প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন কঠোর অভিবাসন নীতি এবং জাতীয় পরিচয় ও সংস্কৃতি রক্ষার বিষয়ে তাঁর মন্তব্যের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন। অভিযোগ উঠেছে যে, তাঁর বক্তব্য উগ্র ডানপন্থীদের প্রচারিত ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ (মহা প্রতিস্থাপন) তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে ফ্রেডেরিকসেন এ তত্ত্বের সমর্থক নন বলে দাবি করেছেন এবং তাঁকে উগ্র ডানপন্থীদের সঙ্গে এক কাতারে না ফেলার আহ্বান জানানো হয়েছে।
ফ্রেডেরিকসেন ১৭ নভেম্বর ‘বর্ডারলিগ ট্যাবলয়েড’ নামের একটি পডকাস্টে সাক্ষাৎকারে বলেন, তিনি ‘জনসংখ্যার গ্রেট রিপ্লেসমেন্টের’ সমর্থক নন। তিনি ডেনমার্কের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও সংখ্যাগরিষ্ঠ জনগণের সংস্কৃতি রক্ষা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
‘গ্রেট রিপ্লেসমেন্ট’ একটি ষড়যন্ত্রতত্ত্ব যা উগ্র ডানপন্থীদের দ্বারা প্রচারিত হয়। এই তত্ত্বের দাবি, পশ্চিমা দেশগুলোতে শ্বেতাঙ্গ জনগণকে পরিকল্পিতভাবে অশ্বেতাঙ্গ অভিবাসীদের মাধ্যমে প্রতিস্থাপন করা হচ্ছে। ফ্রেডেরিকসেনের বক্তব্যে এই তত্ত্বের ভাষা ও ধারণার প্রতিফলন রয়েছে বলে সমালোচকেরা অভিযোগ করেছেন।
ডেনমার্কের প্রধানমন্ত্রী পডকাস্টে বলেন, ‘আমরা একটি ডেনিশ সমাজ। আমাদের উৎপত্তি ও বংশপরিচয় জাতিগতভাবে ডেনিশ। এখানে মানুষ আসার ফলে এই বাস্তবতায় পরিবর্তন আসে। তবে ভবিষ্যতেও ডেনমার্কে একটি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতি থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি ডেনিশ এবং ইউরোপীয়। আমি ডেনিশ ও ইউরোপীয় মূল্যবোধে বিশ্বাস করি এবং এগুলোর সঙ্গে কোনো আপস করতে চাই না।’
সমালোচনার জবাবে ফ্রেডেরিকসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে উল্লেখ করেন, নিজের ভালোবাসার দেশকে ধরে রাখতে চাওয়ার মধ্যে কোনো ভুল নেই। তবে তিনি ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী, উগ্র ডানপন্থী চরমপন্থী কিংবা ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে তাঁকে এক করে দেখার বিরোধিতা করেন।
ডেনমার্কের সরকার সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করে আসছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর মধ্যে ডেনমার্কে আশ্রয় মঞ্জুরের সংখ্যা সবচেয়ে কম পর্যায়ে রয়েছে। এই কারণে দেশটির অভিবাসন নীতি নিয়ে ইউরোপজুড়ে বিতর্ক চলছে।
ফ্রেডেরিকসেনের পডকাস্টে দেওয়া বক্তব্যের এক দিন আগে রুয়ান্ডায় ইউরোপীয় অভিবাসীদের বহিষ্কারের জন্য একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা প্রকাশ করা হয়। জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস এ উদ্যোগে সম্মত হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী কয়েক বছর ধরে এ ধরনের পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে কেন্দ্রটি চালু করার লক্ষ্য রয়েছে। এটি হবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর জন্য জোটের বাইরে বহিষ্কার কার্যক্রম পরিচালনার প্রথম কেন্দ্র। এই উদ্যোগকে যুক্তরাজ্যের সাবেক কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা পরিকল্পনার সঙ্গে তুলনা করা হচ্ছে।
মানবাধিকারসংক্রান্ত উদ্বেগের কারণে আদালতের বাধার পর ২০২৪ সালে ক্ষমতায় আসা লেবার সরকার ওই পরিকল্পনা বাতিল করে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের আগের প্রকল্পের আওতায় রুয়ান্ডায় নির্মিত প্রায় অব্যবহৃত স্থাপনাগুলো নতুন উদ্যোগে ব্যবহার করা হতে পারে।
যুক্তরাজ্য রুয়ান্ডাকে প্রায় ২৯ কোটি পাউন্ড অর্থনৈতিক সহায়তা দিয়েছিল। প্রকল্পটিতে ব্রিটিশ করদাতাদের মোট ব্যয় হয়েছিল প্রায় ৭০ কোটি পাউন্ড।
ফ্রেডেরিকসেন ২০১৫ সাল থেকে ডেনমার্কের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দিচ্ছেন। ২০১৯ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ২০১৮ সাল থেকেই আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পক্ষে অবস্থান জানিয়ে আসছেন তিনি।
এদিকে ফ্রেডেরিকসেনের অভিবাসন নীতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করতে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের সোশ্যালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটস গ্রুপ। সোমবারের এক বৈঠকে ডেনমার্কসহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের রাজনীতিকেরা তাঁর অবস্থান নিয়ে উদ্বেগ জানানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেনমার্কের গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল রেড-গ্রিন অ্যালায়েন্সের মুখপাত্র পেল্লে ড্র্যাগস্টেড বলেন, ইউরোপের উগ্র ডানপন্থী ও তাদের মতাদর্শের ডেনমার্কে কোনো জায়গা নেই। তিনি আশা করেন, দেশটির কোনো প্রধানমন্ত্রীর মুখে ভবিষ্যতে আর এ ধরনের বক্তব্য শুনতে হবে না।
ফ্রেডেরিকসেনের বক্তব্যের সমালোচনা করেছেন নরওয়ের ২০১১ সালের উটোয়া দ্বীপে সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া তারজেই জেনসেন বিচও। ওই হামলায় এক উগ্র ডানপন্থী বন্দুকধারীর গুলিতে ৭৭ জন নিহত হয়েছিলেন, যাঁদের অধিকাংশই ছিলেন কিশোর-কিশোরী।
ডেনমার্কের সংবাদপত্র পলিটিকেনে লেখা এক নিবন্ধে বিচ বলেন, কোনো ইউরোপীয় নেতার, বিশেষ করে একজন সমাজতান্ত্রিক নেতার মুখে ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ তত্ত্বের ভাষা শুনতে হবে, তা তিনি কখনো ভাবেননি। তাঁর মতে, এ ধরনের বক্তব্যের শিকড় ষড়যন্ত্রতত্ত্বে রয়েছে। ঘৃণা ও চরমপন্থার বিরুদ্ধে প্রতিদিন লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি শব্দ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি।
জার্মানি ও পর্তুগালের রাজনীতিকেরাও ফ্রেডেরিকসেনের বক্তব্যের বিরোধিতা করেছেন। এর আগে স্পেনের সেউটা অঞ্চলে অভিবাসনসংকটের পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে চিঠি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ফ্রেডেরিকসেনসহ কয়েকজন নেতা।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন