০৩:৫৬ পি.এম
নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিগত উন্নয়নের অজুহাতে ৩০টি বাণিজ্যিক ব্যাংকের কার্ড, এটিএম ও পিওএস সেবা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়নি। গ্রাহকদেরও আগাম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া এই সেবা বন্ধের অচলাবস্থা আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত চলবে। এর ফলে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম বুথ, সিআরএম, কার্ড ও পিওএস সেবা ব্যবহার করতে গিয়ে গ্রাহকরা সমস্যায় পড়েছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানাচ্ছে, কিউক্যাশ নেটওয়ার্কের আধুনিকায়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে সাময়িকভাবে এসব সেবা বন্ধ রাখা হয়েছে। তবে, একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ আর্থিক সেবা বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংককে না জানানোয় বাংলাদেশ ব্যাংক অসন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সিস্টেম মাইগ্রেশন হতে পারে। তবে, এত বড় পদক্ষেপের আগে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং গ্রাহকদের আগাম জানানো প্রয়োজন ছিল। তিনি জানান, বিষয়টি গভর্নরও কঠোরভাবে নিয়েছেন।
এদিকে, সেবা বন্ধ হওয়ার পর কিছু ব্যাংক গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানায়। বার্তায় বলা হয়, ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন নির্দিষ্ট কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে।
তবে ব্যাংকগুলোর দাবি, অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন চালু রয়েছে।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, মাইগ্রেশনের কারিগরি কাজ শেষ হলেই সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হবে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম ঘোষণা ছাড়া একসঙ্গে ৩০টি ব্যাংকের সেবা প্রায় এক সপ্তাহ বন্ধ রাখা গ্রাহকদের জন্য বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করেছে। পাশাপাশি, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি মানুষের আস্থাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন