ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে


সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে।

এ বৈঠক শুরু হয়েছে রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে।

বৈঠক শুরুর বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান।

আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের কারণে ২০ পোশাক কারখানা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের কারণে ২০ পোশাক কারখানা বন্ধ

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের টানা আন্দোলন এবং মহাসড়ক অবরোধের ফলে সৃষ্ট তীব্র জনদুর্ভোগ ও নিরাপত্তাহীনতার কারণে কর্তৃপক্ষ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্তত ২০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়ার ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

কালিয়াকৈরে বন্ধ হওয়া শিল্প প্রতিষ্ঠানের মধ্যে স্টার লিংক, এপেক্স হোল্ডিং, এপেক্স লেঞ্জারী, লিবার্টি, ট্রপিক্যাল, আহসান, ইকোটেক্স, ডিভাইন, ইন্টারস্টফ, ফারইস্ট, আগামী ফ্যাশন, লীজ ফ্যাশন, লিডা, পুবানী, হাইড্রোক্সাইড লিঃ, বুলোওশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত কয়েক দিন ধরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনের এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে মহাসড়ক বন্ধ থাকায় কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী, রোগী ও পণ্যবাহী পরিবহনগুলো চরম ভোগান্তিতে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করলেও আন্দোলন অব্যাহত থাকে। এই পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা (কাজ নেই, মজুরি নেই) মোতাবেক কালিয়াকৈর অঞ্চলের প্রায় ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ (লে-অফ) ঘোষণা করে মালিকপক্ষ।

কারখানা কর্তৃপক্ষের দাবি, বহিরাগতদের উসকানিতে একটি পক্ষ কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। উৎপাদন ব্যাহত হওয়া এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় বাধ্য হয়েই তারা কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

কারখানা বন্ধের নোটিশ দেখে সকালে কাজে যোগ দিতে আসা অনেক সাধারণ শ্রমিক হতাশ হয়ে ফিরে যান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, পোশাক শ্রমিকদের আন্দোলনের ঘটনায় কালিয়াকৈরে প্রায় ১৫ থেকে ২০টি কারখানা বন্ধ রয়েছে। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত কারখানাগুলো পুনরায় চালু করার চেষ্টা চলছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিডরের ১৯ বছর: শরণখোলার মানুষের নিরাপত্তা এখনও অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


সিডরের ১৯ বছর: শরণখোলার মানুষের নিরাপত্তা এখনও অনিশ্চিত

একটি পরিবার, একটি বাড়ি, অথচ ১৩টি লাশ গুনতে হয়েছে! চারপাশে শুধু পানি। কে বেঁচে আছেন, কে হারিয়ে গেছেন, তা জানার কোনো উপায় ছিল না। এখানে ২০০৭ সালের ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডরের সেই ভয়াবহ রাতের কথা বলা হচ্ছে।

সেই রাতে মুহূর্তেই তছনছ হয়ে গিয়েছিল বাগেরহাটের শরণখোলার দক্ষিণখালী ইউনিয়নের গাবতলা গ্রামের নাসিমা বেগমের সাজানো সংসার। তার পরিবারে এক রাতেই ১৩ জন প্রাণ হারিয়েছিলেন। এমন পরিবার রয়েছে কয়েকশত। ১৯ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই কান্না আজও থামেনি। সময়ের সঙ্গে বদলেছে জনপদ, কিন্তু মানুষের আতঙ্ক বদলায়নি। এক সময় সিডর কেড়েছিল তাদের সবকিছু, আর এখন বলেশ্বরের ভাঙন কেড়ে নেয়ার অপেক্ষায় শেষ আশ্রয়টুকুও।

প্রশ্ন উঠছে, ১৯ বছর পরেও কি সিডর বিধ্বস্ত এই জনপদ নিরাপদ হতে পেরেছে? সেই রাতের ভয়াবহতা মনে পড়লে আজও বাকরুদ্ধ হয়ে পড়েন নাসিমা বেগম।

তিনি জানান, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাত ৮টার দিকে হঠাৎ জলোচ্ছ্বাসের মতো পানি ছুটে আসে লোকালয়ে। প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বের হওয়ার সময় চোখের সামনেই ভেঙে পড়ে একটি গাছ। পরে আশ্রয় নেন বেড়িবাঁধে। কিন্তু ততক্ষণে পানির স্রোতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। কে কোথায় হারিয়ে গেছেন, কার ভাগ্যে কী ঘটেছে, কিছুই জানা ছিল না। পানি নেমে যাওয়ার পর খোঁজ মেলে স্বজনদের। দেখা যায়, শুধু তাদের বাড়িতেই প্রাণ হারিয়েছেন ১৩ জন।

একটি ঘূর্ণিঝড়, পৌনে একঘণ্টার তাণ্ডব, আর তাতেই বদলে যায় হাজারো মানুষের জীবনের গল্প। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল দেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ উপকূল। শরণখোলা উপজেলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯০৮ জন। ভেঙে পড়েছিল ঘরবাড়ি, তলিয়ে গিয়েছিল ফসলের মাঠ, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অসংখ্য পরিবারের স্বাভাবিক জীবন। সেই ভয়াবহ রাতের ১৯ বছর পরও শরণখোলার মানুষের কাছে সিডর কেবল ইতিহাস নয়, বরং এক জীবন্ত ক্ষত।

দক্ষিণ সাউথখালী গ্রামের সন্তান ও স্বজনহারা নাসিমা বেগম বলেন, ‘সেদিনের কথা মনে পড়লে কষ্ট হয়, বুকে অনেক কষ্ট। আমার বাচ্চা কাচ্চা মারা গেছে তিনজন। আম্মা-আব্বা মারা গেছে, আমার ভাইয়ের দুইটা ছেলে, একটা মেয়ে মারা গেছে। তারপর ঘর নাই বাড়ি নাই, আবার যদি বন্যা আসে, ভয়ে থাকি। তারপর এই যে বেড়িবাঁধ দিয়েছে, এতে তো মানে না, এতে তো ঝড় আইলেই উইড্ডা বইয়া থাহা লাগে। ডরে মোগো রাইতে ঘুম হয় না।’

স্বজনহারা আরেকজন জাকির হোসেন বলেন, ‘সিডরের ১৯ বছর আমাদের শরণখোলা উপজেলায় ৯০৪ জন মানুষ মারা গেছে। এটা আমাদের জন্য একটা ট্রাজেডি। আমরা প্রত্যেক বছর নভেম্বর মাস আসলেই আমাদের এই শরণখোলা তথা সাউথখালি ইউনিয়নের মানুষের হৃদয় কেঁপে ওঠে, শুধু একটা কারণেই এই ১৫ই নভেম্বর অনেকের একই পরিবারের ১৫ জন স্বজনও মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘সিডরের পরে সরকারের কাছে আমাদের একটাই দাবি, টেকসই বেড়িবাঁধ। কিন্তু আমরা চাওয়ার পরে একটা বেড়িবাঁধ পেয়েছি বিশ্বব্যাংকের অর্থায়নে, আড়াইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। কিন্তু এই বেড়িবাঁধ অসৎ উপায় অবলম্বন করে মাটির জায়গায় বালি দিয়ে নির্মাণ করা হয়েছে; যার ফলে বিভিন্ন জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে।’

স্থানীয় বাসিন্দা এমিলি বেগম বলেন, ‘সিডরের সময় চোখের সামনে সব শেষ হয়ে গেছে। এখনো যখন নদীতে পানি বাড়ে, তখন সেই রাতের কথা মনে পড়ে। মনে হয়, আবার বুঝি সবকিছু হারাতে হবে। আমাদের এখানে বাঁধ ভাঙে, আবার মেরামত করে। কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। নদী যেভাবে ভাঙছে, তাতে বাড়িঘর নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।’

বাগেরহাটে শরণখোলা উপজেলার বগী, গাবতলা, সাউথখালী, মোরেলগঞ্জের আমতলা, ফাসিয়াতলাসহ একাধিক স্থানে ফাটল, বাঁধের ব্লক ধসে বিলীন হচ্ছে বলেশ্বর নদীতে। সম্প্রতি জরুরি ভিত্তিতে দুটি স্থানে জিও ব্যাগ ও ব্লকের কাজ চলছে।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘সিডরের ক্ষত বুকে নিয়েই নতুন করে ঘর বেঁধেছেন অনেকে। কেউ হারিয়েছেন বাবা-মা, কেউ সন্তান, কেউবা পুরো পরিবার। কিন্তু ১৯ বছর পরও তাদের জীবনে নিরাপত্তার নিশ্চয়তা আসেনি।’

তিনি বলেন, ‘একদিকে নদীভাঙন, অন্যদিকে দুর্বল বেড়িবাঁধ। মাঝখানে জীবন বাঁচানোর লড়াই। উপকূলের মানুষের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া, কোনো দুর্যোগ আসার আগেই নিশ্চিত হোক তাদের নিরাপত্তা। তারা আর কোনো ত্রাণের অপেক্ষায় থাকতে চান না, চান না স্বজন হারানোর পর সহানুভূতি।’

মো. শহিদুল ইসলাম আরও বলেন, সিডরের পর টেকসই বাঁধ নির্মাণে অনিয়মের কারণে বলেশ্বরের অব্যাহত ভাঙনে প্রতিদিন বদলে যাচ্ছে নদীর গতিপথ, কমছে বসতির নিরাপদ দূরত্ব। ঝুঁকির মুখে পড়ছে বেড়িবাঁধ। ২০১৬ সালে শুরু হওয়া টেকসই বেড়িবাঁধ নির্মাণ অসম্পূর্ণ রেখে সিআইপি প্রকল্প ২০২৩ সালে হস্তান্তর করে পানি উন্নয়ন বোর্ডকে। এরপর থেকে নদী ভাঙন শুরু হয়। মানুষের দুর্ভোগ লাগবে নদী শাসন করে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখার বলেন, ‘নদী বেষ্টিত শরণখোলা উপজেলা। বিভিন্ন সময়ে প্রাকৃতিক ঘূর্ণিঝড় হলে উপকূলের মানুষ আতঙ্কে থাকেন। এই এলাকার মানুষের দাবি টেকসই বেড়িবাঁধ। প্রতিবছরই ঘূর্ণিঝড় হলে বিভিন্ন স্থানের বাঁধ ভেঙে যায় এগুলো পুনরায় নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবগত করছি। এছাড়া সরকারের তত্ত্বাবধানে সব শ্রেণি পেশার মানুষকে নিয়ে এই ধরনের দুর্যোগ মোকাবলায় সচেতনতা বাড়াতে কাজ চলমান রয়েছে।’

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ‘উপকূলের মানুষের এই আতঙ্কের পেছনে রয়েছে বাস্তব ঝুঁকিও। বিশ্বব্যাংকের অর্থায়নে সিআইপি প্রকল্পের আওতায় নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন পয়েন্টে এক সময় ২০০ থেকে ৪০০ মিটার পর্যন্ত সেটব্যাক রাখা হয়েছিল। কিন্তু অব্যাহত নদীভাঙনে সেই দূরত্ব কমে বাঁধ চলে এসেছে নদীর একেবারে কাছাকাছি। কোথাও কোথাও বাঁধটি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

আগে জাইকা প্রকল্পের আওতায় ৫০০ মিটার নদীর তীর সংরক্ষণ কাজ করা হলেও তা পর্যাপ্ত হয়নি। নতুন করে সন্নাসী থেকে বগী পর্যন্ত ২৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ১১ কিলোমিটার নদীর তীর সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় নদীর তীর সংরক্ষণ কাজের পরিমাণ নির্ধারণে বর্তমানে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা চলছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর ডিপিপি প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলা বাগেরহাটে ৯০৮ জনের প্রাণহানি ঘটে। ঘূর্ণিঝড় দেড় লক্ষাধিক জেলার বাড়িঘর, গাছপালা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘারপাড়ায় ৫ কিলোমিটার সড়কে ৭টি গতিরোধক নির্মাণের ফলে যান চলাচলে সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


বাঘারপাড়ায় ৫ কিলোমিটার সড়কে ৭টি গতিরোধক নির্মাণের ফলে যান চলাচলে সমস্যা

শুধুমাত্র পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কে সাতটি উঁচু ও খাড়া গতিরোধক (বিট) রয়েছে। সেখানে সতর্কীকরণ সাইনবোর্ডের অভাব রয়েছে, পাশাপাশি জেব্রা ক্রসিংও নেই। এর ফলে যানবাহনের স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহনের চালকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের চাপে সড়ক নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে এসব গতিরোধক তৈরি করা হয়েছে। অথচ অধিকাংশ স্থানে এসব গতিরোধক নির্মাণের কোনো যৌক্তিকতা নেই।

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের বোলদেঘাটা থেকে দোরস্তা পর্যন্ত শেরশাহ সড়কের প্রায় ৫ দশমিক ১৯ কিলোমিটার অংশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনবসতি ও যানবাহন চলাচলের তুলনায় অপ্রয়োজনীয় এসব গতিরোধক এখন সড়ক ব্যবহারকারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১০ নভেম্বর ছাতিয়ানতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িকে একাধিক গতিরোধক পার হতে হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব ঘটে। এতে আগুনে বাজারের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, জনস্বার্থ বিবেচনা না করে নির্মাণ করা এসব নিয়মবহির্ভূত গতিরোধক দ্রুত অপসারণ করা প্রয়োজন। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা গেছে, বাঘারপাড়া-চাড়াভিটা সড়কের বোলদেঘাটা থেকে দোরস্তা পর্যন্ত মাত্র ৫ দশমিক ১৯ কিলোমিটার পথ জুড়ে সাতটি উঁচু ও খাড়া গতিরোধক রয়েছে। এর মধ্যে হাবুল্লা বাজার, পুকুরিয়া আমতলা বাজার ও আল্লাইপুর বটতলা মোড়ের মতো অধিকাংশ সময় জনশূন্য এলাকায় একাধিক গতিরোধক নির্মাণ করা হয়েছে।

বাঘারপাড়া থেকে যশোরের দিকে যেতে শেরশাহ সড়কের হাবুল্লা বাজারের দুই পাশে দুটি গতিরোধক রয়েছে। সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ থাকলেও প্রতিষ্ঠানগুলো সড়ক থেকে বেশ দূরে অবস্থিত। সকাল ও সন্ধ্যার কিছু সময় ছাড়া দিনের অধিকাংশ সময় বাজারটি প্রায় জনশূন্য থাকে। এরপরও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ২০২২ সালে সেখানে দুটি গতিরোধক নির্মাণ করা হয়। তবে যানবাহন চালকদের সতর্ক করতে কোনো সাইনবোর্ড বা জেব্রা ক্রসিং দেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, এসব গতিরোধকের কারণে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু ও নারী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

হাবুল্লা বাজার থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে পুকুরিয়া আমতলা বাজার অবস্থিত। সড়ক থেকে প্রায় ৫০ মিটার দূরে দুটি চায়ের দোকান, একটি সারের দোকান ও একটি মুদি দোকান রয়েছে। এসব দোকানকে কেন্দ্র করে সড়কের ওপর নির্মাণ করা হয়েছে দুটি খাড়া গতিরোধক। এগুলো পার হওয়ার সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ ছোট যানবাহনের চেসিসে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। ফলে গাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি পার হতে অতিরিক্ত সময় ব্যয় হয়। স্থানীয়দের ভাষ্য, সারাদিনেও এ সড়কে মানুষের চলাচল খুবই কম।

এর মাত্র ৮০০ মিটার পশ্চিমে আল্লাইপুর বটতলা মোড় বাজার। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও চারটি চায়ের দোকান থাকলেও সারাদিনে সাধারণত দুটি দোকান খোলা থাকে। স্থানীয়দের দাবি, বাজারটিতে সাকুল্যে ১০ জন মানুষেরও সমাগম হয় না। অথচ বাজারের দুই পাশে রয়েছে দুটি উঁচু ও খাড়া গতিরোধক।

গতিরোধকের পাশের চায়ের দোকানদার সাত্তার তরফদার বলেন, "অপরিচিত মোটরসাইকেল চালকেরা প্রায়ই এসব গতিরোধকে দুর্ঘটনার শিকার হন।" এমনও ঘটেছে, মোটরসাইকেল থেকে নারী ও তাঁর কোলে থাকা শিশু ছিটকে দূরে পড়ে গেছে।

শেরশাহ সড়কটি যশোর-নড়াইল সড়কের দোরস্তা নামক স্থানে গিয়ে মিলেছে। স্থানীয়দের কাছে এলাকাটি ভায়না নামে পরিচিত। সেখানে একটি মসজিদ ছাড়া উল্লেখযোগ্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা জনসমাগমের স্থান নেই। এরপরও সেখানে একটি খাড়া গতিরোধক নির্মাণ করা হয়েছে। এতে সড়ক ব্যবহারকারীদের অযথা ভোগান্তি পোহাতে হচ্ছে।

জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরাও এসব গতিরোধক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার মাজেদুল হক বলেন, "ছাতিয়ানতলা বাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে তাঁদের গাড়িকে বেশ কয়েকটি গতিরোধক পার হতে হয়েছে। এতে সময় বেশি লেগেছে। জরুরি মুহূর্তে এ ধরনের বাধা আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ঘটায় এবং ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা তৈরি করে।" তিনি অপ্রয়োজনীয় গতিরোধক অপসারণের দাবি জানান।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক জাহাঙ্গীর হোসেন বলেন, "এসব উঁচু গতিরোধকের কারণে মুমূর্ষু রোগী নিয়ে বাঘারপাড়া থেকে যশোর সদর হাসপাতালে যেতে অতিরিক্ত সময় লাগে। এতে রোগীর ঝুঁকি বাড়ে। প্রতিটি সেকেন্ড যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে জনশূন্য বাজারে এতগুলো উঁচু গতিরোধকের প্রয়োজনীয়তা নেই। আর নির্মাণ করতে হলেও তা অবশ্যই নিয়ম মেনে করতে হবে।"

এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী জুলহাস উদ্দিন বলেন, "গ্রামীণ সড়কে এভাবে গতিরোধক নির্মাণ বেআইনি। সড়ক পাকাকরণের সময় স্থানীয় প্রভাবশালীদের চাপে ঠিকাদারদের দিয়ে এসব গতিরোধক নির্মাণ করানো হয়েছে। এ কারণে এলজিইডি অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সতর্কীকরণ সাইনবোর্ডও দেওয়া হয়নি।"

তিনি আরও বলেন, "বোলদেঘাটা-দোরস্তা সড়কের গতিরোধকগুলো নির্মাণে কোনো নিয়ম অনুসরণ করা হয়নি। এগুলো অস্বাভাবিকভাবে খাড়া ও উঁচু করে তৈরি করা হয়েছে, যা যানবাহন চলাচলে ঝুঁকি বাড়াচ্ছে এবং জানমালের ক্ষতির কারণ হতে পারে। এসব গতিরোধক অপসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার ফলে রাডারটি ধ্বংস হয়েছে বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে, এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রোববার (১৫ নভেম্বর) আইআরজিসির একটি বিবৃতি উদ্ধৃত করে ইরান-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে। একই দিনে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে একাধিক সতর্কতা জারি করে নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার জন্য আহ্বান জানায়।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, তাদের বিমানবাহিনী রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠিয়েছে। তারা দাবি করেছে যে হামলায় লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং রাডারটি ধ্বংস হয়েছে। তবে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কিংবা বাহরাইনের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে, সম্ভাব্য হুমকির ধরন বা উৎস সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে, গত শুক্রবার আইআরজিসি বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার ধ্বংসের দাবি করেছিল। তবে সেন্টকম ওই দাবি প্রত্যাখ্যান করে জানায় যে, বাহরাইনের দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন মার্কিন বাহিনী দ্বারা ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও তারা জানায়।

নতুন বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে যে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এই জলপথে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর ও ভয়াবহভাবে দেওয়া হবে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%