০৯:৪২ পি.এম
‘জ্যোতির্বিজ্ঞান শুধু মহাকাশ সম্পর্কে জানার সুযোগ তৈরি করে না, বরং এটি শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং বৈজ্ঞানিক মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই কারণে ভবিষ্যতে অবশ্যই আরও বেশি শিক্ষার্থীকে এ ধরনের বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাটা অত্যন্ত জরুরি।’ শুক্রবার (২৪ জুলাই) রাজশাহী কলেজের কলা ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর রাজশাহী আঞ্চলিক প্রতিযোগিতায় বক্তাগণ এ কথা উল্লেখ করেন।
বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের ব্যবস্থাপনায় ঐতিহাসিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জুনিয়র (১৪-১৫ বছর) ও সিনিয়র (১৬-১৮ বছর) এই দুটি বিভাগে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের সামনে অনেক ভিন্নধর্মী জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞান এবং বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী প্রশ্ন ছিল। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সিনিয়র গ্রুপ থেকে ১০ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ১০ জন মোট ২০ জনকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠান শেষে নির্বাচিত ও সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
বক্তাগণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণামুখী চিন্তা এবং জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে আরও বলেন, 'অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি করা, অনুসন্ধিৎসু ও উদ্ভাবনী প্রজন্ম এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠন করাই আমাদের লক্ষ্য’৷ রাজশাহীর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই, রাজশাহীর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান চর্চায় আরও এগিয়ে যাক। আজকের অংশগ্রহণকারীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক—এই বিশ্বাস থেকেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতে বিজ্ঞানকে মানুষের আরও কাছে পৌঁছানোর জন্য এবং তরুণদের গবেষণামুখী করে তোলার জন্য রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের সম্পাদক আননাবা কবীর প্রকৃতি, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ঢাকা টিমের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন অর্ণব, অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক আয়োজক কমিটি রাজশাহীর আহ্বায়ক আতিকুর রহমান আতিক, সদস্য সচিব মো. হাসিবুল হাসনাত রিজভিসহ প্রমূখ। সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি বাস্তবায়নের জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিত প্রতিযোগীদের জন্য শুভকামনাও জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন