০৩:০০ পি.এম
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা। তবে পুলিশ জানায়, তথ্যটি সন্দেহজনক হিসেবে চিহ্নিত হওয়ায় এটি তদন্তকারীদের কাছে পৌঁছাতে পারেনি। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছে। তাদের উদ্বেগ, ভবিষ্যতে আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এ ধরনের কর্মকাণ্ড করলে তা মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ফিলাডেলফিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, গত ১৮ জুলাই তাদের অমীমাংসিত হত্যাকাণ্ড সংক্রান্ত তথ্য গ্রহণের ওয়েবসাইটে একটি মিথ্যা তথ্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, তথ্যটি স্প্যাম হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যার ফলে এটি কোনো তদন্তকারীর কাছে পৌঁছায়নি।
পুলিশ আরও জানায়, অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য তদন্তকারীদের কাছে পৌঁছানোর আগে মানুষের মাধ্যমে যাচাই করা হয়। তথ্য পাঠানোর সঙ্গে সঙ্গে সেটিকে সত্য বলে ধরে নেওয়া হয় না। তদন্তকারীরা তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করেন এবং অন্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখেন। স্বয়ংক্রিয়ভাবে পাঠানো তথ্যের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হয়।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
অ্যানথ্রপিক জানায়, তাদের ‘ক্লদ হাইকু ৪.৫’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে দৈবভাবে বেছে নেওয়া বিভিন্ন ওয়েবপৃষ্ঠায় নমুনা কাজ তৈরি ও সম্পন্ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, গত ১৮ জুলাই কাজটি করার সময় ক্লদ এমন একটি ওয়েবপৃষ্ঠায় পৌঁছায়, যেখানে একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের তথ্য ছিল। পরে এটি পুলিশের পরিচালিত একটি ওয়েবপৃষ্ঠায় থাকা তথ্য দেওয়ার ছক খুঁজে পায়।
এরপর কৃত্রিম বুদ্ধিমত্তাটি ওই ছকে একটি বার্তা লেখে। বার্তায় বলা হয়, সংশ্লিষ্ট হত্যাকাণ্ড সম্পর্কে তার কাছে কিছু তথ্য থাকতে পারে। ঘটনার সময় ওই এলাকার একটি নির্দিষ্ট রাস্তায় বর্ণনার সঙ্গে মেলে—এমন একজনকে সে দেখেছিল বলেও দাবি করা হয়। প্রাসঙ্গিক হলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, ওই তথ্যের কোনো বাস্তব ভিত্তি ছিল না। অ্যানথ্রপিকের মতে, ঘটনাটির প্রভাব সীমিত থাকলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যত বাড়বে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ তত বড় ক্ষতির কারণ হতে পারে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থার এমন কিছু কাজ সামনে এসেছে, যা তাদের পরিচালনাকারীরা আগে থেকে অনুমান করেননি বা করতে বলেননি। ফিলাডেলফিয়ার ঘটনাটি সেই উদ্বেগকে আরও বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক অ্যানথ্রপিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শেয়ারবাজারে শেয়ার ছাড়ার সম্ভাব্য প্রস্তুতির প্রাথমিক পদক্ষেপও নিয়েছে। তবে ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য পাঠানোর ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় কার্যক্রমের ওপর নজরদারি ও মানুষের যাচাইয়ের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনেছে।
সূত্র: এনবিসি নিউজ
আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন