০৭:০১ পি.এম
চট্টগ্রাম, ২৫ জুলাই, ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আমাদের লক্ষ্য জনগণের পুলিশ হওয়া, নিপীড়ক হওয়া নয়।
তিনি আরো বলেন, পুলিশের ভালো কাজের মাপকাঠি হলো নাগরিক সন্তুষ্টি। সাধারণ মানুষের যদি পুলিশের সেবা ও আচরণে সন্তুষ্টি থাকে, তাহলে বুঝতে হবে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে।
আজ (শনিবার) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভায় সিএমপি কমিশনার এ সকল কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে ভিআইপি লাউঞ্জে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
হাসান মো. শওকত আলী আরো বলেন, আইনশৃঙ্খলা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর পুলিশিংয়ের অন্যতম প্রধান উপাদান হলো কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ। জনগণের পুলিশের সঙ্গে সম্পৃক্ততা যত বাড়ে, পুলিশ তত ভালোভাবে কাজ করতে সক্ষম হবে।
বাহিনীর আচরণ ও দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ আলাদা, এটি শুধু আমাদের মনে করলে হবে না; সাধারণ মানুষকে পুলিশ কীভাবে কাজ করে এবং পুলিশের আচরণে সেটি উপলব্ধি করতে হবে।
সিএমপি কমিশনার আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। যদি কোনো সাংবাদিক পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন, তবে সেটি নেতিবাচকভাবে দেখার কোন সুযোগ নেই। বরং ওই প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে সেখান থেকে প্রয়োজনীয় বিষয়গুলো অনুধাবন করতে হবে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, কাজী আবুল মনসুর, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।
সিএমপির পক্ষ থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন