ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিনকে কারাগারে পাঠালো পুলিশ


ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিনকে কারাগারে পাঠালো পুলিশ

ভারতের উত্তর প্রদেশের বিজনোরে লাউডস্পিকারে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে একটি মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে।

সোমবার (১২ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, আজানের শব্দ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শুনে বিজনোর জেলার ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার এ পদক্ষেপ গ্রহণ করেন। গ্রেপ্তার হওয়া মুয়াজ্জিনকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

গ্রেপ্তার মুয়াজ্জিনের নাম মোহাম্মদ ফাইজান। গত শনিবার (১০ অক্টোবর) নাজিবাবাদে ‘সমাধান দিবস’ নামের একটি অভিযোগ শুনানি অনুষ্ঠানে যাওয়ার পথে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার (এসপি) কৃষ্ণ কুমার বিষ্ণোই উচ্চস্বরে আজানের শব্দ শুনতে পান। এরপর বিষ্ণোই কোতোয়ালি থানার পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার মালিক মসজিদে গিয়ে মাইক জব্দ করেন এবং মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে আটক করেন।

পরে উপপরিদর্শক সৌরভ কুমারের অভিযোগের ভিত্তিতে শব্দদূষণবিধি লঙ্ঘনের অভিযোগে ফাইজানের বিরুদ্ধে এফআইআর (প্রাথমিক অভিযোগপত্র) নথিভুক্ত করে পুলিশ। শান্তিভঙ্গের অভিযোগেও তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। পরে একজন উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এক বিট কনস্টেবলকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে জেলার সব থানাকে ধর্মীয় উপাসনালয়গুলোর মাইক নির্ধারিত শব্দসীমার মধ্যে চলছে—এ মর্মে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে এ নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এর আগে, গত সেপ্টেম্বরে ধর্মীয় উপাসনালয়গুলোর মাইকের বিরুদ্ধে বিজনোর জেলাজুড়ে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে কর্তৃপক্ষ মোট ২ হাজার ৫০৯টি মাইক সরিয়ে নেয় বলে জানা গেছে। এর মধ্যে মসজিদ থেকে ১ হাজার ৩২৩টি, মন্দির থেকে ১ হাজার ১১৬টি এবং গুরুদুয়ারা থেকে ৭০টি মাইক সরানো হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এখনও যেসব মাইক রয়ে গেছে, সেগুলো যেন নির্ধারিত শব্দসীমার মধ্যে ব্যবহার করা হয়, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ও আদালতের নির্দেশনা কার্যকর করতে জেলাজুড়ে অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, ধর্মীয় উপাসনালয়ে নির্ধারিত শব্দসীমার বেশি শব্দে মাইক চালাতে দেওয়া হবে না। সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও নিজ নিজ এলাকায় এসব নির্দেশনা কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিম মানসিক চাপ, স্থূলতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ: অধ্যাপক ড. বাপন দে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


ডিম মানসিক চাপ, স্থূলতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ: অধ্যাপক ড. বাপন দে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বাপন দে মন্তব্য করেছেন, ডিম একটি সুষম খাদ্য। ডিমের প্রোটিনকে স্ট্যান্ডার্ড প্রোটিন হিসেবে গণ্য করা হয় এবং এর প্রোটিনের মান ৯৪। ডিমে উপস্থিত কোলিন শুধুমাত্র মস্তিষ্কের বিকাশেই নয়, শরীরের বিভিন্ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন চারটি পর্যন্ত ডিম খেলে স্তন ক্যানসারের ঝুঁকি কমে যেতে পারে। ডিমের কুসুমে থাকা জিয়াজ্যানথিন দৃষ্টিশক্তির উন্নয়নে সহায়তা করে। তাছাড়া, ডিম মানসিক চাপ কমাতে, কর্মক্ষমতা বৃদ্ধি করতে, স্থূলতা নিয়ন্ত্রণে এবং ডায়াবেটিস প্রতিরোধেও কার্যকর হতে পারে।

বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। সোমবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাকৃবির পোলট্রি সায়েন্স বিভাগ এবং ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন- বাংলাদেশ শাখা (ডব্লিউপিএসএ-বিবি)।

ড. বাপন দে আরও জানান, সারাবিশ্বে বছরে প্রায় ১০০ মিলিয়ন মেট্রিক টন ডিম উৎপাদিত হয়, যার ৬০ শতাংশই এশিয়া মহাদেশে উৎপন্ন হয়। উৎপাদনের পাশাপাশি ডিমের সহজলভ্যতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের প্রতি সপ্তাহে অন্তত দুটি ডিম খাওয়া উচিত। তবে, বিশ্বব্যাপী ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও এর প্রভাব পড়ছে।

তিনি বলেন, ডিমে উচ্চমানের প্রোটিন, প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, কোলিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান বিদ্যমান। এসব পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ, দৃষ্টিশক্তি রক্ষা এবং হাড় ও দাঁতের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের অন্তর্ভুক্তি বৃদ্ধি করা প্রয়োজন। অনেকেই কোলেস্টেরলের ভয়ে ডিমের কুসুম খাওয়া এড়িয়ে চলেন। অথচ, ডিমের কুসুমে প্রোটিন, ভিটামিন, কোলিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। তাই ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থা ও খাদ্যাভ্যাস বিবেচনায় ডিমের সাদা অংশের পাশাপাশি কুসুমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

বাকৃবির পোলট্রি সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ও ডব্লিউপিএসএ বাংলাদেশ শাখার সহ-সভাপতি অধ্যাপক ড. মো. শওকত আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউপিএসএ বাংলাদেশ শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. সিরাজুল হক, পোল্ট্রি কনসালট্যান্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল হক এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমানসহ পশুপালন অনুষদের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ডব্লিউপিএসএ বাংলাদেশ শাখার সহ-সভাপতি অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, প্রাণিজ প্রোটিন ছাড়া আমাদের জীবনযাপন সম্ভব নয়। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো প্রাণিজ প্রোটিনের প্রয়োজনীয়তা অনুভব করে না, কিন্তু তারা উদ্ভিজ্জ প্রোটিনের পাশাপাশি দুগ্ধজাত পণ্য গ্রহণ করে, যা তাদের প্রোটিনের চাহিদা পূরণে সহায়তা করে। আমাদের খাদ্যতালিকায় অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড রাখতে হবে, যা আমরা প্রাণিজ প্রোটিন থেকে পাই। এর অন্যতম প্রধান উৎস হলো ডিম, দুধ ও মাংস। এসবের মধ্যে ডিমের প্রোটিনের গুণগত মান সবচেয়ে ভালো। একইসাথে এর দামও তুলনামূলকভাবে কম। ২৫ গ্রাম প্রোটিন পেতে ডিমের পেছনে খরচ হয় ৪০ টাকা, যেখানে মাংসের ক্ষেত্রে খরচ হয় ৮০ টাকা। ডিমকে সরকারের অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। বর্তমানে ডিম উৎপাদনে উৎপাদকদের প্রতি ডিমে ১০ টাকার বেশি খরচ বহন করতে হয়। তাই এ খাতে সরকারকে ভর্তুকি দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান বলেন, মানুষকে ডিম সম্পর্কে সচেতন করার প্রয়োজন তুলনামূলক কম। কারণ মানুষ প্রতিনিয়ত ডিম কিনছে ও গ্রহণ করছে। তাই ডিমের দাম বৃদ্ধির সাথে সাথে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বর্তমানে আমাদের প্রতিদিনের চাহিদা ৬ কোটি ডিম। ডিমের উৎপাদন বাড়লে এবং দাম কমলে মানুষের ডিম খাওয়ার পরিমাণ অনেক বেড়ে যাবে। এজন্য আমাদের উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন। বর্তমান সরকার উদ্যোক্তা তৈরিতে নানা প্রচেষ্টা চালাচ্ছে। উদ্যোক্তা তৈরি করতে পারলে ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে। মুরগির খাবার সহজলভ্য করা এবং খাবারের দাম কমানোর মাধ্যমে ডিমের দাম কমানো সম্ভব। ডিমের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাকে সামনে রেখেই আমাদের কাজ করে যেতে হবে।

এর আগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে চার হাজার ডিম বিতরণ করা হয়। ডিম বিতরণ শেষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষদের গেটের সামনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এসে শেষ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


মাভাবিপ্রবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন হল দুটিতে দায়িত্ব গ্রহণ করেছেন।

অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল জননেতা আব্দুল মান্নান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। অপরদিকে, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে উভয় প্রভোস্ট আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল দায়িত্ব পালনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ এবং আবাসিক হলে স্বাস্থ্যকর ও মানবিক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। তিনি মন্তব্য করেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। তাদের জন্য কাজ করতে পারা আমার কাছে আনন্দের। আমার সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের চেষ্টা করব, ইনশাআল্লাহ। একই সঙ্গে আবাসিক হলে সুষ্ঠু, সুন্দর, স্বাস্থ্যকর ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।”

অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট, বলেন, “একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারা সব সময়ই আনন্দের। হলের অভিভাবক হিসেবে এ দায়িত্বকে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার ভালো সুযোগ বলে মনে করছি। হলের আবাসন, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মানসহ শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের উদ্দেশ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকা শহরের লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় একটি সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে।

১২ অক্টোবর, সোমবার, এই অভিযানে নদীর দুই তীর থেকে প্রায় ১০০ টন প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। এছাড়া, ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ব্যবহৃত হয় ২টি এস্কেভেটর এবং ৫টি ড্রাম ট্রাক।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কর্তৃক দায়েরকৃত রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট উল্লিখিত এলাকার বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করে। এই নির্দেশনার বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয় এবং তাদের উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও নৌপুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ থেকে ২৯ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ থেকে ২৯ অক্টোবর

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সম্পর্কে তথ্য জানিয়েছেন।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) তিনি জানান, শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে যে, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশ করা হবে। তবে, ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় এ বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সারা দেশে তাদের জন্য ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল। এ বোর্ডের ৩১০টি কেন্দ্রে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী এবারের এইচএসসিতে অংশ নেয়।

এছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%