বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৪২ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, ছাত্রলীগের ভয়ে যারা একসময় গুপ্ত ছিল, তাদের মধ্যে কিছু ব্যক্তি ছাত্রলীগ হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। তারা কীভাবে ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী থেকে বিতাড়িত করতে চায়, এই প্রশ্নের উত্তর দিতে হবে।
তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা উল্লেখ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ছাত্রদল যদি রাজপথে না থাকে, তাহলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবার গুপ্ত বানিয়ে ফেলবে। এই বাস্তবতা কেন তারা বুঝতে চাইছে না?
রাশেদ খাঁন আরও বলেন, বিরোধীদল হিসেবে তারা কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়। ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে কী করবে, তা নিশ্চয়ই অনুমেয় নয়?
জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদল হয়েই তারা মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াতের জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে।
তিনি আরও বলেন, বাস্তবিক অর্থে, এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে। শেখ হাসিনা যেমন বলেছিলেন, বিএনপিকে ১ দিনও শান্তিতে দেশ চালাতে দিবে না। তারা সেই পথ অনুসরণ করছে।
রাশেদ খাঁন বলেন, তাই জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে, তারা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠেছে। গভীর সাগরও উত্তাল হয়ে গেছে। এই পরিস্থিতিতে ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালীর একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। তবে ট্রলারে থাকা ৯ মাঝিমাল্লাকে মঙ্গলবার রাতের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জারি করা আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৫) জানানো হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। গভীর সাগরও উত্তাল রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের জহির প্যাদার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ট্রলারে জহির প্যাদা, তার ছেলে সাইদুল প্যাদা ও মফিদুল প্যাদাসহ মোট ৯ জন মাঝিমাল্লা ছিলেন। পরে অন্য একটি ট্রলারের সহায়তায় তাদের সবাইকে উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে তাদের যুগিরহাওলা ঘাটে নিয়ে আসা হয়। ডুবে যাওয়া ট্রলারটিও পরে উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এ কারণে পায়রাসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের তিনটি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনি। তিনি এ সময় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এবং বিকালে পৃথক আয়োজনে নবনির্মিত এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের এই এমপি।
উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে, তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্থর, ডোহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ফুলপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর।
এছাড়াও, তিনি তারাকান্দা উপজেলা প্রশাসনের অর্থায়নে নবনির্মিত মিনি লাইব্রেরী উদ্বোধন করে পুষ্পকানন পরিদর্শন করেন এমপি নিলোফার চৌধুরী মনি। পরবর্তীতে তিনি ফুলপুর উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের সভাপতি রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হাইকোর্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করার নির্দেশনা প্রদান করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালত একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন, যেখানে অভিযোগ করা হয়েছিল যে নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় এসএসসি ও এইচএসসির ফলাফলকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশের পাশাপাশি একটি রুলও জারি করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৫ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সহকারী অধ্যাপকের দুটি এবং প্রভাষকের ১১টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে, ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকার আদালতের আইনজীবী বিজয়া রানী টিকাদার হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটে বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসসির ফলাফলকে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা উচ্চশিক্ষায় ভালো ফল করা অনেক যোগ্য প্রার্থীকে শিক্ষক পদে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করতে পারে।
আইনজীবী আবেদা গুলরুখ রিটকারীর পক্ষে শুনানি করেন। তিনি আদালতে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২১ সালের নির্দেশিকা রয়েছে। তিনি দাবি করেন যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শুনানি শেষে আদালত ২৫ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর ভিত্তিতে নেওয়া পরবর্তী কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তির আওতাভুক্ত ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার, মোহাম্মদ ইমাম হোসেন তারেক ও শিহাব উদ্দিন খান। এদিকে, হাইকোর্টের দেওয়া এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার পরিকল্পনা করেছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক বলেন, ‘এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষি উদ্যোক্তা মুসলিম উদ্দীন একই জমিতে একসঙ্গে তিন ধরনের ফসল চাষ করে সফলতার মুখ দেখছেন। তিনি উপজেলার কাটাছরা ইউনিয়নে ৩৩ শতক জমিতে ‘সর্জন’ পদ্ধতিতে পেঁপে চাষের পাশাপাশি মরিচ ও কচু আবাদ করে ইতোমধ্যে লাভবান হয়েছেন। তার এই উদ্যোগে স্থানীয় অন্যান্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন।
মুসলিম উদ্দীনের জমিতে সারি সারি পেঁপে গাছ দেখা যাচ্ছে। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ঝুলছে পাকা ও আধাপাকা পেঁপে। পেঁপে গাছের সাথে সাথী ফসল হিসেবে চাষ করা হয়েছে বারোমাসি মরিচ। আর জমির নিচু নালায় রোপণ করা হয়েছে কাঠকচু। ফলে একই জমি থেকে তিনটি ফসল উৎপাদন করছেন তিনি।
কৃষক মুসলিম উদ্দীন জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে ৩৩ শতক জমিতে স্বজন পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। জমির উঁচু বেডে পেঁপে, বেড়ের দুপাশে মরিচ এবং নিচু নালায় কচু চাষ করছেন। ইতোমধ্যে মরিচ ও কচু বিক্রি করে ভালো আয় হয়েছে। পেঁপের ফলনও ভালো হয়েছে। সব মিলিয়ে পেঁপে থেকে প্রায় ৫ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি।
তিনি আরও বলেন, ‘একটি জমিতে তিনটি ফসল চাষ করতে পারায় উৎপাদন খরচ কমছে এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। এই পদ্ধতিতে ভালো ফলন পাওয়ায় আমি খুবই আশাবাদী।’
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, মিরসরাই উপজেলায় সর্জন পদ্ধতিতে চাষাবাদের জন্য চারটি প্রদর্শনী দেওয়া হয়েছে। এর মধ্যে মুসলিম উদ্দীনের জমিটিও একটি। তিনি পেঁপের সঙ্গে সহফসল হিসেবে মরিচ ও কচু চাষ করছেন।
তিনি আরও বলেন, সর্জন পদ্ধতিতে নিচু জমিকে উঁচু করে বেড তৈরি করা হয় এবং মাঝখানে নিচু নালা রাখা হয়। এতে বেডে বিভিন্ন সবজি বা ফসল এবং নালায় কচু ও মাছ চাষের সুযোগ থাকে। একই জমিতে একাধিক ফসল উৎপাদন হওয়ায় কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি জমিরও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
মুসলিম উদ্দীনের এই উদ্যোগ দেখে মিরসরাইয়ের অন্যান্য কৃষকরাও সর্জন পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হবেন বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ