ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জ্ঞান ফিরে পেয়ে প্রশ্ন করেন মৃত্যুদণ্ড ব্যর্থ হওয়া ক্রিস্টা পাইক


জ্ঞান ফিরে পেয়ে প্রশ্ন করেন মৃত্যুদণ্ড ব্যর্থ হওয়া ক্রিস্টা পাইক

যুক্তরাষ্ট্রের টেনেসির একটি ঘটনা ঘটেছে যেখানে সাজাপ্রাপ্ত আসামি ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়নি, যদিও তাকে দুবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়া হয়েছিল। ৩০ সেপ্টেম্বর পেন্টোবারবিটাল ইনজেকশন প্রয়োগের পর তিনি বেঁচে যান। হাসপাতালে জ্ঞান ফিরে পাওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, ‘আমি কোথায়?’ এবং ‘আপনি কে?’

পাইকের আইনজীবী র‍্যান্ডি স্পাইভি জানিয়েছেন, জ্ঞান ফেরার পর তিনি রাগান্বিত এবং বিভ্রান্ত অবস্থায় ছিলেন। তার দুই হাত ফুলে গেছে, এক হাতে রক্ত জমাট বেঁধেছে, নিউমোনিয়া হয়েছে এবং খাবার গিলতে পারছেন না।

১৯৯৫ সালে ১৯ বছর বয়সী কলিন স্লেমারকে হত্যা করার জন্য পাইককে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যিনি তৎকালীন প্রেমিক টাডারিল শিপের সঙ্গে এই অপরাধে জড়িত ছিলেন। শিপের বয়স তখন ১৭ বছর হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এবং তিনি এখনো কারাগারে আছেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর কয়েকদিন ধরে পাইককে মস্তিষ্কের দিক থেকে মৃত বলে মনে করা হচ্ছিল। তাকে কৃত্রিম জীবনধারণ ব্যবস্থা থেকে সরানোর প্রস্তুতিও চলছিল। তবে মঙ্গলবার (৬ অক্টোবর) হঠাৎ করে তিনি কথা বলতে শুরু করেন।

বুধবার (৭ অক্টোবর) জরুরি শুনানিতে আদালত মৃত্যুদণ্ড কার্যকর করার সঙ্গে সংশ্লিষ্ট সব প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ইনজেকশনের নল, সিরিঞ্জ, প্যাকেট, নির্দেশনাপত্র ও লেবেল অন্তর্ভুক্ত রয়েছে। পাইকের মানসিক অবস্থা-সংক্রান্ত নথিও আদালত চেয়েছে।

এদিকে, টেনেসির গভর্নর বিল লি চলতি বছরের বাকি সময়ের জন্য সমস্ত মৃত্যুদণ্ড স্থগিত করার নির্দেশ দিয়েছেন এবং ব্যর্থতার কারণ অনুসন্ধানের নির্দেশনা দিয়েছেন। অঙ্গরাজ্যের কারা বিভাগের প্রধানও পদত্যাগের ঘোষণা করেছেন।

আইনজীবীদের অভিযোগ, হাসপাতালে পাইকের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের আপত্তি সত্ত্বেও তাকে বিছানার সঙ্গে শিকলবন্দি করে রাখা হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্টে রাতের প্রবেশে বিধিনিষেধ, পরিচয়পত্র বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


সুপ্রিম কোর্টে রাতের প্রবেশে বিধিনিষেধ, পরিচয়পত্র বাধ্যতামূলক

নিরাপত্তার স্বার্থে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

বুধবার (৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে গণ্য। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচারকার্য পরিচালনা করেন।

এ কারণে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীগণের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পূর্বে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশের সময় স্ব স্ব পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে যে, সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিরা প্রবেশ করছেন, যা নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। দেশের সর্বোচ্চ আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

জরুরি প্রয়োজনে এই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে চাইলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এনআইডি কার্ড বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্পের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্পের ঘটনা

পূর্ব জাপানে তিন ঘণ্টার মধ্যে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে এই ভূমিকম্পগুলোর ফলে চিবা ও ইবারাকি প্রিফেকচার কেঁপে ওঠে, তবে দেশটির আবহাওয়া সংস্থা নিশ্চিত করেছে যে সুনামির কোনো আশঙ্কা নেই।

বার্তা সংস্থা কিয়োডো নিউজ জানায়, জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)-এর উদ্ধৃতি দিয়ে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে অনুভূত হয়। এটি চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে।

এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৮ নির্ধারণ করা হয়েছে। ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) গভীরে এর উৎপত্তিস্থল ছিল। জাপানের সাত স্তরবিশিষ্ট তীব্রতা স্কেলে চিবার আসাহি শহরে এর মাত্রা ছিল ৪। এর ফলে পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়।

প্রথম ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পর, সকাল ৭টা ১৪ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি প্রতিবেশী ইবারাকি প্রিফেকচারে আঘাত হানে। আবহাওয়া সংস্থার হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে। স্থানীয় ভূকম্পন তীব্রতা স্কেলে হিতাচিওমিয়া শহরে এর মাত্রা ৩ রেকর্ড করা হয়।

সংস্থাটি পরিষ্কারভাবে জানায়, দুটি ভূমিকম্পের ফলে সমুদ্রে সুনামির সৃষ্টি হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে পূর্ব জাপানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘন ঘন ভূকম্পন অনুভূত হচ্ছে। এর আগে, ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রার এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্প ঘটে। এছাড়া, ২৩ আগস্ট একই অঞ্চলে সংঘটিত ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী টোকিওতে অন্তত ৪০ জন আহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর রাইস মিল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৪ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


রাজশাহীর রাইস মিল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৪ বছরের শিশু

রাজশাহীর বাগমারা উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুর উপর বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম ইমন, যার বয়স ১৮ বছর। ঘটনার পর থেকে ইমন পলাতক রয়েছেন।

পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এই ঘটনার সূত্রপাত ঘটে। অভিযুক্ত ইমন ওই গ্রামের বাসিন্দা এবং তিনি জাহাঙ্গীর আলমের একটি রাইস মিলে কর্মরত ছিলেন।

শিশুটির পরিবারের অভিযোগ, বাড়ির সামনে খেলাধুলার সময় ইমন অন্য একজনের মাধ্যমে শিশুটিকে রাইস মিলে ডেকে নেন। সেখানে শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

পরে শিশুটি কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা জানান, শিশুটির পরনের পোশাক রক্তমাখা ও ভেজা অবস্থায় পাওয়া যায়। শিশুটির শরীরের পেছনের অংশে গুরুতর জখম হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছিল বলেও তারা দাবি করেন।

শিশুটির বাবা বলেন, ইমন তার ছেলেকে রাইস মিলে ডেকে নিয়ে যায়। সেখানে তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে বলে শিশুটি জানায়। এতে তার গুরুতর জখম হয়েছে। ঘটনার পর ইমনের সন্ধান করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটিকে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

এদিকে অভিযুক্ত যুবক পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ার ফ্ল্যাটে শেষ মুহূর্তে কী ঘটেছিল নানা পাটেকারের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


গোয়ার ফ্ল্যাটে শেষ মুহূর্তে কী ঘটেছিল নানা পাটেকারের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মৃত্যুর পূর্বে নানা পাটেকার গোয়ার একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ করে তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি জানার পর তার ছেলে মালহার পাটেকর দ্রুত একটি মেডিকেল টিমকে ফ্ল্যাটে পাঠান।

চিকিৎসক দল সেখানে পৌঁছানোর পর অভিনেতাকে অচেতন অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা প্রদান করা হয়। পরে দ্রুত তাকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা নানা পাটেকারকে মৃত ঘোষণা করেন।

নানা পাটেকারের মৃত্যুর ঘটনাটি মেডিকো-লিগ্যাল কেস হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি নিশ্চিত করার জন্য বৃহস্পতিবারই তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। ফলে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর নির্দিষ্ট চিকিৎসাগত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নানা পাটেকারের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া এই অভিনেতা হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ার গড়েছেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘অব তক ছাপ্পান’ ও ‘নটসম্রাট’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন নানা পাটেকার।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। শক্তিশালী অভিনয়, স্বতন্ত্র সংলাপ বলার ধরন এবং বহুমুখী চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন এই অভিনেতা।

তার আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%