প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলারকে হারিয়ে শোকে স্তব্ধ ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই দুর্ঘটনা ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে ঘটেছে, যেখানে হেলিকপ্টারে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে।
সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও এবং সহকারী পাইলট লিওপোলদো।
সোমবার সকালে পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি। গন্তব্যে পৌঁছানোর আগেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পিপি-এমজিআর নিবন্ধন নম্বরের বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটি ছিল জেটিএ এমপ্রিনডিমেন্তো এ উরবানিসমো-এর মালিকানায়।
দুর্ঘটনার সময় ওই এলাকায় ঝড়ের পূর্বাভাস ছিল। হেলিকপ্টারটির সন্ধানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সামরিক পুলিশ, ব্রাজিলিয়ান বিমানবাহিনী ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযানে অংশ নেন। পরে জিপিএস সংকেতের ভিত্তিতে থার্মাল সেন্সরযুক্ত ড্রোন ব্যবহার করে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় আভেলারকে স্মরণ করেন নেইমার। পুরোনো একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, "ব্রাজিলে ফেরার পর আভেলার তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন।" বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করেন নেইমার।
দীর্ঘদিন ধরে আভেলারের সঙ্গে নেইমারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেইমারের পাশাপাশি তার বাবা ও পরিবারের সঙ্গেও আভেলার যোগাযোগ রেখেছিলেন। নেইমার ইনস্টিটিউটের বিভিন্ন নিলামে অংশ নেওয়ার পাশাপাশি নেইমারের ক্লাব সান্তোসের বিপণনসংক্রান্ত কাজেও যুক্ত ছিলেন আভেলার।
আভেলারের মৃত্যুতে শোক জানিয়েছে সান্তোস। ক্লাবটির বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে ভিলা বেলমিরো সংস্কারে তার অবদানের কথা স্মরণ করেছে তারা। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্য চারজনের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন