০৪:৫৯ পি.এম
ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সকল স্তরের কর্মকর্তাদের অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে, অধিদপ্তর অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য অনুরোধ করেছে।
গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন কর্তৃক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার জন্য এলজিইডির কর্মকর্তাদের অফিসিয়াল সিম সরবরাহ করা হয়েছে। নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানে এই সিমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
এছাড়া, জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে লোকেশনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আদেশে বলা হয়েছে, অফিসিয়াল সিম যদি বন্ধ থাকে, তাহলে এসব কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজে জটিলতা দেখা দিতে পারে। তাই দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিমগুলো সার্বক্ষণিক সচল রাখা অত্যন্ত জরুরি।
প্রয়োজনে স্মার্ট সিম বা ই-সিম সুবিধাসম্পন্ন মোবাইল ফোন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে আদেশে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া সিম পুনরায় চালু করার জন্য এবং প্রাতিষ্ঠানিক সেবা গ্রহণের ক্ষেত্রে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইসংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট অনুমোদিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এ বিষয়ে অফিসের প্রয়োজনে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ নম্বরে এবং সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
অধিদপ্তরের সংশ্লিষ্ট সকল স্তরের প্রকৌশলী ও কর্মকর্তাদের এই নির্দেশনা অনুসরণ এবং বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন