প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল নরওয়ের ‘ভাইকিং রো’ যা দীর্ঘ আয়তনের নৌকা চালানোর মতো এক উদযাপন। নরওয়ের দলটির সমর্থকরা তৎসময়ে সর্বত্র সেই দৃশ্যের পুনরাবৃত্তি করেছিলেন, ম্যাচ শেষের পর কখনও মার্টিন ওডেগার্ড আবার কখনোবা আর্লিং হালান্ডের নেতৃত্বে সদলবলে ‘ভাইকিং রো’ করতে দেখা গেছে। এবার এই দৃশ্যটি ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বিয়েতে পুনরায় দেখা গেল।
দীর্ঘদিনের সঙ্গী অ্যালেসিয়া এলেফান্তেকে নিয়ে নিজ দেশে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেছেন দোন্নারুমা। সেখানে প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনকে সঙ্গে নিয়ে হাজির হয়ে হালান্ড পুরো লাইমলাইট কেড়ে নেন। মাত্র কয়েকদিন আগে ২৬তম জন্মদিন পালন করা এই ম্যানসিটি তারকা স্বভাবসুলভ উচ্ছ্বাস নিয়ে ড্রামে তাল তোলেন।
হালান্ডের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত অতিথিদের বড় একটি দল বসে বসেই সেই তালে একসঙ্গে ‘রো’ উদযাপনে অংশ নেয়। এক সময় হালান্ড নিজেই হাসতে হাসতে এক বিভ্রান্ত অতিথিকে আলাদা করে বুঝিয়ে দেন কীভাবে এই উদযাপন করতে হয়। তার এই আচরণ উপস্থিত সকল মানুষের জন্য অতিরিক্ত আনন্দের উৎস হয়ে ওঠে।
দোন্নারুমার বিয়েতে অতিথি তালিকায় ছিলেন ইতালি ও ইউরোপীয় ফুটবলের পরিচিত কতক মুখ। ইতালির মনোরম লোকোরোতন্দো শহরে অনুষ্ঠিত এই বিয়েতে তার জাতীয় দলের কয়েকজন সতীর্থ এবং ফুটবল ইতিহাসের কিংবদন্তিরাও অংশ নেন। এসি মিলানের সাবেক অধিনায়ক ও বর্তমান ইতালি ফুটবল ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর পাওলো মালদিনি ছিলেন অতিথিদের একজন। এছাড়া দেশটির বর্তমান তারকা সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাও দোন্নারুমার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন।
প্রসঙ্গত, ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ এক মৌসুম কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপটিও স্মরণীয় করে রেখেছেন হালান্ড। তার নৈপুণ্যে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ব্রাজিলের বিরুদ্ধে তিনি জোড়াগোলসহ সদ্য সমাপ্ত মেগা ইভেন্টে ৭ গোল করেছেন। এরপর তিনি বান্ধবীর সঙ্গে উপভোগ্য সময় কাটাচ্ছেন। ম্যানসিটির ক্যাম্পে এখনও যোগ দেওয়া হয়নি, বর্তমানে এনজো মারেস্কার অধীনে ক্লাবটি প্রাক-মৌসুমের প্রস্তুতি নিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন