০৮:৪৮ এম
‘কালো ধোঁয়া নয়, হাঁটাতেই দূরত্ব জয়’, এই স্লোগানটি ধারণ করে দেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফ থেকে সর্বউত্তরের তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ২০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন তিন তরুণ। পরিবেশ রক্ষা এবং অল্প দূরত্বে যান্ত্রিক যানবাহনের ওপর নির্ভরশীলতা কমিয়ে হাঁটার অভ্যাস গড়ার জন্য ছড়িয়ে দিতে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।
শুক্রবার (১০ জুলাই) সকালে বৃষ্টিস্নাত আবহাওয়ার মাঝেই টেকনাফের জিরো পয়েন্ট থেকে এই পদযাত্রাটি শুরু করেন পরিবেশপ্রেমী তরুণ ফাহিম মুনতাসির। তার সঙ্গে আছেন প্রণব দেবনাথ ও ফাইয়াজ ফারসিদ মুবিন। ব্যক্তিগত অর্থায়নে ২০ দিনের এই যাত্রায় প্রতিদিন গড়ে প্রায় ৬০ কিলোমিটার হাঁটার পরিকল্পনা রয়েছে তাদের। তারা এই দীর্ঘ পথটি কোনো মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে, তিন জোড়া পায়েই পাড়ি দেবেন।
ফাহিমের কাছে এই পদযাত্রাটি নিছক রেকর্ড গড়ার অভিযান নয়। বরং এটি সাধারণ মানুষের কাছে একটি ছোট কিন্তু অত্যন্ত জরুরি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। তিনি বিশ্বাস করেন যে, অল্প দূরত্বে হাঁটার অভ্যাস গড়ে উঠলে মানুষ একদিকে সুস্থ থাকবে এবং অন্যদিকে জ্বালানিনির্ভর যানবাহনের ব্যবহার কমবে। ফলে কার্বন নিঃসরণ কমে প্রকৃতিও কিছুটা স্বস্তি পাবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ফাহিম এ প্রসঙ্গে বলেন, 'আমরা খুব সহজেই হাঁটার অভ্যাস হারিয়ে ফেলছি। অল্প দূরত্বেও যানবাহনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অথচ নিয়মিত হাঁটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ অনেক অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। শরীরের পাশাপাশি মনও ভালো রাখে।'
ফাহিম ব্রাহ্মণবাড়িয়ার মো. মফিজ মিয়া ও মাহমুদা আক্তার চৌধুরীর বড় ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন এবং বর্তমানে শিক্ষকতা করছেন। পাশাপাশি লেখালেখি এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। ফাহিম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের যুব প্রধান এবং 'সোনালী সকাল'-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
তবে এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শুধু হাঁটা নয়, পথের মানুষও। দেশের বিভিন্ন এলাকায় থেমে স্থানীয় মানুষের সঙ্গে পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে আলোচনা করবেন এই তিন তরুণ। যাত্রাপথে কিছু স্থানে বীজ বপন করবেন, আবার কিছু স্থানে বৃক্ষরোপণ করবেন। ছোট ছোট এসব উদ্যোগের মধ্য দিয়েই পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চান তারা।
ফাহিম বলেন, 'আমি চাই মানুষ আমাকে নয়, বরং আমার বার্তাকে মনে রাখুক। পরিবেশ রক্ষা কোনো একদিনের কাজ নয়। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তন আনতে পারে। হাঁটা সেই পরিবর্তনের একটি সহজ শুরু।'
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
টেকনাফের সমুদ্রপাড় থেকে শুরু হওয়া এই দীর্ঘ পথচলা শেষ হবে তেঁতুলিয়ায় গিয়ে। কিন্তু ফাহিম এবং তার সঙ্গীদের আশা, তাদের এই পদচিহ্ন হয়তো আরও অনেক মানুষের মনে একটি নতুন অভ্যাসের বীজ বপন করবে; যেখানে অল্প দূরত্ব মানেই গাড়ি নয়, হাঁটা; আর কালো ধোঁয়ার বদলে নির্মল বাতাসের স্বপ্ন থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন