ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত


মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত

বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর আগের দুই কিস্তিও দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল। এদিকে, আলোচনার মাঝে বাংলাদেশে ঘটেছে দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি চাঞ্চল্যকর ঘটনা।

ঢাকায় এক যুবককে হত্যার পর মরদেহ নীলফামারীর ডিমলায় নিয়ে নিজ বসতভিটায় পুঁতে রাখার অভিযোগে মামুন নামে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে পুলিশ মরদেহটি খনন করে উদ্ধার করে। নিহত রাকিব ইসলাম (১৮) টাঙ্গাইলের গোপালপুর এলাকার খাদেমুল ইসলামের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১০ এলাকার কাফরুল থানাধীন শ্যাওড়াপাড়ায় অনার্স ভর্তি কোচিং করতে গিয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে পরিচিত হন।

আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

জানা গেছে, ১৬ সেপ্টেম্বর ঢাকায় মেয়েগাছিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার দুই দিন পর মামুন মরদেহটি নিজ বাড়িতে নিয়ে পুঁতে রাখে। এরপর, এআই প্রযুক্তি ব্যবহার করে মামুনকে জীবিত দেখিয়ে ভিডিও তৈরি করে নিহতের পরিবারের কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অভিযুক্ত মামুন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বসুনিয়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, হত্যার পর রাকিবের মরদেহ একটি বাক্সে করে ঢাকা থেকে ডিমলায় নিয়ে স্বজনদের পচা মাছ বলে নিজ বসতভিটায় পুঁতে রাখা হয়।

নিহত যুবকের মামা হাফিজুর রহমান বলেন, "আমার ভাগিনা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সে মেডিকেলে পড়ার জন্য ঢাকায় কোচিং করতে এসেছিল। এখনো তাকে হত্যার কারণ আমরা জানতে পারিনি। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আমরা চাই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হোক।"

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঢাকায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমানের বক্তব্য নিয়ে মুখ খুললেন নাছির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমানের বক্তব্য নিয়ে মুখ খুললেন নাছির

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’— কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমার কাছে এসেছে। তিনি উল্লেখ করেছেন, ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই।’

এই মন্তব্যের মাধ্যমে আমার মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার পূর্ণাঙ্গ ধারণা হয়তো নেই।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই মন্তব্যটি করেছেন।

নাছির উদ্দীন নাছির আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে যে রাজনীতিবিমুখতা সৃষ্টি হয়েছে, তার প্রভাব হয়তো এমন ধারণার জন্ম দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম চলছে এবং এসব প্রতিষ্ঠানে আমাদের নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী।

তিনি বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন। পরীক্ষার হল ও ক্লাসরুম থেকে ধরে নিয়ে অনেককে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে বন্দি অবস্থায়ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষা ও রাজনৈতিক অধিকার—দুটোই ধরে রাখার জন্য তাদের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই। সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগই প্রমাণ করে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা গভীর ও বাস্তব।

নাছির বলেন, তাই জনাব সালমান মুক্তাদিরের প্রতি আমার আন্তরিক আমন্ত্রণ, আপনি আপনার পছন্দমতো বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন। আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, বাস্তবতা নিজ চোখে দেখুন। আশা করি, তখন আপনার ভুল ধারণার অবসান হবে এবং আপনি উপলব্ধি করবেন—ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যাই সিংহভাগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীর মুখ চেপে নির্জনে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে স্ত্রীর বিকল্প প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


কিশোরীর মুখ চেপে নির্জনে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে স্ত্রীর বিকল্প প্রস্তাব

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাশেম দুর্গাপুর পৌরসভার বালিকান্দি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরী বাড়ির দক্ষিণ পাশে রাতের খাবারের উচ্ছিষ্ট পানি ফেলতে যায়।

এ সময় কাশেম তাকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে হাঁটতেও পারছিল না। পরদিন, প্রতিবেশী এক নারীকে বিষয়টি জানালে ঘটনার সত্যতা প্রকাশ পায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানির পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। তারা পরিবারটিকে ‘ঘটনা প্রকাশ পেলে মেয়ের বিয়ে দিতে সমস্যা হবে’—এমন ভয় দেখিয়ে আইনি পদক্ষেপ না নিতে চাপ দেন। অভিযুক্ত কাশেমের স্ত্রীও পরিবারটিকে নানা হুমকি-ধমকি দেন এবং কিশোরীকে তার স্বামীর সঙ্গেই বিয়ে দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। এসব কারণে কিশোরীর বাবা প্রথমে থানায় যেতে সাহস পাচ্ছিলেন না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে এর আগেও নারীদের উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগ রয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী পরিবারটি অত্যন্ত অসচ্ছল। কিশোরীর বাবা ঝালমুড়ি বিক্রি করেন এবং মা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার চালান।

মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীরা এলাকায় উপস্থিত হলে কিশোরী তাদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। বিষয়টি দ্রুত দুর্গাপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিখিত এজাহার নেওয়া হয়েছে এবং অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি পূর্বে এ এইচ এম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, কামারুম মুনিরা পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তার আবাসস্থল ঢাকা জেলায়।

এর আগে, তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, জানা গেছে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পুলিশ সুপার (এসপি) এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদপ্তরের আইসিটি বিভাগের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রের শক্তি বাড়াতে আমলাতন্ত্রকে জনবান্ধব করা হচ্ছে: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


গণতন্ত্রের শক্তি বাড়াতে আমলাতন্ত্রকে জনবান্ধব করা হচ্ছে: ডেপুটি স্পিকার

গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশের আমলাতন্ত্রকে জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে ডেপুটি স্পিকার উল্লেখ করেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কারও রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় নেওয়া হচ্ছে না। প্রশাসনকে আরও জনবান্ধব ও জনমুখী করার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বিগত দেড় দশক ধরে দেশে গণতন্ত্রের চর্চা হয়নি। বর্তমানে জাতীয় সংসদে গণতান্ত্রিক কার্যক্রম শুরু হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলোও এখন অনেক বেশি সক্রিয় ও শক্তিশালী অবস্থানে রয়েছে। বিরোধী দল জাতীয় সংসদে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বৈঠকের শুরুতে ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ ও অভিনন্দন জানায়। এর জবাবে ডেপুটি স্পিকার বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন দেশের ও বিদেশের কাছে গ্রহণযোগ্য হয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে কায়সার কামাল বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী শক্তিশালী করার জন্য পরিবার কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। ব্রিটিশ পার্লামেন্ট বাংলাদেশের জাতীয় সংসদের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশে যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। ডেপুটি স্পিকার এতে সম্মতি জানিয়ে বলেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে চালু হলে শিক্ষার মান বজায় রাখতে ব্রিটিশ শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সংখ্যালঘুদের সমানভাবে বিবেচনা করা হয়। বর্তমানে সংসদ সদস্য ও মন্ত্রীদের মধ্যেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার এবং সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।

বৈঠকে দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। বৈঠক শেষে ডেপুটি স্পিকার প্রতিনিধিদলকে জাতীয় সংসদ ভবন ও জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রতিনিধিদল এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

ব্রিটিশ প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আফসানা বেগম, শওকত আদম এবং যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় দলের কর্মকর্তা লর্ড কুরবান হোসেন। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%