প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা সংক্রান্ত অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে, দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পুলিশ ৩৮ বছর বয়সী অনুসূয়া সাহা নামে এক নারীকে আটক করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে ওই তরুণী তাকে ‘পিসি’ বলে সম্বোধন করে তার দিকে ছুটে যান। অভিযোগ উঠেছে যে, একপর্যায়ে তিনি মমতার শাড়ি ধরে টান দেন। পরে ওই নারীর কাছে একটি ছুরি পাওয়া গেছে বলেও দাবি করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। মমতার দিকে ছুটে যাওয়ার পর ওই নারী রাস্তায় শুয়ে পড়েন এবং গালিগালাজ করতে থাকেন। উপস্থিত দলীয় কর্মীরা তাকে ধরে মাটিতে চেপে রাখেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেন অভিযোগ করেছেন যে, ওই নারী মাদকের প্রভাবে ছিলেন এবং তার হাতে একটি ছুরি ছিল। তিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি পরিচয় দিয়ে ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেছেন।
ঘটনার পর তৃণমূলের নেতাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে কলকাতা পুলিশ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবন থেকে বের হওয়ার সময় অনুসূয়া সাহা নামে ওই নারীর সঙ্গে মুখোমুখি অবস্থার সৃষ্টি হয় এবং তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ওই নারীকে আটক করেন।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন