প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অন্তত ৩০ জন নারী, পুরুষ ও শিশু পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, বিকেল থেকে একটি কুকুর খোলাপাড়া, রাজা খাঁ, দামরাইল, সাদেকপুর ও হাংমাড়া মসজিদসহ আশপাশের এলাকায় ঘুরে নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয়রা হাংমাড়া মসজিদের সামনে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
আহতদের মধ্যে রয়েছে তারিফ (২০), সালমান (৪), বায়জিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)। তবে অন্যান্য আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কিছু আহতের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহতদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সন্ধ্যা ৭টার দিকে জরুরি ভিত্তিতে ওআরটিসি বিভাগ খোলা হয়। সেখানে ১০ থেকে ২০ জনকে র্যাবিক্স-ভিসি ও র্যাভিক্স-আইজি ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যান্য আহতরা হাসপাতালে এলে তাদেরও প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ওআরটিসি বিভাগের ইনচার্জ ফেরদৌসী বেগম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ৮০ জন রোগীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। সাদেকপুরে কুকুরের কামড়ের ঘটনা জানার পর জরুরি ভিত্তিতে ওআরটিসি বিভাগ খোলা হয় এবং ১০ থেকে ২০ জন রোগীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
তিনি কুকুরের কামড় বা আঁচড়ের ক্ষতস্থান দ্রুত সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পরামর্শ দেন এবং হাসপাতালে আসার জন্য বলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে ওআরটিসি বিভাগ খোলা হয়। আহতদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।
তিনি আরও বলেন, কুকুরে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন