ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইয়েমেনে আবারও ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় উদ্বেগ বেড়ে চলেছে


ইয়েমেনে আবারও ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় উদ্বেগ বেড়ে চলেছে

ইয়েমেনে আবারও মশাবাহিত ডেঙ্গু জ্বর ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকাতে দেশটির স্বাস্থ্যকর্মীরা মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও আক্রান্তদের চিকিৎসায় ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বন্দরনগরী মুকাল্লার ঘনবসতিপূর্ণ আল-কুদ এলাকায় স্বাস্থ্যকর্মীদের একটি দল বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভার সন্ধান করছে। প্রচণ্ড গরম ও আর্দ্রতা সত্ত্বেও তারা জমে থাকা পানি, খোলা পানির ট্যাংক ও ড্রেন পরীক্ষা করে ডেঙ্গু ও ম্যালেরিয়ার বাহক মশার প্রজননস্থল শনাক্ত করছে।

জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির (এনএমসিপি) কর্মকর্তা সালেম বিন শাবজ জানিয়েছেন, অনেক এলাকায় অভিযান চালানোর পরও মশার প্রজননস্থল পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না। খোলা পানির ট্যাংক এবং জমে থাকা নোংরা পানি এখনো মশার বংশবিস্তারের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি বলেন, 'পানির ট্যাংক ঢেকে রাখার মতো ছোট একটি পদক্ষেপও ডেঙ্গু প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে।'

ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে চলতি বছরের ৪ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত ৭ হাজার ৮১৫টি সন্দেহভাজন ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এই সময়ে মারা গেছেন অন্তত ৩৩ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে হাদরামাউত প্রদেশ, যেখানে ২ হাজার ২০৪টি কেস শনাক্ত হয়েছে। এরপর রয়েছে এডেন, আবিয়ান, শাবওয়া ও তাইজ প্রদেশ।

দীর্ঘদিনের যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে ডেঙ্গুর এই প্রাদুর্ভাব মোকাবিলা আরও কঠিন হয়ে পড়ছে। দেশটির হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে, অথচ চিকিৎসা অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি রয়েছে।

মুকাল্লার সরকারি ইবনে সিনা হাসপাতালের ল্যাব প্রধান মোহাম্মদ ওমর জানান, মে মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকাকালে এক দিনে ৬০টির বেশি সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করতে হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

স্বাস্থ্যকর্মীরা বলছেন, অনেক রোগী দেরিতে হাসপাতালে আসছেন। অর্থনৈতিক সমস্যার কারণে কেউ কেউ চিকিৎসা নিতে দেরি করছেন, আবার অনেকে শুরুতে ডেঙ্গুর উপসর্গকে সাধারণ জ্বর ভেবে গুরুত্ব দিচ্ছেন না। ফলে কিছু রোগী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছেন।

হাদরামাউত বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুল্লাহ বিন ঘৌথ জানান, ইয়েমেনে ডেঙ্গু এখন প্রায় স্থায়ী রোগে পরিণত হয়েছে। এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং প্রতিরোধের জন্য কার্যকর ভ্যাকসিনও সহজলভ্য নয়। ফলে মশা নিয়ন্ত্রণ ও দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোন্নারুমার বিয়েতে নরওয়ের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপন করেছেন হালান্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


দোন্নারুমার বিয়েতে নরওয়ের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপন করেছেন হালান্ড

বিশ্বকাপে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল নরওয়ের ‘ভাইকিং রো’ যা দীর্ঘ আয়তনের নৌকা চালানোর মতো এক উদযাপন। নরওয়ের দলটির সমর্থকরা তৎসময়ে সর্বত্র সেই দৃশ্যের পুনরাবৃত্তি করেছিলেন, ম্যাচ শেষের পর কখনও মার্টিন ওডেগার্ড আবার কখনোবা আর্লিং হালান্ডের নেতৃত্বে সদলবলে ‘ভাইকিং রো’ করতে দেখা গেছে। এবার এই দৃশ্যটি ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বিয়েতে পুনরায় দেখা গেল।

দীর্ঘদিনের সঙ্গী অ্যালেসিয়া এলেফান্তেকে নিয়ে নিজ দেশে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেছেন দোন্নারুমা। সেখানে প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনকে সঙ্গে নিয়ে হাজির হয়ে হালান্ড পুরো লাইমলাইট কেড়ে নেন। মাত্র কয়েকদিন আগে ২৬তম জন্মদিন পালন করা এই ম্যানসিটি তারকা স্বভাবসুলভ উচ্ছ্বাস নিয়ে ড্রামে তাল তোলেন।

হালান্ডের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত অতিথিদের বড় একটি দল বসে বসেই সেই তালে একসঙ্গে ‘রো’ উদযাপনে অংশ নেয়। এক সময় হালান্ড নিজেই হাসতে হাসতে এক বিভ্রান্ত অতিথিকে আলাদা করে বুঝিয়ে দেন কীভাবে এই উদযাপন করতে হয়। তার এই আচরণ উপস্থিত সকল মানুষের জন্য অতিরিক্ত আনন্দের উৎস হয়ে ওঠে।

দোন্নারুমার বিয়েতে অতিথি তালিকায় ছিলেন ইতালি ও ইউরোপীয় ফুটবলের পরিচিত কতক মুখ। ইতালির মনোরম লোকোরোতন্দো শহরে অনুষ্ঠিত এই বিয়েতে তার জাতীয় দলের কয়েকজন সতীর্থ এবং ফুটবল ইতিহাসের কিংবদন্তিরাও অংশ নেন। এসি মিলানের সাবেক অধিনায়ক ও বর্তমান ইতালি ফুটবল ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর পাওলো মালদিনি ছিলেন অতিথিদের একজন। এছাড়া দেশটির বর্তমান তারকা সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাও দোন্নারুমার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন।

প্রসঙ্গত, ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ এক মৌসুম কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপটিও স্মরণীয় করে রেখেছেন হালান্ড। তার নৈপুণ্যে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ব্রাজিলের বিরুদ্ধে তিনি জোড়াগোলসহ সদ্য সমাপ্ত মেগা ইভেন্টে ৭ গোল করেছেন। এরপর তিনি বান্ধবীর সঙ্গে উপভোগ্য সময় কাটাচ্ছেন। ম্যানসিটির ক্যাম্পে এখনও যোগ দেওয়া হয়নি, বর্তমানে এনজো মারেস্কার অধীনে ক্লাবটি প্রাক-মৌসুমের প্রস্তুতি নিচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫০ ডিগ্রি তাপে পুড়ছে সাহারা, প্রাণ যাচ্ছে উটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


৫০ ডিগ্রি তাপে পুড়ছে সাহারা, প্রাণ যাচ্ছে উটের

‘মরুভূমির জাহাজ’ খ্যাত উট এখন তীব্র তাপমাত্রার কাছে হার মানছে। উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকায় চরম তাপপ্রবাহের কারণে উটের মৃত্যুর হার বেড়ে গেছে। যদিও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উটগুলি অনায়াসে সহ্য করতে পারে, বর্তমানে সাহারার অনেক অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার ফলে এই প্রাণীগুলি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে।

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আফার অঞ্চলে বিশ্বের অন্যতম উষ্ণ স্থান হিসেবে পরিচিত। এখানকার সেমেরা অঞ্চলের উট পালনকারী আলী উমর (৪০) বিবিসিকে জানিয়েছেন, তিনি তাঁর উটগুলোকে চরম যন্ত্রণায় ভুগতে দেখতে পাচ্ছেন। প্রায় ৫০০ উটের মালিক উমর বলেন, তীব্র গরমে উটগুলোর পায়ে ফোসকা পড়ছে, এবং চোখ দিয়ে পানি পড়ছে। বালির প্রচণ্ড উত্তাপে বসার সময় তাদের চামড়া পুড়ে যাচ্ছে এবং লোম ঝরে যাচ্ছে। গত এক মাসের মধ্যে গরমের কারণে তাঁর আটটি উটের বাছুরের মৃত্যু হয়েছে।

শুধু ইথিওপিয়ায় নয়, অন্যান্য দেশ যেমন সোমালিয়া ও কেনিয়াতেও একই চিত্র দেখা যাচ্ছে। কেনিয়ার মারসাবিট কাউন্টির পশুচিকিৎসক হাসান নুয়া গুইয়ো জানিয়েছেন, গত দুই বছরে ওই অঞ্চলে গরমের কারণে উটের মৃত্যু ১৫ শতাংশ বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রার ফলে উটগুলো হাইপারথার্মিয়াসহ বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হচ্ছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিজ্ঞানী ড. মোহাম্মদ বেঙ্গুমি জানান, সাহারার অনেক স্থানে বর্তমানে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। তাপমাত্রার এই বেড়ে যাওয়ার ফলে উটের শারীরিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

আলজেরিয়ার ঘারদাইয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদেলমাজিদ চেহমা বলেন, গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে ৪১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা তাদের কোষগুলোকে সরাসরি আক্রমণ করে। এই চাপের ফলে উটের শ্বেত রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয় এবং কোষগুলো নিজেকে মেরামত করতে না পারায় শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এর ফলে বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং অবসাদ ভর করে।

তীব্র দাবদাহের কারণে ইথিওপিয়ার খামারিরা বাধ্য হয়ে দক্ষিণের দিকে সরে যাচ্ছেন। উট পালনকারী আলী উমর এখন বড় উটগুলোকেও হারানোর আতঙ্কে আছেন। অধ্যাপক চেহমা বলেছেন, উট মরুভূমির মানুষের টিকে থাকার শেষ অবলম্বন। কিন্তু বর্তমান তীব্র তাপপ্রবাহ তাদের শরীরের স্বাভাবিক কার্যক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে, ফলে এই প্রাণীটি জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ শিকার হয়ে উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


বাবুগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ওষুধের দোকানকে মোট ৪ হাজার টাকা আর্থিক দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এ অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-এর আওতায় দুটি মামলা দায়ের করা হয়। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা, এই দুই অপরাধের জন্যই এই দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, জনস্বার্থে ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে, কোনো ফার্মেসি যদি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করে অথবা লাইসেন্স সংক্রান্ত বিধি লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক

ভারতের বেঙ্গালুরুতে স্থানীয় এক চিকিৎসক দ্বারা মারধরের শিকার হয়েছেন বাংলাদেশি এক দম্পতি। এই ঘটনায় স্থানীয় সাই ক্লিনিকের চিকিৎসক ড. নাগেন্দ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তিনি আদালতে হাজির হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে গেছেন।

শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানায়, হামলার শিকার হচ্ছেন বাংলাদেশি দম্পতি নাসরিনা বিলাল এবং তার স্বামী মোহাম্মদ বিলাল। তারা বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের কাছাকাছি বেত্তাদাসাপুরা এলাকায় বসবাস করছেন। তাদের ওপর এই হামলা তখন ঘটে, যখন চিকিৎসক নাগেন্দ্র সকালে রাস্তায় হঠাৎ তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করেন এবং কথাকাটাকাটির এক পর্যায়ে হামলা করেন। নাসরিনা বিলাল অভিযোগ দায়ের করার পর পুলিশ মামলা রুজু করে এবং ডা. নাগেন্দ্রকে গ্রেপ্তার করে।

নিজের অভিযোগে নাসরিনা জানান, চিকিৎসক তাকে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করার পূর্বে তাদের বাংলাদেশি জাতীয়তা নিয়ে গালিগালাজ করেন। এরপর ডা. নাগেন্দ্র বিলালের মাথায় এবং পিঠে বারবার আঘাত করেন। তিনি বিলালকে মাটিতে ফেলে বেশ কয়েকটি লাথিও মারেন। কিছুই বললে মেরে ফেলার হুমকিও দেন ডা. নাগেন্দ্র।

জিজ্ঞাসাবাদের সময় চিকিৎসক নাগেন্দ্র বলেন যে, ওই এলাকায় অবৈধ বিদেশি নাগরিকদের বসবাসের কারণে তিনি সন্দেহবশত দম্পতিকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ মনে করেছিলেন।

পুলিশ এ বিষয়ে সাফ জানিয়ে দিয়েছে যে, নাগরিকত্ব বা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সন্দেহ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত। কাউকে নিজের হাতে আইন তুলে নেওয়া কিংবা শারীরিক আক্রমণে যাওয়া উচিত নয়। বর্তমানে ওই বাংলাদেশি দম্পতির ভারতে প্রবেশের কাগজপত্র এবং অভিবাসন সংক্রান্ত আইনি অবস্থার যাচাই করার জন্য তদন্ত চলছে। একই সঙ্গে মারধরের ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত কার্যক্রমও চালানো হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%