সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:২৮ পি.এম
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি রোহিঙ্গার স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি এ সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের একটি পরিকল্পনা প্রণয়ন, মানবিক সহায়তা বৃদ্ধি এবং সংকট নিরসনে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের প্রস্তাব তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রোহিঙ্গা বিষয়ক বক্তব্যের প্রেক্ষিতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান মন্তব্য করেন, প্রকৃত সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকারের ওপর নির্ভরশীল। তিনি বলেন, ১২ লাখ রোহিঙ্গার জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে।
আইরিন খান উল্লেখ করেন, রোহিঙ্গা জনগণের জন্য অর্থসহায়তা কমছে এবং বিশ্বের মনোযোগও অন্যদিকে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের শরণার্থী সহায়তা ব্যবস্থা কক্সবাজারে থাকা দশ লাখের বেশি রোহিঙ্গার চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে আইরিন খান বলেন, প্রকৃত সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকারের ওপর নির্ভরশীল। প্রথমত, এই ১২ লাখ শরণার্থীকে সহায়তা দিতে হবে। দ্বিতীয়ত, দেশের একটি কঠিন সময়ে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়াতে হবে। তৃতীয়ত, রোহিঙ্গা সঙ্কটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।
বিশ্বের বৃহত্তম শরণার্থী রোহিঙ্গা জনগোষ্ঠী বর্তমানে অত্যন্ত ঘনবসতিপূর্ণ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা জনাকীর্ণ আশ্রয় শিবিরে বসবাস করছে, যেখানে সহায়তা প্রয়োজনের তুলনায় কম এবং মানবিক সহায়তা ক্রমাগত কমছে।
আইরিন খান ‘রোহিঙ্গা শিশুরা আশ্রয় শিবিরে কঠিন পরিস্থিতিতে বেড়ে উঠছে’ উল্লেখ করে বলেন, রোহিঙ্গারা ৯ বছর ধরে আশ্রয় শিবিরে আছেন। শিশুরা সেখানেই বড় হচ্ছে। প্রতিবছর ১২ লাখ শরণার্থীর সংখ্যা আরও বাড়ছে। শিবিরগুলোতে বছরে প্রায় ৩০ হাজার শিশুর জন্ম হচ্ছে। তাদের ভবিষ্যৎ কী? শরণার্থী শিবিরে ৯ বছর কাটানো একটি দীর্ঘ সময়।
আইরিন খান বলেন, এ কারণেই আমাদের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং অঞ্চলের ভেতরে ও বাইরের সংশ্লিষ্ট সব পক্ষকে সমাধানের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে। আমরা বিশ্বাস করি, এর সমাধানও সেখানেই নিহিত। শরণার্থীরাও নিজ দেশে ফিরতে আগ্রহী, তবে তারা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে ফিরতে চান। আমরা চাই, আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টির প্রতি মনোযোগ দিক।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কী ধরনের সুনির্দিষ্ট অঙ্গীকার আশা করছেন? এবং মিয়ানমার সমাধানের বিষয়ে কতটা আগ্রহী? এই প্রশ্নের উত্তরে আইরিন খান বলেন, আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনুক। সেখানে থাকবে আশ্রয়দাতা দেশ বাংলাদেশ, এই অঞ্চলের অন্যান্য দেশ এবং অবশ্যই মিয়ানমার। আরও থাকবে দূরবর্তী সেই সব দেশ, যাদের মিয়ানমারের ওপর প্রভাব রয়েছে কিংবা এই প্রক্রিয়ায় অর্থায়নের সামর্থ্য আছে।
আমরা এমন একটি রাজনৈতিক প্রক্রিয়া চাই, যার মাধ্যমে মিয়ানমার সরকারকে তার জনগণকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি মিয়ানমারের ভেতরেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে, যাতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিরাপদে ফিরতে পারে।
জাতিসংঘের ভূমিকা ও প্রাসঙ্গিকতা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা বিষয়ক প্রশ্নের উত্তরে আইরিন খান বলেন, জাতিসংঘের একার পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সদস্য রাষ্ট্রগুলোকে নিজেদের দায়িত্ব আরও গুরুত্বের সঙ্গে নিতে হবে, বিশেষ করে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধারী দেশগুলোকে। তাদের আরও কার্যকরভাবে একসঙ্গে কাজ করা প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রদের নেতৃত্বে চলমান আন্দোলন এক বছরেরও বেশি সময় ধরে চলছিল। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল। এই পরিস্থিতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
রাজধানী বেলগ্রেডের প্রেসিডেন্ট ভবনের বাইরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভুচিচ। তিনি উল্লেখ করেন, তার নয় বছরের শাসনকালে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় ছিল। জুন মাসে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। বর্তমানে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজের দলের প্রধানমন্ত্রী প্রার্থী হতে আগ্রহী। সংবিধান অনুযায়ী, তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না।
রাশিয়াপন্থী এই জনতুষ্টিবাদী নেতার সরকার শুরু থেকেই জনগণের ক্ষোভের মুখে ছিল। অভিযোগ ছিল, নির্মাণকাজে নিয়ম না মেনে খরচ কমানোর কারণে সমস্যা সৃষ্টি হয়েছে।
২০২৪ সালে নভি সাদ রেলস্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। এই ঘটনাটি সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি করে।
বিভিন্ন পেশার মানুষ আন্দোলনে অংশ নেন। ছাত্র, শিক্ষক, শ্রমিক ও কৃষকরা রাস্তায় নেমে আসেন। দেশটির টেনিস তারকা নোভাক জকোভিচও আন্দোলনকে সমর্থন করেছিলেন। তবে এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়কে শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে হয়েছিল।
আন্দোলনকারীরা মনে করেন, ওই দুর্ঘটনা আসলে ভুচিচের দল প্রোগ্রেসিভ পার্টির দীর্ঘ শাসনের ব্যর্থতার প্রতিফলন। স্টেশনটির সংস্কারের সঙ্গে ভুচিচের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটি সার্বিয়ার অগ্রগতির প্রতীক হওয়ার কথা ছিল। ভুচিচের অধীনে থাকা কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন, কিন্তু আন্দোলনকারীরা শান্ত হননি। গ্রীষ্মজুড়ে বিক্ষোভ চলতে থাকে। পুলিশের নির্যাতনের অভিযোগের কারণে বিক্ষোভ অশান্ত হয়ে ওঠে।
ভুচিচের মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল। সংবিধান অনুযায়ী, পদত্যাগের তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। তাই বছরের শেষের আগে সার্বিয়ার জনগণ দুইবার ভোট দিতে হবে। ভুচিচ জানিয়েছেন, অক্টোবরের শেষ দিকে আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচন হবে তার এক মাসেরও বেশি পরে। আন্দোলনের চাপেই এই আগাম সংসদ নির্বাচনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবির তালিকায় ভোটের দাবি অন্তর্ভুক্ত ছিল।
ভুচিচ আগেই জানিয়েছিলেন, তিনি ওই নির্বাচনে প্রোগ্রেসিভ পার্টির নেতা হিসেবে লড়বেন। ফলে সার্বিয়ার রাজনীতির শীর্ষ পদে তার থেকে যাওয়ার সুযোগ রয়েছে।
নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার আনা ব্রনাবিচ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তিনিও প্রোগ্রেসিভ পার্টির সদস্য।
ভুচিচ সংবিধানের ক্ষমতা ব্যবহার করে ৪৯ জনকে ক্ষমা করেছেন। তাদের মধ্যে ২৩ জন ছাত্র এবং দলের অনুগত কয়েকজন রয়েছেন। সার্বিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএসের তথ্য অনুযায়ী, তারা গত দেড় বছরের ঘটনাপ্রবাহের সঙ্গে জড়িত বিভিন্ন অপরাধের সন্দেহভাজন ছিলেন। ভুচিচ ওই ঘটনাগুলোকে ‘ভয়াবহ ঘটনা, যা আমরা গত দেড় বছরে পার করে এসেছি’ বলেছিলেন।
আসন্ন সংসদ নির্বাচনে ভুচিচের প্রোগ্রেসিভ পার্টির প্রতিদ্বন্দ্বিতা করবে দুটি পক্ষ। একটি হলো ছাত্রদের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলন ‘স্টুডেন্টস উইন’। অন্যটি পশ্চিমাপন্থী বিরোধী দলগুলোর জোট ‘ইউরোপীয় সার্বিয়া’।
ভুচিচ এক যুগেরও বেশি সময় ধরে সার্বিয়ার রাজনীতির পরিচিত মুখ। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী হন এবং ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি প্রকাশ্যে বলেছেন, সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায়, এটাই তার ইচ্ছা। তবে একই সময়ে তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং চীনের বিনিয়োগের জন্য দেশের দরজা খুলে দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডমেস্টিক-৩’-এ ফ্র্যাঞ্চাইজিগুলো ছয় আইকন ক্রিকেটার নির্বাচন করেছে। তবে এই তালিকায় জাতীয় দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের নাম নেই।
আইকন ক্রিকেটার হতে পারেননি মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিমও। কেন এই তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে অন্যদের বেছে নেওয়া হয়েছে, তা ব্যাখ্যা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
তামিমের মতে, আইকন ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল খেলোয়াড়দের প্রাপ্যতা। পুরো মৌসুমে যাদের পাওয়া যাবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি দলগুলো বিবেচনায় নিয়েছে।
তামিম বলেন, "আমার মনে হয় বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখতে হবে। দিনশেষে এটি ঘরোয়া টুর্নামেন্ট এবং এখানে খেলোয়াড়দের অ্যাভেইলেবিলিটি খুব গুরুত্বপূর্ণ।"
এ প্রসঙ্গে মোহাম্মদ নাঈম শেখের উদাহরণ টেনে বিসিবি সভাপতি জানান, প্রথম পিকে তারা হয়তো এমন কাউকে চেয়েছে, যাকে পুরো মৌসুম পাওয়া যাবে। যেমন, নাঈম শেখ বর্তমানে জাতীয় দলে খেলছেন না, তাই তিন সংস্করণেই তাকে পাওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি।
লটারির মাধ্যমে ‘ডমেস্টিক-৩’-এর ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাঈম শেখ এবং মোসাদ্দেক হোসেন সৈকত।
দলভিত্তিক আইকন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন, ওয়ালটনের মেহেদী হাসান মিরাজ, ফরচুনের তাওহিদ হৃদয়, এসিএমইর মোসাদ্দেক হোসেন সৈকত, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, এসিই ব্লুস্টার্সের নুরুল হাসান সোহান এবং সিটিজেন ব্যাংকের মোহাম্মদ নাঈম শেখ।
তবে আইকন তালিকায় জায়গা না পেলেও জাতীয় দলের তারকাদের জন্য দল পাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি। আগামী ২৬ অক্টোবর খেলোয়াড় বাছাইয়ের সময় নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিমদের দলে নেওয়ার সুযোগ থাকবে।
তামিম জানিয়েছেন, ওই দিন নিলাম অথবা ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হবে। নিলাম হলে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে, যা ড্রাফটের ক্ষেত্রে পুরোপুরি সম্ভব নয়।
দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামোয় বড় পরিবর্তন আনতে যাচ্ছে ‘ডমেস্টিক-৩’। নতুন এই প্রতিযোগিতার মাধ্যমে এনসিএল টি-টোয়েন্টি, বিসিএলের চার দিনের প্রতিযোগিতা ও বিসিএল ওয়ানডের জায়গায় আসবে একটি সমন্বিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। একই ছয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটে অংশ নেবে।
পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি সংস্করণে ১৯টি ম্যাচ, ৫০ ওভারের প্রতিযোগিতায় ১৬টি এবং চার দিনের ক্রিকেটে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরে বরিশাল বিভাগীয় স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি পর্ব। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে চার দিনের প্রতিযোগিতা, আর ৫০ ওভারের ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী মে মাসে।
ছয় ফ্র্যাঞ্চাইজি বিসিবির সঙ্গে তিন বছরের চুক্তি করেছে। প্রতিটি দল ২৩ সদস্যের স্কোয়াড গঠন করবে, যা তিন সংস্করণেই তাদের মূল দল হিসেবে থাকবে।
খেলোয়াড় ও কোচিং স্টাফের পারিশ্রমিকের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয়ের সীমাও নির্ধারণ করবে বিসিবি। বোর্ডের লক্ষ্য হলো, তিন সংস্করণের ক্রিকেটকে একই কাঠামোর আওতায় এনে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা বাড়ানো, খেলোয়াড়দের আর্থিক সুযোগ সম্প্রসারণ এবং প্রতিযোগিতাটির বাণিজ্যিক আকর্ষণ বৃদ্ধি করা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনা শহরে একটি মাছের ঘেরের ভেতর থেকে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ এলাকায় ফ্রেশ ফুডসের পেছনে অবস্থিত একটি মাছের ঘের থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. বাপ্পি, যিনি কলম বাপ্পি নামেও পরিচিত (৩৫)। তিনি রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ভোরের দিকে মোমিনবাগ এলাকার একটি মাছের ঘেরে বাপ্পির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সবুর খান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দুর্বৃত্তরা বাপ্পিকে হত্যা করে ঘেরে ফেলে রেখে যায়। নিহতের ঘাড়ের ডান পাশে গুলির আঘাত এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ সম্পর্কিত সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনটি সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচদিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন, যেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করেন।
এই পাঁচ দিনের সফরের মধ্যে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি একাধিক রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ প্রদান করেন। তার ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর সফরকে সফল ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ