প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে বন্দী বিনিময় চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এমন তথ্য দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। এই বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়িত হলে, মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক প্রবাসী বাংলাদেশি বন্দীরা মানবিক বিবেচনায় সেখান থেকে ফিরে এসে তাদের সাজা দেশের মধ্যে ভোগ করার সুযোগ পাবেন।
শুক্রবার (১০ জুলাই) রাতে হাইকমিশনের পারসোনাল অফিসার মো. হাবিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
হাইকমিশন জানায়, উভয় দেশের আস্থাবান কর্তৃপক্ষ চুক্তিটি কার্যকর করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে, চুক্তিটি শিগগিরই সই ও কার্যকর হবে। এর ফলে দুই দেশের আইনি এবং মানবিক সহযোগিতার ক্ষেত্রে নতুন একটি দিগন্তের সূচনা হবে, যা বন্দিদের মানসিক উন্নয়ন ও সামাজিক পুনর্বাসনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা যাতে কল্যাণ, অধিকার ও মানবিক সহায়তা পান, সেই লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির মাফুশি কারাগারে পরিদর্শন করেন। এ সময়, কারাগারে আটক ৪৪ প্রবাসী বাংলাদেশি বন্দির সাথে সাক্ষাৎ করা হয়, যার মধ্যে ৩৪ জন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন অবস্থায় রয়েছেন।
কারাগার পরিদর্শনের সময়, হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্যরা প্রত্যেক বন্দির সাথে পৃথকভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা, খাদ্য, পোশাক, আবাসন এবং সামগ্রিক কারা-পরিবেশের খোঁজ-খবর নেন।
পরে, মালদ্বীপের কারা কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে বন্দিদের নানা সমস্যা এবং অভিযোগ নিয়ে আলোচনা করা হয় এবং তাদের প্রাপ্য সুবিধাগুলো শিগগিরই নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
পরিদর্শন শেষে, হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশির মানবিক মর্যাদা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্বের অংশ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।’
তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়িত হলে, প্রবাসী বাংলাদেশি বন্দিরা নিজ দেশে থেকেই সাজা ভোগ করতে পারবেন, যা প্রবাসে আটক নাগরিকদের প্রতি রাষ্ট্রীয় দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন