলাদেশের প্রতি তাদের আস্থা ও বিনিয়োগের আগ্রহ অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনুপ্রেরণা জোগাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বারাকা গ্রুপ ও বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী প্রকল্পটি বাস্তবায়নে দেশীয় প্রতিষ্ঠান বারাকা গ্রুপের ওপর আস্থা রাখার জন্য পিআইডিজি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বিশ্বাস করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিআইডিজি তাদের বিনিয়োগের ধারা আরও প্রসারিত করবে। সরকারের ২০৩০ সালের ভিশনের সঙ্গে তাল মিলিয়ে এ ধরনের আরও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে জোরালো অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী প্রতিষ্ঠানটির সার্বিক পরিচিতি, কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি উপস্থিত অতিথিদের প্রতিষ্ঠানের কার্যক্রম ও সৌরবিদ্যুৎ খাতে এর ভূমিকা সম্পর্কে অবহিত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের পরিচালক নাঈম আহমদ চৌধুরী সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে পিআইডিজির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগ ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা জিলস ভাস, এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়ন প্রধান ডেনিস ফু এবং ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জুয়ান জিন।
উল্লেখ্য, দেশের অন্যতম সফল ও বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান বারাকা গ্রুপ ২০০৯ সাল থেকে অত্যন্ত সুনামের সঙ্গে বিদ্যুৎ খাতে অবদান রেখে আসছে এবং অতীতে ৩১৬ মেগাওয়াট ও বর্তমানে জাতীয় গ্রিডে ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুৎ ছাড়াও তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা, সিকিউরিটিজ ও শিক্ষা খাতে প্রতিষ্ঠানটির সফল পদচারণা রয়েছে। অন্যদিকে, ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইনফ্রাকো এশিয়া পিআইডিজির অধীনে পরিচালিত একটি স্বনামধন্য আন্তর্জাতিক অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগকারী সংস্থা। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন ও কানাডা-বিশ্বের এই ছয়টি উন্নত দাতা দেশের সহায়তায় সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোর টেকসই অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে।
বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্টদের মতে, স্থানীয় বিদ্যুৎ খাতে বারাকা গ্রুপের দীর্ঘ দেড় দশকের অভিজ্ঞতা এবং অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগে পিআইডিজির বিশ্বমানের দক্ষতার এই সম্মিলন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের এক নতুন ও সম্ভাবনাময় দ্বার উন্মোচন করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পুলিশের টহল গাড়িকে পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দেওয়ার ফলে পুলিশের চার সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ ও সাফায়েত। তাদের মধ্যে কনস্টেবল শফিক এবং রানার অবস্থা গুরুতর।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ এলিট পরিবহনের একটি বাস পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং পুলিশের দুই কনস্টেবলসহ ছয়জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফেনী, ২০নভেম্বর, ২০২৬ : জেলার মুহুরীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাজ্জাদ আকিবকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।
আজ শুক্রবার ভোররাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে সাজ্জাদ আকিবকে গ্রেফতার করা হয়। সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ আকিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার তথ্যও রয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বাসসকে জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপি নেতা সুলতান মুহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে দায়েরকৃত মামলায় আকিবকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।
ওসি (তদন্ত) মো. ইসমাঈল বাসসকে জানান, গ্রেফতার রাকিবের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় এজাহারনামীয় ৯৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌর শহর এবং এর আশপাশের অঞ্চলে গত দুদিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে রোদ দেখা যাচ্ছে না বললেই চলে। এই পরিস্থিতির ফলে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা প্রভাব পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবং দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কেন্দুয়া পৌর শহরের একাধিক এলাকা পরিদর্শন করে এমন দৃশ্য দেখা গেছে।
বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার কারণে দিনের স্বাভাবিক কর্মচাঞ্চল্য কিছুটা কমে এসেছে। শ্রমজীবী মানুষ, রিকশা-ভ্যানচালক, দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন কাজে এর প্রভাব পড়ছে বেশ। একই সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের ফলে শীতের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। সকাল এবং সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি তুলনামূলকভাবে বেশি হচ্ছে।
টানা মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং শীতের আবহে স্থানীয়দের মধ্যে শীতকালীন অনুভূতি আরও জোরালো হয়ে উঠেছে।
তবে এই সময়ে বৃদ্ধ/বৃদ্ধা এবং শিশুদের জন্য কিছুটা আলাদা সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে অনেকেই মনে করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগরের ফলে মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ায় সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লিতে কার্যক্রম থমকে গেছে। নতুন মাছ সাগর থেকে না আসা এবং বৃষ্টির কারণে কাঁচা মাছ নষ্ট হয়ে যাওয়ায় সংশ্লিষ্টরা প্রায় সাত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে শ্রমিকদের বেতন ও খাবারের জন্য প্রতিদিন বড় অঙ্কের খরচ করতে হচ্ছে, যা ব্যবসায়ী ও জেলেদের মধ্যে ব্যাপক লোকসানের শঙ্কা তৈরি করেছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুবলার চরের চারটি শুঁটকি পল্লিতে এক হাজারের বেশি মাছ ব্যবসায়ী রয়েছেন। প্রত্যেক ব্যবসায়ীর অধীনে গড়ে ২০ জন করে প্রায় ২০ হাজার জেলে ও শ্রমিক কাজ করেন। মাছ ধরা বন্ধ থাকলেও প্রতিটি জেলে বা শ্রমিকের পেছনে বেতন ও খাবার বাবদ প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার টাকা ব্যয় হচ্ছে। সব মিলিয়ে এসব খরচে প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
আলোরকোল শুঁটকি পল্লীর মালিক ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, “এবার দুর্যোগের সঙ্গে লড়াই করেই শুঁটকি মৌসুম শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো বৈরী আবহাওয়ার কারণে ঝড়-বৃষ্টিতে জেলেরা সাগরে নামতে পারছেন না। বৃষ্টিতে অনেকের চাতাল ও মাচার কাঁচা মাছ নষ্ট হয়েছে। গত মৌসুমে লোকসানের পর এবারও লাখ লাখ টাকা ঋণ নিয়ে বেশির ভাগ বহদ্দার ব্যবসায় নেমেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই আবার দুর্যোগের কবলে পড়ায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছি।”
তিনি আরও জানান, মাছ না থাকায় শুঁটকি উৎপাদন বন্ধ রয়েছে, অথচ জেলে-শ্রমিকদের বেতন, খাবার ও অন্যান্য ব্যয় প্রতিদিন বহন করতে হচ্ছে। এতে ব্যবসায়ীরা নতুন করে ঋণের চাপে পড়ার শঙ্কায় রয়েছেন।
আলোরকোলের আরেক মালিক ও চাকলা জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ বলেন, “একেকজন বহদ্দারের অধীনে গড়ে ২০ জন জেলে ও শ্রমিক রয়েছেন। শুঁটকি মৌসুমের পাঁচ মাসের জন্য একজন শ্রমিককে দেড় লাখ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুক্তিতে আনা হয়েছে। দৈনিক হিসাবে বেতন দিতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পারায় তাদের কোনো কাজ নেই। কিন্তু বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। খাবার খরচসহ প্রত্যেক মালিকের দৈনিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা লোকসান হচ্ছে।”
ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, দেড় কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে, যা ফিড হিসেবে ব্যবহার ছাড়া আর কোনো উপায় থাকবে না।
জেলে পল্লির অন্য সদস্যরা জানান, প্রচুর পরিমাণ কাঁচা মাছ শুকানোর অভাবে নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও বিভিন্ন খরচ বহন করতে গিয়ে সব মিলিয়ে তাদের প্রায় ছয় থেকে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার শুঁটকি পল্লির বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে দুবলার চরের জেলেরা বিপাকে পড়েছেন। চলতি বছরের শুঁটকি মৌসুম শুরু হয়েছিল ঘূর্ণিঝড় অর্নবের মধ্য দিয়ে। ১৫ দিন যেতে না যেতেই আবার ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় জেলেরা মাছ ধরতে পারছেন না। বৈরী আবহাওয়ায় চাতালে মাছ শুকানোও ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে ভিজে অনেকের কাঁচা মাছ নষ্ট হয়েছে। জেলে ও শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন। এতে বহদ্দার, মহাজন ও অন্যান্য ব্যবসায়ীরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়বেন।”
সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত দুবলার চরে শুঁটকি তৈরির কার্যক্রম চলে। মৌসুমের শুরুতেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় এবং রোদ না থাকায় শুকানোর কাজ এগোতে না পারায় ঋণ ও দাদনের টাকা পরিশোধের পাশাপাশি সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ