০৭:৪১ পি.এম
দীর্ঘ প্রায় নয় মাস অভিনয়ের বাইরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা ও বিশ্রামে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তিনি কাজ শুরু করার পরিকল্পনা করছেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। এ সময় তিনি জানান, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে তাঁর চিকিৎসা এখনও চলমান।
লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, "এখন আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে। সেটার পর ডাক্তার জানাবেন, পরবর্তী চিকিৎসা কী হবে।"
আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন এই অভিনেত্রী। এরপর থেকে চিকিৎসা ও বিশ্রামে ছিলেন তিনি।
দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, "আমার ইচ্ছা আছে। এই মাস থেকেই শুটিং শুরু করতে চাই। কথাবার্তা চলছে। শুটিং শুরু করলে অবশ্যই জানাব।"
প্রায় নয় মাস শুটিং না করার প্রসঙ্গে তিনি বলেন, "আমি আসলে নয় মাসের মতো শুটিং করিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। এখনো আছি, তবে তখন একটু বেশি খারাপ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। এটা চিন্তাভাবনা করে এখন করছি।"
এ সময় ভক্তদের ভালোবাসা ও সমর্থনের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, "যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট দেন, আমার জন্য অপেক্ষা করেন, তাদের যেটা চাওয়া আমি সেটা করতে চাই। যদি এত মানুষ চান আমি করি, তাহলে আমি অবশ্যই করব।"
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন
লাইভের শেষ দিকে দীর্ঘদিন পাশে থাকা ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানিয়া বৃষ্টি। অসুস্থতার সময়ে যারা তার খোঁজ নিয়েছেন, সুস্থতার জন্য দোয়া করেছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের ধন্যবাদ জানান তিনি।
এদিকে, অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়া বৃষ্টির হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।
চিকিৎসা চলমান থাকলেও অভিনয়ে ফেরার এই উদ্যোগে আশাবাদী তানিয়ার ভক্তরা। তবে শুটিং শুরুর চূড়ান্ত সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি অভিনেত্রী।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন