০৭:৫৩ পি.এম
ঢাকা, ১৮ জুলাই ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় স্যার গ্যারি সোবার্স মারা গেলেন। তিনি বার্বাডোজে নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে খবরটি নিশ্চিত করেছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক্সে করা এক পোস্টে জানায়, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে চিরকাল থাকবে, স্যার গারফিল্ড সোবার্সের নাম।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সোবার্স ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত। তার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই দক্ষতার কারণে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার হিসেবে তকমা পেয়েছেন।
১৯৫৩ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে ছয়টি ছয় মারার কৃতিত্বও তার।
দুর্দান্ত পারফরমেন্সের কারণে ১৯৫৪ সালে তার টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে। ১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। ব্যাট হাতে ২৬ সেঞ্চুরি এবং ৩০ হাফ-সেঞ্চুরির মাধ্যমে ৫৭.৭৮ গড়ে ৮০৩২ রান সংগ্রহ করেন তিনি। বোলিংয়ে ৩৪.০৩ গড়ে ২৩৫টি উইকেট শিকার করেন।
টেস্ট অভিষেকের পর ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি অর্জন করেন। কিংস্টনের প্রথম সেঞ্চুরির ইনিংসে ৩৬৫ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
তিনি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড গড়েছিলেন। ১৯৯৪ সালে সেন্ট জোন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭৫ রান করে সোবার্সের বিশ্ব রেকর্ড ভাঙেন ব্রায়ান লারা।
১৯৬৪ সালে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন এবং ২০০০ সালে শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন তিনি। ২০০৯ সালে আইসিসি হল অব ফেম চালু হলে সেখানে সোবার্সের নাম অর্ন্তুভুক্ত করা হয়।
আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের নামকরণ করা সোবার্সের নামেই হয়েছে। সেটির নাম ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।’
আইসিসি সভাপতি জয় শাহ এই বিষয়ে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিশ্ব ক্রিকেটের মহীরুহ এবং সত্যিকারের ক্রীড়া কিংবদন্তি স্যার গারফিল্ড ‘গ্যারি’ সোবার্সের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার অসাধারণ সাফল্য এবং খেলার প্রতি দুর্দান্ত ও অবিস্মরণীয় অবদান সারা বিশ্ব জুড়ে প্রজন্ম থেকে প্রজন্ম সমস্ত ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে। তার পরিবার, বার্বাডোজের জনগণ এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো সোবার্সকে স্মরণ করে বলেন, ‘সোবার্স শুধু সর্বকালের সেরা ক্রিকেটারই নন। তিনি ক্যারিবিয়ান জনগণের আত্মবিশ্বাস ও গর্বের প্রতীক ছিলেন। মাঠের বাইরেও কোটি মানুষের অনুপ্রেরণা ছিলেন তিনি।’
সোবার্সের প্রয়াণে সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীরা শোকে মূহ্যমান। ব্রায়ান লারা সোবার্সকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাদের সর্বকালের সেরা ক্রিকেটার আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবারের প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক সমবেদনা জানাই।’
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘স্যার গ্যারি আর আমাদের মধ্যে নেই এটা মেনে নেওয়া খুবই কঠিন। আমি গত কয়েক বছরের স্মৃতি বারবার মনে পড়ছে। তিনি সবসময়ই ছিলেন বিনয়ী, আন্তরিক ও উদার মনের মানুষ।’
সোবার্সের সাথে শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে টেন্ডুলকার লিখেছেন, ‘কয়েক বছর আগে লন্ডনে আমাদের দেখা হয়েছিল। আমরা দীর্ঘক্ষণ ক্রিকেট নিয়ে আলোচনা করেছিলাম।’
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
প্রথম শ্রেণিতে সোবার্স ৩৮৩ ম্যাচ খেলে ৫৪.৮৭ গড়ে ২৮,৩১৪ রান করেছেন এবং ২৭.৭৪ গড়ে ১০৪৩টি উইকেট নিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন