ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হলেন রিপাবলিকান বায়রন ডোনাল্ডস


ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হলেন রিপাবলিকান বায়রন ডোনাল্ডস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বায়রন ডোনাল্ডস। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ডেভিড জোলিকে পরাজিত করেন। এর ফলে ডোনাল্ডস যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর হিসেবে পরিচিতি লাভ করতে যাচ্ছেন।

বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বায়রন ডোনাল্ডসকে বিজয়ী ঘোষণা করেছে। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে, তিনি ৫০ দশমিক ০২ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, জোলি পেয়েছেন ৪৮ দশমিক ৭১ শতাংশ ভোট।

বিজয়ী ভাষণে বায়রন ডোনাল্ডস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, ‘ফ্লোরিডা জানিয়ে দিচ্ছে, আমরা এখনো রিপাবলিকানদের পক্ষেই আছি।’ নির্বাচনী প্রচারে ট্রাম্পের সমর্থন পাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।

আরও পড়ুন: ‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, চীনের বিপাকে ছবি

ফ্লোরিডার বিদায়ী রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত বায়রন ডোনাল্ডস। ডিস্যান্টিসের নেতৃত্বে অঙ্গরাজ্যটি সাম্প্রতিক বছরগুলোতে আরও রক্ষণশীল রাজনৈতিক অবস্থানের দিকে এগিয়েছে।

বায়রন ডোনাল্ডসের জয়কে রিপাবলিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার কারণে দেশজুড়ে রিপাবলিকানদের নির্বাচনী অবস্থান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এ পরিস্থিতিতে, ট্রাম্পের নিজ রাজ্য ফ্লোরিডায় ডোনাল্ডসের জয় দলটির অবস্থানকে ধরে রাখার ইঙ্গিত দেয়।

অন্যদিকে, ডেভিড জোলি একসময় রিপাবলিকান দলের আইনপ্রণেতা ছিলেন। পরে তিনি দল পরিবর্তন করে ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন এবং মধ্যপন্থি অবস্থান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনী প্রচারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়ির বিমার খরচ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। বিশেষ করে ঘূর্ণিঝড়প্রবণ ফ্লোরিডায় বাড়ির বিমার উচ্চ ব্যয় ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

উল্লেখ্য, ২০১৮ সালে অল্প ব্যবধানে জয়ী হওয়ার পর, ২০২২ সালের নির্বাচনে রন ডিস্যান্টিস প্রায় ২০ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। গত তিন দশকের বেশি সময় ধরে ফ্লোরিডায় কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হননি। এবারও রিপাবলিকানদের মধ্যে প্রায় ১৫ লাখ ভোটারের নিবন্ধনগত ব্যবধান এবং ডোনাল্ডসের প্রচার তহবিলে এগিয়ে থাকা তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: পিবিএস , সিএনএন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারিস জ্যাকসন বাবার সম্পদ থেকে ৬০০ মিলিয়ন ডলার দাবি করে আদালতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


প্যারিস জ্যাকসন বাবার সম্পদ থেকে ৬০০ মিলিয়ন ডলার দাবি করে আদালতে মামলা

মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছর পরেও তার সম্পদের উত্তরাধিকার নিয়ে নতুন আইনি লড়াই শুরু হয়েছে। প্যারিস জ্যাকসন, মাইকেলের মেয়ে, বাবার বিপুল সম্পদ থেকে ৬০০ মিলিয়ন ডলার দাবি করে আদালতে আবেদন করেছেন। তার অভিযোগ, বাবার মৃত্যুর পর এস্টেট বিভিন্ন ব্যবসায়িক চুক্তির মাধ্যমে বিপুল অর্থ আয় করলেও, সন্তানদের ভবিষ্যতের জন্য গঠিত ট্রাস্টে এখনো কোনো অর্থ জমা হয়নি।

লস অ্যাঞ্জেলেসের আদালতে ২৯ অক্টোবর করা এক আবেদনে প্যারিস দাবি করেন, ২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তার এস্টেট বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে। অথচ তার এবং দুই ভাই, প্রিন্স ও বিগির ভবিষ্যৎ সুরক্ষার জন্য গঠিত পারিবারিক ট্রাস্ট এখনো কার্যত শূন্য অবস্থায় রয়েছে।

এই ট্রাস্টটি মাইকেল জ্যাকসনের তিন সন্তানকে আর্থিক নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, ২১ বছর বয়স পূর্ণ হলে সন্তানদের নিজ নিজ অংশের আয় পাওয়ার কথা। ৩০, ৩৫ ও ৪০ বছর বয়সে মূল অর্থের নির্দিষ্ট অংশ পাওয়ার বিধানও রয়েছে। কিন্তু প্যারিসের অভিযোগ, বাবার মৃত্যুর এত বছর পরও সেই ব্যবস্থা কার্যকর হয়নি।

বর্তমানে প্রিন্সের বয়স ৩০-এর কাছাকাছি, প্যারিস ২৯ এবং বিগির বয়স ২৫ হতে চলেছে। তবে নিজেদের প্রাপ্য সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এখনো এস্টেটের একমাত্র নির্বাহক জন ব্রাঙ্কারের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের।

প্যারিসের আইনজীবীরা দাবি করেছেন, গত কয়েক বছরে একাধিক বড় ব্যবসায়িক চুক্তির মাধ্যমে মাইকেল জ্যাকসনের এস্টেট বিপুল অর্থ আয় করেছে। উল্লেখযোগ্য চুক্তিগুলোর মধ্যে ২০১৮ সালে ২৮৭ দশমিক ৫ মিলিয়ন ডলারে ইএমআই মিউজিকের শেয়ার বিক্রি, ২০২০ সালে ২২ মিলিয়ন ডলারে নেভারল্যান্ড রেঞ্চ বিক্রি এবং ২০২৩ সালে সনির সঙ্গে মাইকেলের গানের স্বত্ব নিয়ে চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

এসব লেনদেন থেকে কর ও আনুষঙ্গিক ব্যয় বাদ দিয়েও এস্টেটের আয় এক বিলিয়ন ডলারের বেশি। বর্তমানে সম্পত্তিটির মোট মূল্য দুই থেকে তিন বিলিয়ন ডলার বলে দাবি করা হয়েছে।

আদালতে দেওয়া আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এস্টেটের হাতে প্রায় ৮৫০ মিলিয়ন ডলার নগদ অর্থ ছিল। সম্ভাব্য দায়দেনা মেটানোর পরও সেখান থেকে অন্তত ৬০০ মিলিয়ন ডলার পারিবারিক ট্রাস্টে স্থানান্তর করা সম্ভব। প্যারিসের অভিযোগ, ২০১১ সালে এস্টেটের নির্বাহকেরা ট্রাস্টে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

এদিকে, এস্টেট পরিচালনা নিয়ে আপত্তি তোলার পর থেকেই প্যারিস প্রকাশ্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেছেন। এমনকি তার এবং ভাইদের জন্য বরাদ্দ ভাতার পরিমাণও কয়েক মিলিয়ন ডলার কমিয়ে দেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে প্যারিসের অভিযোগ প্রত্যাখ্যান করেছে মাইকেল জ্যাকসনের এস্টেট কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রের কর কর্তৃপক্ষের সঙ্গে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের চলমান আইনি বিরোধসহ বেশ কিছু আর্থিক বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরো অর্থ ট্রাস্টে স্থানান্তর করা সম্ভব নয়।

এক বিবৃতিতে এস্টেট কর্তৃপক্ষ দাবি করেছে, সন্তানদের অর্থ আটকে রাখা বা তাদের বরাদ্দ কমিয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। ইতোমধ্যে সন্তানদের কল্যাণে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করা হয়েছে। মাইকেলের ইচ্ছাপত্র অনুযায়ী, ৩০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে সন্তানদের কেউই সম্পদের বড় অংশ পাওয়ার অধিকারী নন।

বাবার মৃত্যুর প্রায় দেড় যুগ পরেও তার বিপুল সম্পদের উত্তরাধিকার নিয়ে সন্তানদের এই আইনি লড়াই নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আগামী ৪ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের আদালতে প্যারিস জ্যাকসনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয়, পপসম্রাটের সম্পদ নিয়ে এই বিরোধে আদালত কী সিদ্ধান্ত নেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আশিক সাঈদ, যিনি জুলাই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে ছিলেন এবং উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে কর্মরত ছিলেন, যেখানে তিনি ২০২৬ সালের জুলাই মাসে যোগদান করেন। পেশাগত জীবনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই জ্যেষ্ঠ কর্মকর্তার।

গাজীপুর, যা শিল্পনগরী হিসেবে পরিচিত, সেখানে অপরাধ দমন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার পথ সুগম করতে নতুন কমিশনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্প-কারখানার সুরক্ষা প্রদান ও শ্রমিক অসন্তোষ সামাল দেয়ার পাশাপাশি মহানগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার কাছে ইতিবাচক প্রত্যাশা রয়েছে।

সংশ্লিষ্ট মহলের ধারণা, আশিক সাঈদের নেতৃত্ব গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং জনবান্ধব পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

উল্লেখ্য, মো. আশিক সাঈদ ২০তম বিসিএস (পুলিশ) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি ২০০১ সালের ৩১ মে চাকরিতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা জেলা, সিলেট, বান্দরবান, চট্টগ্রাম, কুড়িগ্রাম ও নাটোর জেলায় দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব (জিওলজি) বিষয়ে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে এই পুলিশ কর্মকর্তার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্লাবে ব্রাত্য হয়েও আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেলেন ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


ক্লাবে ব্রাত্য হয়েও আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেলেন ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো

গত মাসে এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের ম্যাচের মাধ্যমে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানান। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারের অবসরের পর আর্জেন্টিনা ফুটবল এখন তাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ আমেরিকার বর্তমান ও সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে চলতি মাসেই।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোমবোনেরায় তারা উরুগুয়ের মুখোমুখি হবে। এরপর ১৭ নভেম্বর কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে কোস্টারিকার বিরুদ্ধে খেলবে। এই দুই ম্যাচের জন্য গতরাতে (৩ নভেম্বর) দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। যে দলে সবচেয়ে বড় চমকের নাম অ্যারন আনসেলমিনো।

প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির ডিফেন্ডার অ্যারন আনসেলমিনোর নামটি হয়ত আর্জেন্টিনার পাঁড় সমর্থকরাও ভুলে যেতে বসেছেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। একের পর এক ইনজুরির কারণে তাকে মাঠে খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে। আর এই কারণেই লিওনেল স্ক্যালোনির দলে তার ডাক পাওয়া একটি বড় চমক। চলতি মৌসুমে ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ না পেয়েই জাতীয় দলে ডাক পেয়েছেন আনসেলমিনো!

আর্জেন্টিনার অন্যতম সেরা প্রতিভা হিসেবে পরিচিত আনসেলমিনো। এই কারণেই ২০২৪ সালে বোকা জুনিয়র্স থেকে চেলসিতে তাকে দ্রুত নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে একটি ম্যাচও খেলার সৌভাগ্য হয়নি এই ২১ বছর বয়সী ডিফেন্ডারের। সব মিলিয়ে মাত্র একবারই চেলসির নীল জার্সি গায়ে চড়াতে পেরেছেন তিনি। সেটিও ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে বেনফিকার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে, যেখানে তিনি মাত্র দুই মিনিটের মতো সময় খেলেছিলেন।

চেলসিতে যোগ দেওয়ার পর তাকে আবার ধারে বোকা জুনিয়র্সে পাঠানো হয়। এরপর বরুসিয়া ডর্টমুন্ড ও চেলসির সহযোগী ক্লাব স্ট্রাসবুর্গে স্বল্পমেয়াদি ধারে খেলেন এই ডিফেন্ডার। দুই ক্লাব মিলিয়ে তিনি মাত্র ১৩টি ম্যাচ খেলেছেন।

চলতি ২০২৬-২৭ মৌসুমে জাবি আলোনসোর দলের হয়ে আনসেলমিনো এখনো মাঠে নামেননি। আগস্টে লুটনের বিরুদ্ধে কারাবাও কাপের ম্যাচে একবার স্কোয়াডে থাকলেও পুরো ম্যাচ বেঞ্চেই কাটাতে হয়েছে তাকে।

এদিকে, মৌসুমের শুরু থেকেই ঊরুর চোটে ভুগছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। তবে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে নিজের ভাগ্য বদলানোর সুযোগ পেতে পারেন তিনি।

স্ক্যালোনির দলে জায়গা পাওয়া চেলসির একমাত্র খেলোয়াড় অবশ্য আনসেলমিনো নন। দলে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজও। চোয়ালের হাড় ভাঙার কারণে চেলসির হয়ে সর্বশেষ তিনটি ম্যাচ খেলতে পারেননি মার্টিনেজ। তবে জাতীয় দলে ডাক পাওয়ায় আন্তর্জাতিক বিরতির পর তাকে আবারও পাওয়ার ব্যাপারে আশাবাদী হতে পারেন কোচ আলোনসো।

এছাড়া দলে জায়গা পেয়েছেন ভ্যালেন্তিন বার্কোও। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে দাবি ইসরাইলের, সন্দেহ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


ইরান রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে দাবি ইসরাইলের, সন্দেহ যুক্তরাষ্ট্রের

ইসরাইল দাবি করেছে যে, ইরান তেল আবিবসহ অন্যান্য প্রতিপক্ষ দেশগুলোর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্যও হস্তান্তর করেছে ইসরাইল।

এদিকে, ইসরাইলের দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। কিছু মার্কিন কর্মকর্তা প্রশ্ন তুলেছেন যে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি আবারও যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে এই তথ্য ব্যবহার করছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের এবং মধ্যপ্রাচ্যের কিছু গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যে, ইরানে মার্কিন হামলার হুমকির মধ্যে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিক আলোচনায় ইসরাইল দাবি করেছে যে, ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। ইরান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাসায়নিক অস্ত্র নিক্ষেপ কিংবা গোপনে অন্য দেশে প্রবেশ করিয়ে হামলা চালানোর প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে।

ইসরাইলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচির চেয়ে রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য হুমকি এখন বেশি জরুরি। তবে মার্কিন কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে। কিছু কর্মকর্তা ইসরাইলের দেওয়া গোয়েন্দা তথ্যকে গুরুত্বের সঙ্গে দেখছেন, অন্যদিকে অন্যরা এর বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন।

তাদের আশঙ্কা, নেতানিয়াহু প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে রাজি করানোর জন্য এই গোয়েন্দা তথ্যকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সংশয় উপসাগরীয় দেশগুলোরও

ইসরাইল শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, উপসাগরীয় কয়েকটি দেশের কর্মকর্তাদের কাছেও একই ধরনের গোয়েন্দা তথ্য তুলে ধরেছে। তবে এসব দেশের কর্মকর্তারাও ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইল উপসাগরীয় দেশগুলোকে ইরানের রাসায়নিক অস্ত্র কর্মসূচি কার্যকর করার প্রস্তুতির বিষয়ে জানিয়েছে। কিন্তু এ দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি।

ওই কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলোর সরকার ইসরাইলের দেওয়া এসব গোয়েন্দা তথ্যকে গুরুত্বহীন বলে বিবেচনা করেছে।

ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা নিয়ে বিতর্ক

মার্কিন গোয়েন্দা মহলে ইরানের রাসায়নিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে দেশটির নেতৃত্ব বাস্তবে এমন অস্ত্র তৈরি করেছে কি না কিংবা থাকলেও এ অস্ত্র ব্যবহার করবে কি না, সেটাই এখন মূল প্রশ্ন।

২০০৩ সালে ইরান স্বীকার করেছিল যে, ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় তারা রাসায়নিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছিল। তবে পরবর্তী সময়ে সেই কর্মসূচি বন্ধ করে দেয়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা দফতরের মধ্যপ্রাচ্যবিষয়ক শীর্ষ কর্মকর্তা ডানা স্ট্রল জানিয়েছেন, দুই দশকেরও বেশি সময় ধরে ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির উপাদান মজুতের বিষয়টি পরিচিত। তবে ইরান এখন পর্যন্ত এসব অস্ত্র ব্যবহার করেনি।

তার মতে, ইরান যদি নিজেকে অস্তিত্বগত হুমকির মুখে মনে করে, তাহলে দেশটির নেতৃত্ব প্রচলিত অস্ত্রের বাইরে গিয়ে সরাসরি রাসায়নিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তও নিতে পারে। অন্যদিকে, ইরান রাসায়নিক অস্ত্র থাকার অভিযোগ নাকচ করে আসছে। তেহরানের দাবি, এসব অভিযোগ ইসরাইল ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য টাইমস অব ইসরাইল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%