বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৮:৪১ পি.এম
২৭ আগস্ট, ২০২৬ : যুক্তরাষ্ট্র বুধবার যুক্তরাজ্যভিত্তিক প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ব্রিটিশ সরকারও সংগঠনটিকে নিষিদ্ধ করেছে। ট্রাম্প প্রশাসন বামপন্থী আন্দোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করার অংশ হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করেছে।
২০২০ সালে প্রতিষ্ঠিত প্যালেস্টাইন অ্যাকশন বর্তমানে যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করছে। এই নিষেধাজ্ঞার ফলে কয়েক হাজার মানুষের গ্রেফতার হয়েছে। অধিকার সংগঠনগুলো নিষেধাজ্ঞার নিন্দা করে বলেছে, এটি ভিন্নমতকে অপরাধ হিসেবে গণ্য করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
প্যালেস্টাইন অ্যাকশনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, সংগঠনটির উদ্দেশ্য হলো ‘ইসরাইলের গণহত্যামূলক ও বর্ণবাদী শাসনে বৈশ্বিক অংশগ্রহণ’ বন্ধ করা।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর ইসরাইল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যার ফলে সংগঠনটি ব্যাপক পরিচিতি লাভ করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর ‘কট্টর বামপন্থী’ হিসেবে অভিহিত সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেন।
বুধবারের মার্কিন পদক্ষেপের অংশ হিসেবে ইতালিভিত্তিক এ/আই কালেকটিভ নামেও পরিচিত অটিস্টিসি/ইনভেনতাতি এবং ফিলিস্তিনপন্থী সংগঠন মাসার বাদিলকেও ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট প্যালেস্টাইন অ্যাকশনসহ তিনটি সংগঠনকে ‘সহিংস চরম বামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অটিস্টিসি/ইনভেনতাতিকে ‘একটি বড় চরম বামপন্থী প্রযুক্তি সংগঠন’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয় ও সহিংস অ্যান্টিফা গোষ্ঠীগুলো এ সংগঠনের সেবা গ্রহণ করে।
রুবিও এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমাদের সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ চালানো এবং আইনশৃঙ্খলা দুর্বল করার ষড়যন্ত্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা কিংবা কর্তৃপক্ষের কাছ থেকে নিজেদের অপরাধ গোপনের ষড়যন্ত্র করা সহিংস উগ্রপন্থীদের জন্য কোনো আশ্রয় থাকবে না।’
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চরম বামপন্থী সংগঠনগুলোর বিরুদ্ধে ওয়াশিংটন ‘আমাদের অর্থনৈতিক হাতিয়ারগুলোর পূর্ণ শক্তি প্রয়োগ করবে’ এবং যতক্ষণ না তারা নির্মূল হবে ‘তাদের আর্থিক উৎসগুলো কেটে দেওয়া হবে।’
প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি বলেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত ‘মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, তাদের সবার জন্য সতর্কবার্তা হওয়া উচিত।’
আম্মোরি বলেন, ‘জীবন রক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মকাণ্ড সবসময় ইসরাইলের যুদ্ধযন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য বজায় ছিল। গাজায় যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে এসব কর্মকাণ্ড নেওয়া হয়।’
তবে ইসরাইল এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে বলেছে, ‘সন্ত্রাসী সংগঠনগুলো পশ্চিমা সমাজে ধারাবাহিক ভাবে সুযোগ নিয়েছে। তারা সহিংস কর্মকাণ্ড আড়াল করতে রাজনৈতিক ও মানবিক উদ্দেশ্যের কথা বলেছে, তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করেছে এবং অবৈধ অর্থায়নের পথ তৈরি করেছে।’
এপ্রিল মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়নের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও রাশিয়ার নেতারা একটি নতুন ‘শোষণমূলক’ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আদালত খালাস দিয়েছেন। আদালত মির্জা আব্বাসকে পৃথক ১৫ মামলায় এবং আমির খসরুকে এক মামলায় খালাস প্রদান করে।
আজ বৃহস্পতিবার, ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা ১৫টি মামলায় ১২ জনকে আসামি করা হয়েছিল। অপর আসামিরা হলেন- এস এম জাফর উল্লাহ, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী, গোলাম নবী, কাজী রিয়াজুল মনির, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুস সাদেক, হুমায়ন খান, মীর মোশাররফ হোসেন, ইকবাল উদ্দিন চৌধুরী, মো. শহীদ আলম। আদালত রায়ে মির্জা আব্বাস ছাড়া বাকি ১১ জনকেও খালাস দেন।
এছাড়া, আমির খসরু মাহমুদ চৌধুরীকে এক মামলায়, আহমেদ আকবর সোবহানকে দুই মামলায়, মেহেদী হাসান, শফিকুর রহমান কিরন, নুরুচ্ছাফা, মো. শুকুর মিয়া, হাসনা আহমেদ, আলী হায়দার চৌধুরীকে পৃথক মামলায় আসামি করা হয়েছিল। আদালত তাদের প্রত্যেককেই এসব মামলায় খালাস দেন।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাগুলোর অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, চারদলীয় জোট সরকারের সময় সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি রাজউক কর্তৃক সাজানো দরপত্রে কারচুপি ও দুর্নীতির মাধ্যমে নিজেদের পছন্দের ব্যক্তিদের পাইয়ে দিয়ে তারা সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার ক্ষতি সাধন করেন।
২০০৭ সালের ২৯ মার্চ দুদক এসব ঘটনায় পৃথক ১৫টি মামলা দায়ের করে। মামলাগুলোর তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। একই বছরের ২৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার বিচার চলাকালে আদালত ২৪ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : দেশের তরুণ জনগণের দক্ষতা ও উৎপাদনশীলতার দিকে নজর দিয়ে উচ্চমানের কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। এ ক্ষেত্রে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ বৃহস্পতিবার চীনের গুয়াংডং প্রদেশের কিংইউয়ান শহরের গুয়াংডং ভোকেশনাল সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা বিনিময়’ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
দুই দেশের মধ্যে কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি ও শিল্প-শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী আধুনিক দক্ষতা প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব এবং কর্মসংস্থানমুখী শিক্ষায় চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ আধুনিক কারিগরি শিক্ষা সংস্কারে চীনের সাফল্য ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে অত্যন্ত আগ্রহী।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন মন্তব্য করেন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, পাঠ্যক্রম উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপক্ষীয় শিক্ষা বিনিময় বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর করবে। তিনি উল্লেখ করেন, এ ধরনের সহযোগিতা কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে টেকসই ভূমিকা রাখবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করতে চীনা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থায় উন্নত প্রযুক্তি প্রবর্তন ও আধুনিক পাঠ্যক্রম প্রবর্তনের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্প-শিক্ষা সমন্বয়ের নতুন প্ল্যাটফর্ম হিসেবে ‘চাইনিজ + ভোকেশনাল স্কিলস’ ইন্ডাস্ট্রি-এডুকেশন ইন্টিগ্রেশন অ্যালায়েন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গুয়াংডং ভোকেশনাল সিটি ও প্রদেশের ১১টি কারিগরি ও ভোকেশনাল কলেজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশের প্রতিনিধিদল ‘বেইদৌ+’ ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাবরেটরি পরিদর্শন করেন এবং রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : ফ্রান্সের পর্যটনকেন্দ্র আলপ দ’উয়েজে একটি ক্যাবল কার ক্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ২৩ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। কর্মকর্তারা বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছেন।
আলপ দ’উয়েজের মেয়র জ্যঁ-ইভ নোরে এএফপিকে জানিয়েছেন, বুধবার সকালে ২ হাজার ৩০০ মিটার উচ্চতায় দুর্ঘটনাটি ঘটে, যখন ক্যাবল কারের কেবিনে প্রায় ৫০ জন যাত্রী উপস্থিত ছিলেন।
বার্তা সংস্থা এএফপি ফ্রান্সের লিওঁ থেকে এই খবরটি জানায়।
নোরে বলেন, “মূলত মানুষজন আতঙ্কগ্রস্ত হয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।” তিনি আরও জানান, আহতদের মধ্যে অধিকাংশই হাসপাতাল ছেড়ে গেছেন।
তবে মেয়র উল্লেখ করেন, “ক্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর ক্যাবল কারটি কাত হয়ে যায় এবং ভেতরে থাকা লোকজন পিছলে পড়েন।”
তিনি বলেন, “তারা ভেবেছিলেন, তারা মারা যাবেন। তবে অপারেটর দ্রুত ব্যবস্থা নেন এবং কেবিনটি সমতল করতে সেটিকে পেছনের দিকে নিয়ে যান।”
আঞ্চলিক প্রশাসন জানায়, দুর্ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন আশা প্রকাশ করেছেন যে, শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে সংযোগ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব, কর্মসংস্থান এবং পেশাগত সম্ভাবনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে।
আজ বৃহস্পতিবার চীনের গুয়াংডংয়ে অনুষ্ঠিত ‘কারিগরি শিক্ষা সেতুবন্ধন ও চীন-বাংলাদেশ অর্থনৈতিক-বাণিজ্য মেধা উন্নয়ন’ শীর্ষক এক সিম্পোজিয়ামে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা সরকারের প্রধান অঙ্গীকার।” তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা হলো, ক্লাসরুমের তাত্ত্বিক শিক্ষাকে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করা এবং সবার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বাধ্যতামূলক করা। পাশাপাশি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি তরুণদের এগিয়ে রাখতে মান্দারিন (চীনা ভাষা) চর্চাকে অগ্রাধিকার দিয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহ্দী আমিন বলেন, বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বকে টেকসই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, ক্রস-বর্ডার ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল টেকনোলজি-এর মতো উদীয়মান প্রযুক্তি খাতে বিশ্বমানের দক্ষ জনশক্তি তৈরি করা অত্যন্ত জরুরি।
তিনি চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানের সহায়তায় আধুনিক কারিগরি পাঠ্যক্রম প্রণয়ন, যৌথ সার্টিফিকেশন এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান।
সিম্পোজিয়ামে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া, চীনের বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-গবেষক, শিক্ষার্থী এবং চীনের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠান চীনের ১১টি শীর্ষ কারিগরি ও প্রযুক্তিগত কলেজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। কলেজগুলো হলো- এনপিং ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন সেন্টার, গুয়াংডং লিটারেচার অ্যান্ড আর্ট ভোকেশনাল কলেজ, গুয়াংডং নানহুয়া ভোকেশনাল কলেজ অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, গুয়াংডং পলিটেকনিক অব সায়েন্স অ্যান্ড ট্রেড, গুয়াংডং টিচার্স কলেজ অব ফরেন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড আর্টস, গুয়াংডং ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক, গুয়াংডং কান্ট্রি গার্ডেন ভোকেশনাল কলেজ, গুয়াংডং জিয়াংমেন প্রিস্কুল এডুকেশন কলেজ, কিংইয়ুয়ান পলিটেকনিক, গুয়াংডং লিংনান ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজ এবং গুয়াংঝু প্রিস্কুল এডুকেশন কলেজ।
এ সময় বাংলাদেশের শিক্ষামন্ত্রী ও উপদেষ্টা ‘বেইডৌ+’ ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাবরেটরি পরিদর্শন করেন এবং রোবোটিক্স, রোবট ডগের প্রোগ্রামিং এবং চীনা চা সংস্কৃতির প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।
বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার প্রসারে গুয়াংডং ‘চায়নিজ + ভোকেশনাল স্কিলস’ ইন্ডাস্ট্রি-এডুকেশন ইন্টিগ্রেশন অ্যালায়েন্স চালু করা এ আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল। এটি কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে সহযোগিতার এক নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে।
উভয় পক্ষই এই আলোচনাকে বাস্তবসম্মত ও টেকসই অংশীদারিত্বে রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন। আশা করা হচ্ছে, এটি কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পের সাথে সংযুক্ত প্রশিক্ষণের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ