ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া


উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গতকালের তুলনায় আরও তীব্র হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। এর মধ্যে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে যে, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে কেএন-৩০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর গত বৃহস্পতিবার (২০ আগস্ট) এই তথ্য জানিয়েছে বলে ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, জুলাই মাস পর্যন্ত রাশিয়ার কাছে প্রায় ৫০টি কিনঝাল অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিঃশেষিত হয়ে গেছে। একই সময় উত্তর কোরিয়ার কেএন-৩০, কেএন-২৪ ও কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল প্রায় ৫০টি।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

রাশিয়ার কেএন-৩০ ক্ষেপণাস্ত্র পাওয়ার খবর এবারই প্রথম প্রকাশ্যে এসেছে। ইউক্রেনীয় গোয়েন্দারা জানিয়েছে, রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার কেএন-২৩ ও কেএন-২৪ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

একাধিক গোয়েন্দা সূত্রের বরাতে ইউক্রেনস্কা প্রাভদা আরও বলেছে, রাশিয়ার মজুত অস্ত্রের মধ্যে ৬০০টির বেশি অনিক্স ক্ষেপণাস্ত্র, ৪৫০টির বেশি কালিব্র, ১২০টির বেশি জিরকন এবং প্রায় ১৩০টি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের আরও শত শত ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে আছে।

একই সময়ে রাশিয়ার সামরিক-শিল্প কমপ্লেক্স প্রতি মাসে ২০০টির বেশি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম বলেও ইউক্রেনীয় গোয়েন্দারা জানিয়েছেন।

কেএন-৩০ হলো উত্তর কোরিয়ার হোয়াসং-১১সি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পশ্চিমা নাম। এই ক্ষেপণাস্ত্রটি হোয়াসং-১১ডিএ নামেও পরিচিত। এটি হোয়াসং-১১ পরিবারের বড় আকারের একটি সংস্করণ এবং স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসআরবিএম) শ্রেণিভুক্ত।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি সলিড-ফুয়েল ইঞ্জিনে চলে এবং মোবাইল স্থলভিত্তিক লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়। হোয়াসং-১১সি-এর প্রথম পরিচিত পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ২০২১ সালের ২৫ মার্চ। ওই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি অন্তত ৬০০ কিলোমিটার পাল্লা প্রদর্শন করেছিল।

এর আগে উত্তর কোরিয়া দাবি করেছিল, এই ক্ষেপণাস্ত্র ২.৫ টন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। কেএন-৩০ প্রথমবার প্রকাশ্যে প্রদর্শিত হয় ২০২১ সালের ১৪ জানুয়ারি পিয়ংইয়ংয়ে আয়োজিত একটি সামরিক কুচকাওয়াজে।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা রাশিয়ার মজুত থাকা অন্যান্য ক্ষেপণাস্ত্র সম্পর্কেও তথ্য দিয়েছে। তাদের হিসাবে, ৫ আগস্ট পর্যন্ত রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বরাদ্দ ইস্কান্দার-এম অপারেশনাল-ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯এম৭২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত ছিল প্রায় ১৩০টি।

অগাস্টের শুরুতে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি আন্দ্রি চেরনিয়াক জানান, উত্তর কোরিয়া রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন শুরু করেছে। ইউক্রেনের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে এই ইউনিট মোতায়েন করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

রাশিয়া উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। ভোরোনেঝ অঞ্চলে উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য ছয়টি লঞ্চার মোতায়েন করা হয়েছে।

এগুলো দিয়ে ইউক্রেনের সাতটি অঞ্চলে হামলা চালানোর সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। আজ শুক্রবার (২১ আগস্ট) কিয়েভ পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর-এর বরাত দিয়ে আইএসডব্লিউ জানায়, গত জুলাই পর্যন্ত উত্তর কোরিয়া রাশিয়াকে প্রায় ৫০টি কেএন-২৩, কেএন-২৪ ও কেএন-৩০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

আইএসডব্লিউ-এর তথ্য অনুযায়ী, ভোরোনেঝে মোতায়েন করা লঞ্চারগুলো থেকে ইউক্রেনের সুমি, খারকিভ, চেরনিহिभ, পোলতাভা, কিয়েভ, দিনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলে হামলা চালানো সম্ভব।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

রাশিয়া ভোরোনেঝ অঞ্চলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ছয়টি লঞ্চার মোতায়েন করেছে। আইএসডব্লিউ বলছে, এসব লঞ্চার সম্মিলিতভাবে সর্বোচ্চ ১২০টি ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রাখে।

এর ফলে রাশিয়ান ভূখণ্ড থেকেই ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য রাশিয়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পাবে। তবে ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ আনাতোলি খ্রাপচিনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া একবারে হামলায় সব লঞ্চার ব্যবহার করবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

রাশিয়ার কাছে প্রায় ১৬০টি ইস্কান্দার লঞ্চার রয়েছে। প্রতিটি লঞ্চার দুটি করে ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। কিন্তু খ্রাপচিনস্কির মতে, রুশ বাহিনী সাধারণত একটি হামলায় ১৬ থেকে ২৬টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। उत्तर কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর সঙ্গে রাশিয়ার ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্রের বড় পার্থক্য রয়েছে নির্ভুলতা ও ওয়ারহেডের আকারে।

খ্রাপচিনস্কির দাবি, ইস্কান্দার-এম সাধারণত নির্ধারিত লক্ষ্য থেকে প্রায় ৫ থেকে ২০ মিটারের মধ্যে আঘাত হানতে পারে। বিপরীতে, উত্তর কোরিয়ার কেএন-২৩ ক্ষেপণাস্ত্র কখনো কখনো লক্ষ্যবস্তু থেকে কয়েকশ মিটার এমনকি কয়েক কিলোমিটার দূরেও গিয়ে পড়ে।

আরও পড়ুন: লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় ক্রুশ পড়ে যাজক পাত্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারির মৃত্যু

তবে নির্ভুলতায় পিছিয়ে থাকলেও উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র অনেক বেশি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। কেএন-২৩ সিরিজের ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ প্রায় ১ টন বা ৯৭০ কেজির ওয়ারহেড বহন করা সম্ভব বলে ধারণা করা হয়। অন্যদিকে রাশিয়ার ইস্কান্দার-এম-এর প্রচলিত ওয়ারহেডের ওজন প্রায় ৪৮০ কেজি।

ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তুলনামূলকভাবে বড় গর্ত তৈরি ও আরও শক্তিশালী বিস্ফোরণজনিত চাপ সৃষ্টি হতে পারে। ভোরোনেঝে এসব লঞ্চার মোতায়েনের খবর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া তার হামলার ব্যবস্থায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আরও ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

রাশিয়াকে সহায়তা করতে বিপুল সংখ্যক সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, এমনটাই দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তার মতে, রাশিয়ায় ৫০ হাজার পর্যন্ত উত্তর কোরীয় সেনা মোতায়েন হতে পারে।

জুলাইয়ের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন, রাশিয়া আরও ৩০ হাজার উত্তর কোরীয় সেনা নিয়ে আসতে চায়। এরপর গত সপ্তাহে তিনি দাবি করেন, পিয়ংইয়ং রাশিয়ার ভূখণ্ডে ৩০ থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সংখ্যার মধ্যে বর্তমানে যুদ্ধরত উত্তর কোরীয় সেনারাও আছেন কিনা, তা তিনি স্পষ্ট করেননি।

আরও পড়ুন: নিউইয়র্কে সিটিবাইক পরিষেবা ৭ নতুন এলাকায় সম্প্রসারিত, ২৩৪টি স্টেশন যুক্ত

গত সপ্তাহে প্রকাশিত এক মন্তব্যে জেলেনস্কি সতর্ক করে বলেন, আধুনিক যুদ্ধ পরিচালনায় উত্তর কোরিয়া ইতোমধ্যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছে। এ সময় তিনি দক্ষিণ কোরিয়াকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তিতে ইউক্রেনের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান। তার ঠিক দুই দিন পর জেলেনস্কি জানান, রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত আলামতগুলো পরে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে সফলভাবে এই অভিযান চালিয়েছে। উক্ত সময় উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকার একটি নির্জন আমবাগানে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা আলামতের বিবরণ দিতে র‍্যাব জানায়, সেখানে একটি দেশীয় শুটারগান, একটি তাজা গুলি, দুটি হাসুয়া এবং ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডার পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব বিস্ফোরক ও অস্ত্র নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল।

উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী শিবগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে হস্তান্তর করা হয়েছে। অপরাধী চক্রের জড়িত সদস্যদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের পক্ষ থেকে তদন্ত ও তল্লাশি জোরদার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় সাবেক মেয়র গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


পাবনায় সাবেক মেয়র গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক (৫৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩ টার সময় উপজেলার পাটগাড়ী নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার হন।

মিরাজুল ইসলাম প্রামাণিক উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাঁথিয়া পৌরসভার তিনবারের সাবেক মেয়র ছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন, সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরের বিষয়টি কেন্দ্র করে একটি অস্বাভাবিক পদক্ষেপ ভারত সরকারের রাষ্ট্রপতি ভবন থেকে নেওয়া হয়েছে।

তারেক রহমানের নয়াদিল্লি সফর সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার পর, মাত্র এক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি ভবনটি সেই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয়।

শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে যে সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠান মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠিত হবে না।

‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল যে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে এই শনিবার (২২ আগস্ট ২০২৬) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।’

তবে, এই সফরের ব্যাপারে নয়াদিল্লি বা ঢাকা— কোন পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরবর্তী সময়ে এই বিজ্ঞপ্তিটি তুলে নেওয়া হয়। বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে পাঠানো নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে ২১ আগস্টে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের একটি ঐতিহ্য রয়েছে। ভবনের ফোরকোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে ‘গার্ড অব অনার’, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়ে থাকে।

মূল অনুষ্ঠানের আগের দিন এর একটি পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া, সফররত শীর্ষ নেতার সম্মানে পরবর্তীতে রাষ্ট্রপতির ভবনে নৈশভোজের আয়োজনও করা হয়ে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ মুক্ত করার জন্য সরকারের বৃহৎ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ মুক্ত করার জন্য সরকারের বৃহৎ উদ্যোগ

অপরিকল্পিত নগরায়ন, জলাশয়ের সংকট এবং যানবাহনে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে রাজধানী ঢাকা দিন দিন ‘হিট আইল্যান্ড’ বা তাপদ্বীপে পরিণত হচ্ছে। কার্বন ডাই অক্সাইড ও সিসার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে যেমন মানুষজনের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে, তেমনই বসবাসের উপযোগিতা কমে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

সরকার গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সবুজ বনায়ন বাড়াতে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে ঢাকা শহরকে বাঁচাতে গণপূর্তের মেট্রোপলিটন জোন চলতি বছরের আগস্টের মধ্যেই সাড়ে পাঁচ লাখেরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর কাজ শুরু করছে। ইতোমধ্যে গণপূর্ত ঢাকা জোনে নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেক গাছ লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।

গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নগরের তাপমাত্রা কমানোর মূল চাবিকাঠি হচ্ছে সবুজায়ন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলীদের মতে, ঢাকার কার্বন নিঃসরণের ৫৬ শতাংশই অনিয়ন্ত্রিত যানবাহন থেকে আসে। কাজেই পেট্রল-ডিজেলচালিত গাড়ির বদলে বিদ্যুৎচালিত এবং হাইব্রিড গাড়ির ব্যবহার বৃদ্ধির জন্য বিআরটিএর মাধ্যমে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্থাপত্য কাঠামো পরিবর্তনের ক্ষেত্রেও নতুন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। ঢাকা শহরের উঁচুতলার ভবনগুলোতে প্রচলিত ইট ও জানালার কাঁচের তাপ বিকিরণ অনেক বেশি। এজন্য 'ফায়ার ব্রিকসের' ব্যবহার হ্রাস করে পরিবেশবান্ধব সলিড ব্লক, হলো ব্লক এবং আধুনিক ‘ডিজিইউ’ স্যান্ডউইচ বা টেম্পার্ড গ্লাস ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণে বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

ঢাকার গণপূর্ত ই/এম বিভাগ ইতোমধ্যে ৪ হাজার ৬২২ কিলোওয়াটের বেশি সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করেছে। এছাড়া বর্তমানে ব্যবহৃত ফ্রিজ ও এসি থেকে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়া রোধে সম্পূর্ণ সিএফসিমুক্ত প্রযুক্তি ব্যবহারের ওপর নজর রাখা হচ্ছে।

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ভবন ও অফিসগুলোতে ছাদবাগান এবং ল্যান্ডস্কেপিং জোরদার করা হলেও বেসরকারি আবাসন ও শপিং মলগুলোতে এখনো কিছুটা উদাসীনতা দেখা যাচ্ছে। এদিকে ঢাকার অতিরিক্ত উষ্ণতা হ্রাস করতে এবং শহরটিতে পুনরায় সজীবতা ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণকেও অপরিহার্য বলে মনে করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%