ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা


নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা

কোনো শুটিং স্পটে যাওয়ার প্রয়োজন নেই, রোদে পুড়ে গায়ের রং তামাটে করারও দরকার নেই, পরিচালকের বকা খাওয়ার বিষয়টি তো একেবারেই উঠে আসে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপনার চেহারা দিয়ে তৈরি হবে অভিনয়ের চরিত্র। আর এর মাধ্যমে আপনি অর্জন করবেন মোটা অঙ্কের অর্থ। চীনের সাধারণ মানুষ নিজেদের চেহারা বা মুখাবয়বের লাইসেন্স দিয়ে এই নতুন আয়ের পথ সৃষ্টি করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনে সাধারণ মানুষ এখন বাস্তবিক অর্থে ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের চেহারা ‘ভাড়া’ দিচ্ছেন। সেই মুখাবয়ব ব্যবহার করে তৈরি হচ্ছে এআই অভিনেতা-অভিনেত্রী, যাদের বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্টে কাজে লাগানো হচ্ছে।

আরও পড়ুন: পূজার ছুটিতে প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার ঘুরে আসুন

জানা গেছে, ছবি বা ভিডিও ব্যবহারের ধরন অনুযায়ী এর মূল্য ৫০ ইউয়ান (প্রায় ৭ ডলার) থেকে শুরু করে ১ লাখ ইউয়ান বা প্রায় ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৮ লাখ ৪৬ হাজার টাকা) পর্যন্ত হতে পারে। এই নতুন ব্যবসায়িক মডেলের মাধ্যমে মানুষ ক্যামেরার সামনে সরাসরি উপস্থিত না হয়েও নিজেদের চেহারা বা অবয়ব ‘ভাড়া’ দিতে সক্ষম হচ্ছেন।

বিষয়টি জানার পর হুয়াং নামের ২৭ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা ভাবলেন, তিনিও চেহারা ভাড়া দিয়ে বাড়তি কিছু অর্থ আয় করবেন। যে–ই ভাবা, সে–ই কাজ। অনলাইনে নিজের চেহারার স্বত্ব বিক্রির বিজ্ঞাপন দিতেই মাত্র তিন দিনে তার ডিজিটাল চেহারা সাতবার বিক্রি হয়ে গেল। কোনো খাটুনি ছাড়াই পকেটে চলে এল প্রায় ২ হাজার ৬০০ ইউয়ান বা প্রায় ৩৭০ মার্কিন ডলার।

চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন নিজেদের চেহারা ভাড়া দিতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। কার চেহারা কী ধরনের কাজে ব্যবহার করা হবে এবং চুক্তির শর্ত কী, তার ওপর নির্ভর করছে পারিশ্রমিকের পরিমাণ।

চীনে বর্তমানে এআই দিয়ে বানানো স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সেখানে প্রতিটি দৃশ্যের জন্য উচ্চ পারিশ্রমিকে অভিনেতা নেওয়ার চেয়ে এআইয়ের মাধ্যমে ডিজিটাল চরিত্র তৈরি করা অনেক সাশ্রয়ী।

আরও পড়ুন: কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ

এআই প্রযুক্তির সাহায্যে স্টুডিওতে না গিয়েই ওই চরিত্রের পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি ও সংলাপ মুহূর্তেই বদলে ফেলা সম্ভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতিসংঘে বক্তব্যের জন্য অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতিসংঘে বক্তব্যের জন্য অভিনন্দন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিকাল ৩টা নাগাদ প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের মহাসচিবসহ শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিবিধিদের সঙ্গে বৈঠকসহ সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যের জন্য অভিনন্দন জানান এবং বক্তব্যটিকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং প্রধান বৈশ্বিক ইস্যুগুলোতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন যে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় করবে।

তিনি আরও বলেন, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ সময় জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ দেশের জন্য পৃথক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


১৮ দেশের জন্য পৃথক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব

বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান জানিয়েছেন, দেশের রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি তৈরি পোশাকের উপর নির্ভরতা কমানোর জন্য পণ্য ও বাজার উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনতে একটি সমন্বিত কৌশল প্রণয়ন করছে সরকার।

তিনি উল্লেখ করেন, এ লক্ষ্যে বিশ্বের ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্যের বাজার সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা, প্রতিযোগী দেশগুলোর অবস্থান এবং বাংলাদেশের করণীয় বিশ্লেষণ করে পৃথক বাজারভিত্তিক রপ্তানি কৌশল তৈরি করা হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি : প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডাইভার্সিফিকেশন অ্যাক্রস ১৮ কি ট্রেডিং ডেস্টিনেশনস’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে বাণিজ্য সচিব এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানি আরো শক্তিশালী ও টেকসই করতে পণ্য ও বাজার উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনার উপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচিত ১৮টি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে দেশভিত্তিক প্রোফাইল এবং বাস্তবায়নযোগ্য কৌশল প্রস্তুত করা হচ্ছে।

বাণিজ্য সচিব জানান, বিভিন্ন দেশে বাংলাদেশের বাণিজ্যিক উইং থেকে সংশ্লিষ্ট বাজারের বর্তমান পরিস্থিতি, রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাধা, বাংলাদেশের সম্ভাবনাময় পণ্য এবং বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য সমন্বয় করে প্রতিটি দেশের জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরি করা হবে।

মো. আতাউর রহমান খান বলেন, বাজার বিশ্লেষণের জন্য একটি নির্দিষ্ট ম্যাট্রিক্স অনুসরণ করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের মোট রপ্তানির অংশ, নির্দিষ্ট পণ্যে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির উপায় এবং বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৮টি গুরুত্বপূর্ণ বাজার বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় নতুন পণ্য চিহ্নিত করার পাশাপাশি বিদ্যমান পণ্যের বাজার সম্প্রসারণ এবং নতুন বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নির্ধারণ করা সম্ভব হবে।

কর্মশালায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে শুধু পণ্য নয়, সেবা রপ্তানিকেও সমান গুরুত্ব দিতে হবে।

তিনি তথ্যপ্রযুক্তি, দক্ষতাভিত্তিক অর্থনীতি ও সক্ষমতাবর্ধক সেবা খাতের উন্নয়নের পাশাপাশি ফ্রিল্যান্সারদের বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মুস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদন ও সেবা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে ভৌগোলিক নৈকট্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশের পণ্য ও সেবা রপ্তানি বাড়ানোর উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

কর্মশালায় বিজিএমইএ, ফ্লেক্সা, সিপিডি, ওয়ালটন গ্রুপ, বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন এবং ফার্মাসিউটিক্যালস খাতের প্রতিনিধিসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রপ্তানি সম্প্রসারণে তাদের প্রস্তাব তুলে ধরেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, ইলেকট্রনিকস, কৃষি ও কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য সেবা খাতকে আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক করে তোলার ওপর গুরুত্ব দেন।

সংশ্লিষ্টরা জানান, ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্যকে কেন্দ্র করে প্রণীত এ কৌশল বাংলাদেশের রপ্তানির ভিত্তি বিস্তৃত করা, নতুন পণ্য ও বাজার সৃষ্টি, বিদ্যমান বাজারে রপ্তানি বাড়ানো এবং দীর্ঘমেয়াদে বহুমুখী ও টেকসই রপ্তানি কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় বাবার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় বাবার মৃত্যু

গাজীপুরে মেয়ের বিয়ের বাজার করতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৫০) নামের একজন ব্যক্তির মৃত্যু ঘটেছে। এ ছাড়া, দিরু মিয়া নামের এক মাছ ব্যবসায়ীও এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (জেসন গেট) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। অন্যদিকে, নিহত মাছ ব্যবসায়ী দিরু মিয়ার বাড়ি নেত্রকোনায় অবস্থিত।

প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন লোকমান হোসেন। হঠাৎ করে দ্রুতগতির মাছবাহী ট্রাকটি তাকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ডভ্যানের পেছনে আঘাত করে। লোকমান হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) মেয়ের বিয়ের জন্য লোকমান হোসেনের বাড়িতে প্রস্তুতি চলছিল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বর পক্ষেরও তাদের বাড়িতে আসার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় বাবার আকস্মিক মৃত্যুতে মেয়ের বিয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়।

অন্যদিকে, নিয়ন্ত্রণ হারানো মাছবাহী ট্রাকটির সামনের অংশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে গাড়ির চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী দিরু মিয়া ট্রাকের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর দিরু মিয়ারও মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যান।

ওসি শাহাবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সিরিয়ার পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে ঘটে যাওয়া নাশকতামূলক বিস্ফোরণের ফলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, এমন তথ্য জানিয়েছে দামেস্ক।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল-শৌলা এলাকা এবং দেইর এজোরের মধ্যবর্তী অঞ্চলের পাইপলাইনে আগুন লেগে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এই বিপর্যয় ঘটেছে।

সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগুনের ফলে আল-জাবসাহ গ্যাস প্ল্যান্ট থেকে বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ করা হয়েছে। এর ফলে দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন করে বড় ধরনের ধাক্কা লেগেছে।

এটি এমন এক সময়ে ঘটেছে, যখন আঞ্চলিক সংঘাতের কারণে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে উঠেছে এবং সিরিয়াজুড়ে তীব্র জনঅসন্তোষ ও বিক্ষোভ চলছে।

উল্লেখ্য, দীর্ঘ গৃহযুদ্ধে সিরিয়ার জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দৈনিক প্রায় আড়াই কোটি ঘনমিটার চাহিদার বিপরীতে বর্তমানে দেশটি মাত্র ৮৫ লাখ ঘনমিটার গ্যাস উৎপাদন করতে সক্ষম হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%