০৪:৪৩ পি.এম
২০২৫ সালে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচালিত মার্কিন সামরিক বাহিনীর অভিযানে অন্তত ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া, এ সময়ে আরও ২৪৩ জন আহত হন।
মঙ্গলবার (১১ আগস্ট) পেন্টাগনের একটি মূল্যায়নের বরাত দিয়ে মার্কিন এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। পেন্টাগনের নিজস্ব হিসাব অনুযায়ী, বিগত বছরের তুলনায় ২০২৫ সালে বেসামরিক হতাহতের এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে, ২০২৪ সালে মার্কিন অভিযানে হিসাবে মাত্র দুই নাগরিক নিহত ও দুজন আহত হওয়ার তথ্য নথিবদ্ধ করা হয়েছিল।
মার্কিন কংগ্রেসে পেশ করা পেন্টাগনের মূল্যায়নে জানানো হয়েছে, ২০২৫ সালে নথিবদ্ধ বেসামরিক হতাহতের সবকটি ঘটনা মূলত ইয়েমেনে পরিচালিত তিনটি পৃথক মার্কিন হামলার সঙ্গে সম্পর্কিত। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলে ইয়েমেনে চালানো ওই তিন অভিযানের ক্ষেত্রে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পর্যালোচনায় দেখা গেছে যে, এসব হামলায় বেসামরিক ক্ষতির সম্ভাবনা ‘অত্যন্ত প্রবল’ ছিল। তবে, ইয়েমেনে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
সেন্টকম জানিয়েছে, বেসরকারি সংস্থাগুলোর দাবির প্রেক্ষিতে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইয়েমেনে সংঘটিত আরও অন্তত ১৫টি ঘটনার আনুষ্ঠানিক তদন্ত চলছে। মূলত লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানো ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে মার্কিন বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে।
তবে, পেন্টাগনের প্রকাশিত এই নতুন পরিসংখ্যানে কিছু উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে। ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানবিরোধী নামে মার্কিন সাদার্ন কমান্ডের চালানো বিতর্কিত হামলায় ২০০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটলেও সেগুলোকে এই বেসামরিক হতাহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। মার্কিন প্রশাসন ওই লক্ষ্যবস্তুগুলোকে ‘নার্কো-টেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল।
মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এবং ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ ইতিমধ্যেই পূর্ব প্রশান্ত মহাসাগরে চালানো সামরিক অভিযানের বৈধতা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফলে, পেন্টাগনের এই খণ্ডিত প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও বিশ্বজুড়ে শক্তির অপব্যবহার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন