ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গণতন্ত্রের শক্তি বাড়াতে আমলাতন্ত্রকে জনবান্ধব করা হচ্ছে: ডেপুটি স্পিকার


গণতন্ত্রের শক্তি বাড়াতে আমলাতন্ত্রকে জনবান্ধব করা হচ্ছে: ডেপুটি স্পিকার

গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশের আমলাতন্ত্রকে জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে ডেপুটি স্পিকার উল্লেখ করেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কারও রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় নেওয়া হচ্ছে না। প্রশাসনকে আরও জনবান্ধব ও জনমুখী করার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি বলেন, বিগত দেড় দশক ধরে দেশে গণতন্ত্রের চর্চা হয়নি। বর্তমানে জাতীয় সংসদে গণতান্ত্রিক কার্যক্রম শুরু হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলোও এখন অনেক বেশি সক্রিয় ও শক্তিশালী অবস্থানে রয়েছে। বিরোধী দল জাতীয় সংসদে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বৈঠকের শুরুতে ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ ও অভিনন্দন জানায়। এর জবাবে ডেপুটি স্পিকার বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন দেশের ও বিদেশের কাছে গ্রহণযোগ্য হয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে কায়সার কামাল বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী শক্তিশালী করার জন্য পরিবার কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। ব্রিটিশ পার্লামেন্ট বাংলাদেশের জাতীয় সংসদের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশে যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। ডেপুটি স্পিকার এতে সম্মতি জানিয়ে বলেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে চালু হলে শিক্ষার মান বজায় রাখতে ব্রিটিশ শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সংখ্যালঘুদের সমানভাবে বিবেচনা করা হয়। বর্তমানে সংসদ সদস্য ও মন্ত্রীদের মধ্যেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার এবং সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

বৈঠকে দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। বৈঠক শেষে ডেপুটি স্পিকার প্রতিনিধিদলকে জাতীয় সংসদ ভবন ও জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রতিনিধিদল এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

ব্রিটিশ প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আফসানা বেগম, শওকত আদম এবং যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় দলের কর্মকর্তা লর্ড কুরবান হোসেন। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পণ্যের দাম বৃদ্ধি নিয়ে নাহিদের স্ট্যাটাস, সিন্ডিকেটকে দায়ী করলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


পণ্যের দাম বৃদ্ধি নিয়ে নাহিদের স্ট্যাটাস, সিন্ডিকেটকে দায়ী করলেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফেসবুকে পোলাওয়ের চাল, মাল্টা, ডিমসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে একটি পোস্ট করেছেন।

তিনি অসাধু সিন্ডিকেটকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী করেছেন। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, পুনরায় অসাধু সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন যে, গত দুই মাস ধরে প্রতি কেজি মাল্টা ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ আমদানির নথি অনুযায়ী, প্রতি কেজি মাল্টার ক্রয়মূল্য ৮৭ টাকা। আমদানি শুল্ক, পরিবহন খরচ এবং মুনাফা যোগ করেও প্রতি কেজির সর্বোচ্চ খরচ ২১০ টাকা হওয়ার কথা। সেই হিসেবে খুচরা বাজারে মাল্টার দাম ২৫০ টাকার বেশি হওয়ার কথা নয়।

মাল্টার দাম বৃদ্ধির কারণ হিসেবে সরবরাহ–সংকটের কথা বলা হলেও নাহিদ ইসলাম উল্লেখ করেছেন যে, আমদানির তথ্য তা সমর্থন করে না। তার দেওয়া তথ্যে দেখা যায়, গত বছরের জুলাই–সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে অন্তত ২২ শতাংশ বেশি মাল্টা আমদানি হয়েছে। এরপরও দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, গত দুই মাসে জনগণের কাছ থেকে অসাধু সিন্ডিকেট কয়েক শ কোটি টাকা নিয়েছে।

নাহিদ ইসলাম আরও লিখেছেন যে, ১২০ টাকার পোলাওয়ের চাল বর্তমানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি দাবি করেছেন যে, শুধুমাত্র পোলাওয়ের চাল থেকেই গত তিন মাসে আনুমানিক দেড় হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতি ডজন ডিমের গড় দাম ছিল ১২০ টাকা, যা এখন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। নাহিদ ইসলাম পোস্টে উল্লেখ করেন যে, মুরগির খাবারের দাম বৃদ্ধির যুক্তি দেখানো হলেও সেই বৃদ্ধির প্রভাব বিবেচনায় প্রতিটি ডিমের দাম প্রায় এক টাকা বাড়ার কথা। কিন্তু, দাম বেড়েছে পাঁচ টাকা।

১২ কেজি সিলিন্ডারের দাম কয়েক দফা বৃদ্ধি পাওয়ার পরেও বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত এক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। এনসিপির এই নেতা প্রশ্ন তুলেছেন, "আমদানি পর্যাপ্ত। তাহলে প্রতিদিন অতিরিক্ত কোটি কোটি টাকা কাদের পকেটে যাচ্ছে?"

নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, দেশে আবার ফ্যাসিবাদী আমলের মতো সিন্ডিকেটের কবলে পড়েছে। তিনি সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবরার ফাহাদ হত্যাকে ফ্যাসিবাদের উদাহরণ বললেন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


আবরার ফাহাদ হত্যাকে ফ্যাসিবাদের উদাহরণ বললেন অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আগামী ৭ অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মম এই হত্যাকাণ্ডের বিচারিক দিক তুলে ধরতে গিয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা অপরাধ করে পার পেয়ে যাবে, এমনটি মনে করতেন। কিন্তু অপরাধীকে বিচার ও শাস্তির মুখোমুখি হতে হয়, যা হত্যা মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল থাকায় রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেনি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এ মামলায় আমাদের অবস্থান হচ্ছে- আমরা মামলায় কোনো বিলম্ব ঘটাতে চাই না। নাগরিকের দ্রুত বিচার প্রাপ্তির যে সাংবিধানিক অধিকার, আমরা চাই সেটা নিশ্চিত হোক।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যখন এই মামলার শুনানি শুরু হবে, তখন রাষ্ট্রের পক্ষ থেকে কোনো রকম বিলম্ব ঘটানো হবে না। আমরা একদিনও শুনানি মুলতবি চাইব না। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত হওয়া উচিত। মানুষ এই মামলার রায় কার্যকর দেখতে চায়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়েছিল তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। নৃশংস এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। নির্মম এই হত্যায় জড়িতদের সবাই ছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের (এখন নিষিদ্ধ সংগঠন) নেতা-কর্মী।

আলোচিত এই হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিচারিক আদালতের রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন মেহেদী হাসান (রাসেল), মো. অনিক সরকার, মেহেদী হাসান (রবিন), ইফতি মোশাররফ, মো. মনিরুজ্জামান, মো. মেফতাহুল ইসলাম, মো. মাজেদুর রহমান, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম, হোসাইন মোহাম্মদ তোহা, মো. শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল (জেমি), মো. শামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, এস এম মাহমুদ, মোর্শেদ-উজ-জামান মণ্ডল, এহতেশামুল রাব্বি ও মুজতবা রাফিদ। হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা আসামিরা হলেন মুহতাসিম ফুয়াদ হোসেন, মো. আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ।

এদিকে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা কেউ কেউ আপিল ও লিভ টু আপিল করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবি শাস্ত্রির কড়া সমালোচনা, ইমরান খানের প্রতি পাকিস্তান সরকারের অমানবিক আচরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


রবি শাস্ত্রির কড়া সমালোচনা, ইমরান খানের প্রতি পাকিস্তান সরকারের অমানবিক আচরণ

২০২৩ সালের আগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এই সমালোচনার তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি।

রবি শাস্ত্রির মতে, রাজনৈতিক দৃষ্টিকোণ বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি সম্প্রতি রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা তার প্রাপ্য নয়। তিনি উল্লেখ করেন, ইমরান শুধুমাত্র পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, বরং ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি।

ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। তিনি ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন। তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি।

ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নের উত্তরে শাস্ত্রি আশা প্রকাশ করেন যে, তিনি দ্রুতই মুক্তি পাবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান।

দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান এবং তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।

তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন।

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট এবং ১৭৫টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি ড. ফরাসউদ্দিনের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি ড. ফরাসউদ্দিনের সাক্ষাৎ

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রধান উপদেষ্টা ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপারর্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে, অধ্যাপক ফরাসউদ্দিন রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমানে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত রয়েছে। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি বৃত্তি প্রদান অব্যাহত রেখেছে।

রাষ্ট্রপতি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান।

এ সময়, অধ্যাপক ফরাসউদ্দিন আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%