০৭:৪৫ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআর কঙ্গো) নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউটিলিটি এভিয়েশন ইউনিটের কন্টিনজেন্ট পরিবর্তন করতে যাচ্ছে।
আজ রোববার, ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
তিনি এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী এবং দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
পরে, তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকায় নিয়োজিত এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ জন সদস্য ডিআর কঙ্গোতে জাতিসংঘের মনুস্কো শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩ দলটি তাদের স্থলাভিষিক্ত করার জন্য প্রস্তুত হচ্ছে। এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
এছাড়া, গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে রওনা হন। কন্টিনজেন্টের বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন