০৯:৪৮ পি.এম
রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৫ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন এবং সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি পদগুলোর জন্য ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে। এর আগে ১৯ জুলাই মনোনয়নপত্র বিক্রি, ২১ জুলাই মনোনয়নপত্র জমা গ্রহণ এবং যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হবে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সুনীল চন্দ্র, আলহাজ ইউনুস আলী, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ আলী। দীর্ঘ সময় বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে ভবানীগঞ্জ দলিল লেখকদের মধ্যে উৎসবের মতো একটি পরিবেশ বিরাজ করছে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন