০৩:২৭ এম
চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০ বছর বয়সী বৃদ্ধ মো. নুরুজ্জামানের জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে পরিচিত ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় জোরারগঞ্জ থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে, চুরি হওয়া অটোরিকশাটি ফেনীর ছাগলনাইয়া থেকে উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
পুলিশের সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর, প্রতিদিনের মতো, বৃদ্ধ নুরুজ্জামান তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারইয়ারহাট বাজারে দুই ব্যক্তি যাত্রী হিসেবে তার অটোরিকশায় ওঠেন। তারা হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া এলাকায় যাওয়ার কথা বলেন। গন্তব্যে পৌঁছানোর পর, সিগারেট জ্বালানোর কথা বলে অটোরিকশা থামাতে বলেন ওই দুই যাত্রী। নুরুজ্জামান গাড়ি থামানোর পর, তারা তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। এই ঘটনার পর, বৃদ্ধ নুরুজ্জামান জোরারগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফেনীর ছাগলনাইয়া থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, ৮০ বছর বয়সী নুরুজ্জামান তার ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার আয়ের একমাত্র অবলম্বন অটোরিকশাটি গত ২৯ সেপ্টেম্বর যাত্রীবেশে দুই ব্যক্তি নিয়ে যান। পুলিশ অভিযান চালিয়ে ফেনীর ছাগলনাইয়া থেকে অটোরিকশাটি উদ্ধার করে মঙ্গলবার বিকেলে মালিকের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অটোরিকশাচালকদের সতর্ক অবস্থানে থেকে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে। বৃদ্ধ নুরুজ্জামানের জীবিকার একমাত্র অবলম্বনটি উদ্ধার করে তার হাতে তুলে দিতে পেরে পুলিশ স্বস্তি ও আত্মতৃপ্তি বোধ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন