০৩:০৭ পি.এম
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদের কারণে, তিনি সন্তানদের থেকে দূরে রয়েছেন এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় ভুগছেন। সেলিনার অভিযোগ, ১৫তম বিবাহবার্ষিকীতে বিশেষ উপহারের কথা বলে তাকে ডেকে নিয়ে দেওয়া হয়েছিল বিবাহবিচ্ছেদের নোটিস।
২০১০ সালে সেলিনা পিটার হাগকে ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু সেই দাম্পত্য জীবনের সমাপ্তি তার জন্য হয়ে উঠেছে অত্যন্ত কষ্টকর। অভিনেত্রীর দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকী উপলক্ষে সারপ্রাইজ উপহারের কথা বলে তাকে পোস্ট অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তার জন্য অপেক্ষা করছিল বিবাহবিচ্ছেদের নোটিস, উপহার নয়।
অভিনেত্রী জানান, পরিস্থিতির কারণে অস্ট্রিয়ায় থাকা তার জন্য কঠিন হয়ে পড়ে। স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় জরুরি কাগজপত্র ও মায়ের স্মৃতিবিজড়িত কিছু শাড়ি নিয়ে গত বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ে ফিরে আসেন তিনি।
আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
সেলিনার ব্যক্তিগত জীবনে রয়েছে গভীর শোকের স্মৃতি। ২০১২ সালে তিনি যমজ পুত্রসন্তানের মা হন। পরে ২০১৭ সালে আবারও যমজ সন্তানের জন্ম দেন। তবে জন্মগত হৃদরোগের কারণে তার এক সন্তান শামশের জন্মের পরেই মারা যায়।
বর্তমানে সেলিনার তিন ছেলে উইনস্টন, ভিরাজ ও আর্থার অস্ট্রিয়ায় তাদের বাবার কাছে রয়েছে। অভিনেত্রী অভিযোগ করেছেন, প্রাক্-বিবাহকালীন সম্পত্তির অধিকার নিয়ে আদালতে মামলা করার পর থেকেই সন্তানদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকি অস্ট্রিয়ায় আইনি কাজে গিয়েও তিনি সন্তানদের সঙ্গে দেখা করতে পারেননি বলে দাবি করেছেন।
সন্তানদের ফিরে পেতে গত এক বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সেলিনা। একই সঙ্গে মামলা পরিচালনার খরচ জোগাড় করতেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন। অভিনেত্রীর দাবি, স্বামীর আইনজীবীরা তাকে মামলা চালানোর অর্থ না থাকলে অস্ট্রিয়ায় গিয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।
এছাড়া, সেলিনার অভিযোগ, ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়েছে এবং ভারতে তার নিজস্ব প্রাক্-বিবাহকালীন সম্পত্তি জোরপূর্বক বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন
বর্তমানে গার্হস্থ্য নির্যাতন-সংক্রান্ত আইনসহ মুম্বাই ও অস্ট্রিয়ার আদালতে একাধিক আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সেলিনা জেটলি। দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন, সন্তানদের সঙ্গে বিচ্ছিন্নতা এবং সম্পত্তি নিয়ে বিরোধ—সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।
তবে এসব অভিযোগের বিষয়ে পিটার হাগ বা তার আইনজীবীদের বক্তব্য এখানে পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন