ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, ফিলিস্তিনিরা বারবার ঘরছাড়া


গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, ফিলিস্তিনিরা বারবার ঘরছাড়া

গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ পশ্চিম দিকে ক্রমাগত এগিয়ে আসছে। এর ফলে নতুন করে ফিলিস্তিনিরা ঘরছাড়া হচ্ছেন। নিরাপদ আশ্রয়ের স্থান সংকুচিত হয়ে আসায় পরিবারগুলোকে বারবার তাঁবু সরিয়ে অন্যত্র যেতে হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় মানুষের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্কের অবসান ঘটছে না।

গাজার শুজাইয়া এলাকায় ৩৫ বছর বয়সী মাহমুদ হারজিন ষষ্ঠবারের মতো তাঁবু সরানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি ইসরায়েলের নির্ধারিত হলুদ রঙের কংক্রিটের ব্লক থেকে প্রায় ২০০ মিটার দূরে তাঁবু গেড়েছেন। রেখাটি যত সামনে এগিয়ে আসে, বিপদ এড়াতে তিনি পরিবার নিয়ে তত পেছনে সরে যান।

আল জাজিরা কে তিনি বলেন, ‘প্রতিবার তারা একটু সামনে এগোয়, আমরাও একটু পেছনে সরে যাই।’ ২০২৫ সালের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজার ভূখণ্ডকে ইসরায়েলি ও ফিলিস্তিনি নিয়ন্ত্রিত এলাকায় ভাগ করতে ‘হলুদ রেখা’ নির্ধারণ করা হয়। চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর ওই রেখার পেছনে সরে যাওয়ার কথা ছিল। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, রেখাটি ক্রমে গাজার আরও ভেতরে এগিয়ে যাওয়ায় এখন ভূখণ্ডটির প্রায় ৬৫ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এক বছর আগে নির্ধারিত চুক্তিতে এ হার ছিল ৫৩ শতাংশ।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

গত রোববার (১১ অক্টোবর) গাজার পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকায় হলুদ রঙের কংক্রিটের ব্লকগুলো কয়েক মিটার পশ্চিম দিকে সরিয়ে নেয় ইসরায়েলি বাহিনী। এতে এলাকাটির আরও বেশি অংশ ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে চলে যায়। ফিলিস্তিনি পরিবারগুলো আবারও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়।

১০ সদস্যের পরিবারের ভরণপোষণ করেন মাহমুদ। গত এক বছর ধরে পরিবার নিয়ে কোথায় নিরাপদে থাকা যায়, সেই খোঁজেই কাটছে তার সময়। জেইতুন, সাহাত আল-শাওয়া ও আল-মুনতাজাসহ বিভিন্ন এলাকায় তাঁবু সরিয়ে থাকতে হয়েছে তাকে। সর্বশেষ এক জায়গায় তাঁবু গেড়ে মাত্র এক রাত ঘুমাতে পেরেছিলেন মাহমুদ। পরদিন সকালে রেখা আবার সামনে এগিয়ে আসায় বিছানাপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে হয়।

তার ভাষ্য, শুধু কংক্রিটের ব্লক সরানোর সময়ই নয়, আশপাশে ড্রোন, হেলিকপ্টার, গোলাবর্ষণ ও এলোপাতাড়ি গুলির কারণে সব সময় আতঙ্কে থাকতে হয়। গোলার টুকরোও আশ্রয় নেওয়া মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাতে রেখা এগিয়ে নেওয়ার সময় ট্যাংক, সেনাসদস্য ও ভারী গোলাবর্ষণের শব্দে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

যুদ্ধবিরতি সত্ত্বেও গত এক বছরে ইসরায়েলি হামলায় প্রায় ১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

গাজার অধিকাংশ মানুষ যুদ্ধ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপদ এলাকায় তাঁবু খাটানোর মতো জায়গা কমে গেছে। অন্যদিকে, বাড়িভাড়া বেড়ে যাওয়ায় মাহমুদের মতো অনেক পরিবারের পক্ষে নতুন আশ্রয় নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

রাতে পালানো, সকালে ফিরে আসা

শুজাইয়ার বাসিন্দা ৩২ বছর বয়সী আসমা আলীর জীবনেও একই অনিশ্চয়তা বিরাজমান। তিন সন্তানের এই মা জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে তাদের পরিবার সাত থেকে আটবার বাস্তুচ্যুত হয়েছে। গাজার কেন্দ্রীয় এলাকায় কিছুদিন থাকার পর তারা শুজাইয়ার আল-মান্তার এলাকায় ফিরে বসবাসের চেষ্টা করেন। কিন্তু এক মাস পর আবার গোলাবর্ষণ শুরু হলে নিরাপত্তার আশঙ্কায় সেখান থেকেও সরে যেতে হয়।

প্রথমে একটি বিদ্যালয়ে আশ্রয় নেন তারা। পরে একটি বাসস্টপের কাছে বাড়িতে ওঠেন। কিন্তু এক রাতে তীব্র গোলাবর্ষণের পর ভোরে সেখান থেকেও চলে যেতে হয়। শেষ পর্যন্ত গাজার কেন্দ্রীয় এলাকায় স্বজনদের কাছে আশ্রয় নেন তারা।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

আসমা বলেন, ‘প্রতিদিন রাতে পালাতে হতো, সকালে আবার ফিরে আসতাম। রাতটা কোথায় কাটানো যায়, সেই চেষ্টা করতে হতো; সকালে আবার ফিরে আসতাম।’ তার কথায়, হলুদ রেখা এগিয়ে আসার রাতগুলো সবচেয়ে ভয়ংকর। রাতের শুরু থেকে ভোর পর্যন্ত গুলির শব্দ চলতে থাকে। সব সময় মনে হয়, যেকোনো মুহূর্তে আবার পালাতে হতে পারে।

বাসস্থান ধ্বংস হয়ে যাওয়ায় আসমার পরিবারের স্বর্ণালংকার, ঘরের জিনিসপত্র ও সন্তানদের পোশাকসহ প্রয়োজনীয় অনেক কিছু হারিয়ে গেছে। হারানো জিনিসের মধ্যে প্রতিবন্ধী ছেলের জন্য কেনা একটি বিশেষ সহায়ক বন্ধনীও ছিল। মাত্র দুই দিন আগে সেটি পেয়েছিলেন তিনি।

আসমা বলেন, ‘চোখের পলকেই সব হারিয়ে গেল।’ পরিবারের জন্য নিরাপদ আশ্রয় খুঁজছেন তিনি। কিন্তু তাদের সামর্থ্যের মধ্যে থাকার জায়গা পাওয়া যাচ্ছে না। দক্ষিণ গাজার দিকে চলে যাওয়াও সহজ নয়। সেখানে যাওয়ার যানবাহন পাওয়া কঠিন, আর পৌঁছানোর পর নিরাপদ জায়গা মিলবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

আসমার চাওয়া খুব সাধারণ—সন্তানদের নিয়ে এমন একটি নিরাপদ জায়গা, যেখানে বারবার পালাতে হবে না। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন একটি নিরাপদ জায়গা, যেখানে সন্তানদের নিয়ে থাকতে পারব, বিশ্রাম নিতে পারব এবং নিশ্চিন্তে বসবাস করতে পারব।’

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়

বন্ধুমহলে বিয়ের ধুম চলছে, এবং কেউ কেউ সংসার গুছিয়ে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও যুগল ছবি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়শই বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের সম্মুখীন হতে হয়। নিছক কৌতূহল বা মজার ছলে বলা এসব কথা অনেক সময় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। এমনকি, কাছের মানুষের সঙ্গে সম্পর্কেও দূরত্ব সৃষ্টি হতে পারে।

"তোমার বিয়ের বয়স কিন্তু পার হয়ে যাচ্ছে" এই মন্তব্যটি অবিবাহিতদের জন্য সবচেয়ে বেশি শোনা যায়। কিন্তু প্রত্যেক মানুষের জীবনযাপন, পছন্দ ও অগ্রাধিকার আলাদা। কেউ ক্যারিয়ার গুছিয়ে নিতে চান, কেউ মানসিকভাবে প্রস্তুত হওয়ার অপেক্ষায় থাকেন, আবার কেউ মনের মতো জীবনসঙ্গী খুঁজে পান না। বয়সের সঙ্গে বিয়ের সিদ্ধান্তকে জুড়ে দিয়ে এমন মন্তব্য করা সংশ্লিষ্ট ব্যক্তির ওপর অযাচিত মানসিক চাপ সৃষ্টি করতে পারে।

আর কত বাছবিচার করবে?

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের পছন্দ ও প্রত্যাশা থাকা স্বাভাবিক। কিন্তু অনেকেই বিষয়টিকে অতিরিক্ত বাছবিচার হিসেবে দেখেন। অথচ সারা জীবন একসঙ্গে কাটানোর জন্য উপযুক্ত মানুষ বেছে নেওয়া একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। এমন মন্তব্য অবিবাহিত ব্যক্তির আত্মবিশ্বাসে আঘাত করতে পারে এবং তাকে নিজের সিদ্ধান্ত নিয়ে অস্বস্তিতে ফেলতে পারে।

"বিয়ে না করলে একা একা বিষণ্ণ হয়ে পড়বে" এই ধারণা সঠিক নয়। আবার বিয়ে করলেই যে জীবনে একাকীত্ব থাকবে না, তারও নিশ্চয়তা নেই। অনেকেই অবিবাহিত জীবনেও পরিবার, বন্ধু ও পছন্দের কাজ নিয়ে পরিপূর্ণ জীবন কাটান। তাই ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মন্তব্য না করে বন্ধুর বর্তমান জীবন ও সিদ্ধান্তকে সম্মান জানানো জরুরি।

বিয়ে করো, জীবন অনেকটাই হালকা লাগবে

বিয়ের পর জীবনে নতুন আনন্দ ও অভিজ্ঞতা যুক্ত হতে পারে। তবে এর সঙ্গে বাড়ে দায়িত্ব, পারস্পরিক সমঝোতা ও নানা ধরনের চ্যালেঞ্জও। মানসিক প্রস্তুতি ছাড়া কিংবা অনিচ্ছায় বিয়ের সিদ্ধান্ত নিলে জীবনে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই বিয়েকে সব সমস্যার সমাধান হিসেবে তুলে ধরা বা কাউকে এ বিষয়ে চাপ দেওয়া উচিত নয়।

"তোমার তো কোনো দায়িত্ব নেই, দিন ভালোই কাটছে" এই ধারণা অবিবাহিতদের জীবনকে দায়িত্বহীন বা দুশ্চিন্তামুক্ত ভাবার সুযোগ দেয় না। পরিবার, কর্মক্ষেত্র, আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদেরও নানা চাপ সামলাতে হয়। প্রত্যেকের জীবনের লড়াই আলাদা। তাই কারও বৈবাহিক অবস্থার ভিত্তিতে তার দায়িত্ব বা সমস্যাকে ছোট করে দেখা অনুচিত।

ব্যক্তিগত সিদ্ধান্তে সম্মান জরুরি

একটি নির্দিষ্ট বয়সের পর বিয়ে না করলে অনেকের মধ্যে নানা প্রশ্ন ও অনুমান তৈরি হয়। কখনও বন্ধুদের আড্ডায়, কখনও পারিবারিক অনুষ্ঠানে এসব প্রশ্নের মুখে পড়তে হয় অবিবাহিতদের। কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে বারবার প্রশ্ন করা বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।

বিয়ে প্রত্যেক মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। কখন বিয়ে করবেন, আদৌ করবেন কি না, এটি নির্ধারণের অধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরই। বন্ধুত্বের জায়গা থেকে কাউকে চাপ না দিয়ে তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। কারণ, ভালো বন্ধুত্বের পরিচয় খোঁচা দেওয়া কথায় নয়, বরং পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও মানসিক সমর্থনে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন কেইন

হ্যারি কেইন চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়স পেরোনোর পর গোল করার ক্ষেত্রে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন। এখন ইংল্যান্ডের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছেন। ভাইকিংয়ের বিরুদ্ধে জোড়া গোল করে নতুন এক মাইলফলক গড়ার পাশাপাশি এই সম্ভাবনাও আরও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কেইন ব্যবধান কমান। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন।

ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছরের পর কেইনের গোলসংখ্যা ৩৬ দাঁড়িয়েছে। তিনি ৪০টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে, একই বয়সে মেসি ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন। অর্থাৎ, কেইন মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন।

তবে এই তালিকায় এখনও সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।

এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো।

আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে কেইন টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড।

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট।

জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১।

চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে নজর কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা, বাজারে অনিয়মের বিরুদ্ধে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা, বাজারে অনিয়মের বিরুদ্ধে অভিযান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি চালিয়ে দেশের ৪৬ জেলায় ১২০টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ ৪৬ জেলায় অধিদপ্তরের ৬১টি টিম একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে এসব অভিযান পরিচালনা করে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় পণ্যের বিক্রয়মূল্য, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়।

ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত ও পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

ফল ব্যবসায়ীদের ন্যায্য ও যৌক্তিক মূল্যে ফল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং ফলে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই ও সঠিক ওজন বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে। প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনা এবং রশিদ বা ভাউচার সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

কেনাকাটায় অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সমর্থন ও সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ সংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির পেছনে পূর্ববর্তী সরকারের সময় থেকে উদ্ভূত সমস্যাগুলোকে বিবেচনায় নিচ্ছে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে বলে তাদের ধারণা।

তিতুমীর আরও বলেন, বর্তমান সরকার বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করছে, এমনটাই সংশ্লিষ্ট পক্ষগুলোর বিশ্বাস। এই কারণে আইএমএফ, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ বিভিন্ন পক্ষ বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস প্রদান করছে।

এছাড়া, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সহযোগিতার অগ্রগতি এবং নিশ্চয়তা পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%