বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৪০ পি.এম
মিশরের ঐতিহ্যবাহী আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্প্রীতির আবহে। বিশ্বের প্রায় ৬০টি দেশের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী এই আয়োজন এক বৈচিত্র্যময় আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) গৌতম কুমার দে, যিনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। তার উপস্থিতি বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং বিশ্ববিদ্যালয়ের বহুজাতিক ও বৈচিত্র্যময় ক্যাম্পাস সংস্কৃতিকে উদযাপন করতে আয়োজিত অনুষ্ঠানে আইন শামস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টগণ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি ও কূটনীতিকরাও এতে অংশগ্রহণ করেন।
আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রদর্শনী। এতে বাংলাদেশ, ভারত, সৌদি আরব, সিরিয়া, ফিলিস্তিন, দক্ষিণ সুদান ও সুদানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজেদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবেশনায় দেশের লাল-সবুজের ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্য বিশেষভাবে উপস্থাপিত হয়। আন্তর্জাতিক পরিসরে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়ন ও ছাত্রসংগঠন বছরজুড়ে তাদের উদ্ভাবন, গবেষণা, সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন সাফল্যের চিত্র প্রদর্শন করে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও বহুমাত্রিক প্রতিভার প্রকাশ ঘটে।
আয়োজনে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা বলেন, আন্তর্জাতিক পরিসরে নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক সহযোগিতা ও উৎসাহ তাদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাচ্ছে।
আইন শামস বিশ্ববিদ্যালয়ের এই নবীন বরণ অনুষ্ঠান নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও আন্তর্জাতিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে উজ্জ্বল হয়ে উঠেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের রূপনগর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এক কিশোরীকে ব্যবহার করে মিথ্যা ও হয়রানিমূলক ধর্ষণচেষ্টা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে, ভুক্তভোগী পরিবারটিকে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্যও অপচেষ্টা চালানো হচ্ছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গুলশাখালী ইউনিয়নের রূপনগর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় অনেক বাসিন্দাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহ আলমের মা আনোয়ারা বেগম ও বাবা আব্দুল হাই লিখিত বক্তব্যে জানান, একই এলাকার জিনোয়ারা বেগমের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের প্রেক্ষিতে জিনোয়ারা বেগম তার ১২ বছর বয়সী মেয়েকে ব্যবহার করে শাহ আলমের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। তাদের দাবি, এই বানোয়াট মামলার উদ্দেশ্য হলো শাহ আলমকে সামাজিক ও মানসিকভাবে হেয় করা এবং ভয়ভীতি দেখিয়ে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা।
সংবাদ সম্মেলনে একই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত ইউপি সদস্য হাজেরা বেগমও উপস্থিত হয়ে একই ধরনের হয়রানির অভিযোগ করেন। তিনি জানান, জিনোয়ারা বেগম পূর্বে তার বিরুদ্ধে প্রায় ২০টি মিথ্যা মামলা দায়ের করেছেন। এসব মামলার কারণে তার ৬০ লাখ টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। একপর্যায়ে তিনি সহায়-সম্বল হারিয়ে টিকে থাকতে না পেরে নিজের জমি ছেড়ে দিতে বাধ্য হন।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিরা ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তারা এই জঘন্য হয়রানি বন্ধে এবং জমি বিরোধের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। একই সঙ্গে, মিথ্যার ভিত্তিতে দায়ের করা মামলাটি সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৫৪২ জনকে শুধুমাত্র জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ করা হয়, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামে, যেখানে পটিয়া উপজেলার বাসিন্দা ৫ হাজার ১৪৮ জন রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটির নিয়োগ প্রক্রিয়া এবং ৫ আগস্টের পর ছাঁটাই প্রক্রিয়ায় নিয়ম মেনে চলা হয়েছে কিনা, তা যাচাইয়ের জন্য চলতি বছরের এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংক সাত সদস্যের একটি কমিটি গঠন করে। নির্বাহী পরিচালক আরিফুজ্জামানের নেতৃত্বে গঠিত এই কমিটি সম্প্রতি প্রতিবেদনটি গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে জমা দিয়েছে।
প্রতিবেদনে কোনো সুপারিশ করা হয়নি, বরং নিয়োগ ও পরবর্তী ছাঁটাইয়ের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট ইসলামী ব্যাংকের মোট কর্মী সংখ্যা ছিল ২১ হাজার ৫৫১ জন। ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে ৮ হাজার ৫৪২ জনের নিয়োগে কোনো বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়নি।
চট্টগ্রামের বাসিন্দা ৮ হাজার ৯৯ জন, কক্সবাজারের ৩৯৮, কুমিল্লার ১১৪, ময়মনসিংহের ৯৯, বগুড়ার ৯৭ এবং ঢাকার ৯৬ জন রয়েছেন। রাজশাহী থেকে ৮৩, যশোর থেকে ৭৮, গাইবান্ধা থেকে ৭৫ এবং রংপুর থেকে ৬৬ জন নিয়োগ পেয়েছেন।
জীবনবৃত্তান্ত জমার বাক্স
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পটিয়ার বাড়ি এবং চট্টগ্রামের আসাদগঞ্জ কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বাক্স রাখা হতো। এসব বাক্সে পদের পাশাপাশি এলাকা ও নারী-পুরুষের আলাদা পরিচিতিও উল্লেখ থাকত।
কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল দৈবচয়নের ভিত্তিতে ওই সময়ে নিয়োগ পাওয়া ঢাকায় কর্মরত ১০ কর্মকর্তার লিখিত বক্তব্য নেয়। তারা জানিয়েছেন, জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পর সেখানেই তাদের মৌখিক পরীক্ষা ও নিয়োগ দেওয়া হয়। এমনকি ১০ জনের মধ্যে দুজনের কোনো মৌখিক পরীক্ষাই হয়নি।
২৭ পদে নিয়োগ
পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই মোট ২৭টি পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে দুই হাজার ৭৮৯ জন এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে দুই হাজার ১৬০ জন নিয়োগ পান। মেসেঞ্জার কাম গার্ড এক হাজার ৫৪৪ জন, আরডিএস প্রকল্পে ৯১৫ জন এবং ট্রেইনি জুনিয়র অফিসার পদে ৫০১ জন নিয়োগ দেওয়া হয়।
উচ্চপর্যায়ের পদেও একই ধরনের অনিয়মের তথ্য কেন্দ্রীয় ব্যাংক পেয়েছে। বিজ্ঞপ্তি ছাড়াই দুজন এমডি, আটজন ডিএমডি, দুজন এসইভিপি এবং একজন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়। পাঁচ ইভিপির মধ্যে চারজনকেও বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুযায়ী, ডিএমডি হতে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা এবং আগের পদে দুই বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, এ শর্ত পূরণ না করেই এস আলমের পিএস আকিজ উদ্দিনকে আট বছরের এবং মিফতাহ উদ্দীনকে ১৭ বছরের ব্যাংকিং অভিজ্ঞতায় ডিএমডি করা হয়।
প্রবেশনারি অফিসার নিয়োগেও প্রশ্ন
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারের চারটি ব্যাচ নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ২০১৯ সালের ২৪তম ব্যাচে ১৯০ জনকে বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে ১২ জন কোনো লিখিত পরীক্ষাতেই অংশ নেননি।
প্রতিবেদন অনুযায়ী, ৮৪০ জনের জীবনবৃত্তান্ত প্রধান কার্যালয়ে পাঠানো হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৭৬৩ জন। এর মধ্যে মাত্র ৩৬ জন ৫০ শতাংশের বেশি নম্বর পান। পরে নম্বরের শর্ত শিথিল করে ২০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীদেরও মৌখিক পরীক্ষায় ডাকা হয়। শেষ পর্যন্ত ১৯০ জনকে ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়। তাদের সবাই চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।
এই ব্যাচের ১৮৪ জন যোগদান করেন। বর্তমানে চাকরিতে আছেন মাত্র ৩১ জন। ২১ জন পদত্যাগ করেছেন, ১৩১ জন চাকরি হারিয়েছেন এবং একজন মারা গেছেন।
তবে ২০১৭ সালের ১৪৪ জন এবং ২০২৪ সালের ২০০ প্রবেশনারি অফিসারের নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ২০০ জনের মধ্যে চট্টগ্রামের ছিলেন মাত্র ৩৬ জন।
মূল্যায়ন পরীক্ষায় ৪৬৮৫ জন ছাঁটাই
২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগে অনিয়মের তথ্য পাওয়ার পর ইসলামী ব্যাংকের পর্ষদ এসব কর্মীর যোগ্যতা যাচাইয়ে মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষায় প্রাথমিকভাবে পাঁচ হাজার ৩৭৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৪০২ জন পরীক্ষায় অংশ নেন এবং সবাই চাকরিতে বহাল আছেন। অন্যদিকে চার হাজার ৯৭১ জন পরীক্ষায় অংশ নেননি। পরে আরও ২৮৭ জনকে মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত করা হয়।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চার হাজার ৬৮৫ জনকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে চার হাজার ৪৪০ জন চট্টগ্রামের বাসিন্দা। এ ছাড়া কক্সবাজারের ১৫৫, ঢাকার ১০ এবং অন্যান্য জেলার ৮০ জন রয়েছেন।
এর বাইরে বিভিন্ন অভিযোগে ১২১ জন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নবায়ন না করে এক হাজার ১৯০ জন এবং অন্যান্য কারণে ১৩৬ জনকে চাকরিচ্যুত করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পাঁচ কর্মকর্তাকে।
বছরে সর্বোচ্চ নিয়োগ ২০১৯ সালে
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০১৭ সালে ইসলামী ব্যাংকে ৩৬৭ জন নিয়োগ পান। ২০১৮ সালে এক হাজার ১১৮, ২০১৯ সালে দুই হাজার ৪৬৭, ২০২০ সালে দুই হাজার ১১০, ২০২১ সালে ৮৬৫ এবং ২০২২ সালে দুই হাজার ১১৯ জন নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালে ৩৯৭ এবং ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এক হাজার ৩৯২ জন নিয়োগ পান।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের নিজস্ব মানবসম্পদ নীতিমালার আওতায় নিয়োগের ক্ষেত্রে অন্তত দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ এবং লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার কথা। লিখিত ও মৌখিক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়ার শর্তও রয়েছে। তবে ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগের বড় একটি অংশে এসব প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলারকে হারিয়ে শোকে স্তব্ধ ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই দুর্ঘটনা ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে ঘটেছে, যেখানে হেলিকপ্টারে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে।
সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও এবং সহকারী পাইলট লিওপোলদো।
সোমবার সকালে পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি। গন্তব্যে পৌঁছানোর আগেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পিপি-এমজিআর নিবন্ধন নম্বরের বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটি ছিল জেটিএ এমপ্রিনডিমেন্তো এ উরবানিসমো-এর মালিকানায়।
দুর্ঘটনার সময় ওই এলাকায় ঝড়ের পূর্বাভাস ছিল। হেলিকপ্টারটির সন্ধানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সামরিক পুলিশ, ব্রাজিলিয়ান বিমানবাহিনী ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযানে অংশ নেন। পরে জিপিএস সংকেতের ভিত্তিতে থার্মাল সেন্সরযুক্ত ড্রোন ব্যবহার করে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় আভেলারকে স্মরণ করেন নেইমার। পুরোনো একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, "ব্রাজিলে ফেরার পর আভেলার তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন।" বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করেন নেইমার।
দীর্ঘদিন ধরে আভেলারের সঙ্গে নেইমারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেইমারের পাশাপাশি তার বাবা ও পরিবারের সঙ্গেও আভেলার যোগাযোগ রেখেছিলেন। নেইমার ইনস্টিটিউটের বিভিন্ন নিলামে অংশ নেওয়ার পাশাপাশি নেইমারের ক্লাব সান্তোসের বিপণনসংক্রান্ত কাজেও যুক্ত ছিলেন আভেলার।
আভেলারের মৃত্যুতে শোক জানিয়েছে সান্তোস। ক্লাবটির বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে ভিলা বেলমিরো সংস্কারে তার অবদানের কথা স্মরণ করেছে তারা। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্য চারজনের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, ছাত্রলীগের ভয়ে যারা একসময় গুপ্ত ছিল, তাদের মধ্যে কিছু ব্যক্তি ছাত্রলীগ হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। তারা কীভাবে ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী থেকে বিতাড়িত করতে চায়, এই প্রশ্নের উত্তর দিতে হবে।
তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা উল্লেখ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ছাত্রদল যদি রাজপথে না থাকে, তাহলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবার গুপ্ত বানিয়ে ফেলবে। এই বাস্তবতা কেন তারা বুঝতে চাইছে না?
রাশেদ খাঁন আরও বলেন, বিরোধীদল হিসেবে তারা কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়। ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে কী করবে, তা নিশ্চয়ই অনুমেয় নয়?
জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদল হয়েই তারা মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াতের জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে।
তিনি আরও বলেন, বাস্তবিক অর্থে, এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে। শেখ হাসিনা যেমন বলেছিলেন, বিএনপিকে ১ দিনও শান্তিতে দেশ চালাতে দিবে না। তারা সেই পথ অনুসরণ করছে।
রাশেদ খাঁন বলেন, তাই জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে, তারা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ