০৪:৩২ পি.এম
খুলনা, ২ নভেম্বর ২০২৬ : মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে হত্যার ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পুত্র সৈয়দ নুর আমিন সৌহার্দ্য গতকাল রোববার (১ নভেম্বর) রাতে আড়ংঘাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত আসামি শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান সোমবার সকালে বাসসকে নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত আসামি সিদ্দিককে রাতেই গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, মূল অভিযুক্ত আরাফাতসহ অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার হওয়া শেখ সিদ্দিক রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার মৃত শেখ ইদ্রিস আলী ওরফে ইদিল ফকিরের পুত্র।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৪ থেকে ৫ জন দুষ্কৃতিকারী (তাদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল) দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইজি বাইকে এসে হুমায়ুন কবিরের নিজ প্রতিষ্ঠান 'আল-ক্যান্টিনো' নামক রেস্টুরেন্টে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছে মইন, আরাফাত, ফায়েক ও বায়েজিদ। তারা সবাই রায়ের মহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত আরাফাতের দোকান থেকে ক্রয়কৃত ফ্রিজের কিস্তির টাকা সময়মতো পরিশোধ না করায় ঘটনার আগে নিহত হুমায়ুন কবির এবং আরাফাত ও ফায়েকের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতি হয়। এরপরই তারা দেশীয় অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে আঘাত করে। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গতকাল রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় নিহত হন তাঁতি দল নেতা হুমায়ুন কবির। ঘটনার সময় তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘আল-ক্যান্টিনো' নামক রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুন কবির রায়ের মহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর পুত্র।
আরও পড়ুন: বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন